
বিজয় দিবস টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরিয়ান তিনি। গতকাল প্রথম ম্যাচের পর ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দলে জায়গাটা তাই দাবি করতে পারেন এখনই। তবে এনামুল হক জানালেন, জাতীয় দলে থাকতে চান তিনি সব সংস্করণেই
l আর কয়েক ওভার থাকলে আজও সেঞ্চুরি করতে পারতেন হয়তো!
এনামুল হক: সেঞ্চুরি না পেয়ে খারাপ লেগেছে। কিন্তু একজন ওপেনারের জন্য নিজের খেলাটা না বদলানোই ভালো। হয়তো সিঙ্গেল নিয়ে খেললে সেঞ্চুরি করতে পারতাম, কিন্তু তাতে দলের ক্ষতি হতো। তখন দলের প্রয়োজন ছিল রান, আমি ছয় মারতে গিয়েই আউট হয়েছি। ওই শটটি সীমানায় ধরা না পড়লে হয়তো দলের রান আরও বেশি হতো। আর সেঞ্চুরি করতে নিজের চেষ্টার সঙ্গে কপালটাও লাগে।
l দারুণ ফর্মে আছেন, এই টুর্নামেন্ট তাহলে ভালোই উপভোগ করছেন?
এনামুল: আমি সব খেলাই উপভোগ করার চেষ্টা করি, সব সংস্করণই। কখনো পারফর্ম করতে পারি, কখনো পারি না। এই টুর্নামেন্টে আমার একটা এক শ আছে, আজও রান পেলাম। প্রতিদিনই টুকটাক রান করেছি। নতুন বলে উতরে গেছি, পাওয়ার প্লেতেও রান করেছি। সব মিলিয়ে ভালো লাগছে।
l গত বছর অনেকগুলো সেঞ্চুরি করেছিলেন, এ বছর সেই চেহারায় দেখা যায়নি কেন?
এনামুল: গত বছর আমি ৪৫-৫০টি ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরি করেছি। এ বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি ৪টি, আর ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি খেলেছি ৫টি...সব মিলিয়ে হয়তো ১৫টির মতো ম্যাচ খেলেছি, সেঞ্চুরি ২টি। সেই হিসেবে খারাপ বলব না। আমি সব সময় বিশ্বাস করি, ব্যাটসম্যানদের জন্য যত বেশি সম্ভব ম্যাচ খেলা উচিত। বোলাররা হয়তো বিশ্রাম নিয়ে নিয়ে খেলতে পারে, কিন্তু ব্যাটসম্যানরা যত ম্যাচ খেলবে, তত ছন্দে থাকবে।
l অভিষেকের পরই জাতীয় দলে জায়গা অনেকটা পাকা করে ফেলেছিলেন। কিন্তু এখন জায়গা হারিয়েছেন, দলে প্রতিযোগিতাও অনেক...
এনামুল: আসলে জায়গা পাকা-কাঁচা নিয়ে আমার ভাবনা নেই। শ্রীলঙ্কা সিরিজের দিকে যদি তাকান, শেষ ম্যাচে আমি ৪৫ করেছিলাম (৪০)। এরপর টেস্টে দুর্ভাগ্যজনকভাবে ভালো করতে পারলাম না। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেই বাদ। দলে এখন অনেক প্রতিযোগিতা। একটা সময় তামিম ভাই চোট পেলে খোঁজা হতো ওপেন করবে কে। এখন তো একনিঃশ্বাসেই ৮-৯ জনের নাম বলা যায়। টপ অর্ডারে অনেক প্রতিযাগিতা এখন। তবে ওসব নিয়ে ভাবছি না। নিজের কাছে মনে হচ্ছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি আমি ভালো খেলছি। টেস্টে ভালো করতে পারিনি, কিন্তু টেস্ট ক্রিকেটই সবচেয়ে ভালো লাগে। সামনে জাতীয় লিগ আছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এবার মন দেব, যাতে টেস্টে ভালো করতে পারি।
l নিজের কাছে কী মনে হয়, কেন টেস্টে ভালো করতে পারেননি?
এনামুল: ভাগ্যটা পক্ষে থাকতে হয়। আর আমার মনে হয়েছে ওই সময়টায় আমি ঠিক প্রস্তুত ছিলাম না। তার আগে অনেক দিন আমরা বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলিনি, আগের টেস্ট ছিল আগের বছর। ওয়ানডে থেকে এসে টেস্টে মানিয়ে নেওয়া কঠিন। তবে আমরা যারা নতুন প্রজন্মের, তাদের হাতে অনেক শট আছে। আমারে পক্ষে সব ধরনের ক্রিকেটেই মানিয়ে নেওয়া সম্ভব।
l এই টুর্নামেন্টের পর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির দলে জায়গা পেতে কতটা আশাবাদী?
এনামুল: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জায়গা নিয়ে ভাবছি না। আজ রান পেলাম, দিনটা ভালো যাবে। রাতে ভালো ঘুম হবে, বাসার সবার সঙ্গে হাসি-ঠাট্টা করতে পারব। শূন্য রানে আউট হলে মজা করতে পারতাম না। আমি এভাবেই প্রতিটি দিনকে ভাবছি।