'ট্রফি নিয়েই ফিরতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ভিনদেশির সফল রণপরিকল্পনায় কলকাতার আইএফএ শিল্ড জয়ের হাতছোঁয়া দূরত্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ ফাইনালে শেষ বাধা কলকাতা মোহামেডানকেও পেরিয়ে যেতে চান যোসেফ আপুসি। সনি নর্দেদের নাইজেরিয়ান কোচ কলকাতা থেকে কাল দুপুরে ফোনে ব্যক্ত করলেন সেই প্রতিজ্ঞাই

যোসেফ আপুসি
যোসেফ আপুসি

 কী করছিলেন?
যোসেফ আপুসি: ছেলেদের নিয়ে সকালে বসেছিলাম। কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। একটু পর যুব ভারতীতে অনুশীলনে যাব। বলতে পারেন, মাথার মধ্যে পুরোপুরি কালকের (আজ) ফাইনাল।
 সারা দেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে আপনাদের ট্রফি জয়ের দৃশ্য টিভিতে দেখতে। পারবেন তো?
আপুসি: আমি ভীষণ আশাবাদী। আইএফএ শিল্ড জিততে আমার খেলোয়াড়েরাও ব্যাকুল। সবাই উজ্জীবিত। যেভাবে আমার দল এই টুর্নামেন্টে মোহনবাগান, ইস্ট বেঙ্গলকে হারিয়েছে, তাতে কলকাতা মোহামেডানকে আমরা হারাতে পারব বলেই বিশ্বাস করি।
 কিন্তু এই কলকাতা মোহামেডানের কাছে হেরেই আপনারা টুর্নামেন্টটা শুরু করেছিলেন। এটিকে মনস্তাত্ত্বিক বাধা মনে করছেন না?
আপুসি: ওটা ছিল গ্রুপে আমাদের প্রথম ম্যাচ। এগিয়ে গিয়েও আমরা হেরে যাই ২-১ গোলে। আসলে ভ্রমণক্লান্তি, যুব ভারতীর টার্ফে খেলার অনভ্যস্ততার সঙ্গে আমরা ম্যাচে কিছু ভুলও করেছিলাম। সেই ভুল শুধরে ফাইনালে খেলব। এটা নতুন একটা ম্যাচ। কাজেই আমাদের ভালো সুযোগই আছে বলব।
 কলকাতার ফুটবলে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের চেয়ে কাগজে-কলমে মোহামেডান পিছিয়ে। আপনি ৪-৩-৩ আক্রমণাত্মক ছকটাই রাখবেন ফাইনালে? নাকি ভিন্ন কোনো কৌশল?
আপুসি: এটা আমি এখন বলতে পারব না। তবে সনি, ওয়েডসন, এমেকা—এই তিন ফরোয়ার্ডই সামনে থাকবে। আমি আক্রমণাত্মকই থাকতে চাই, যেটা আমাদের স্বাভাবিক খেলা। তবে কোনো কারণে সেটি কাজ না করলে প্ল্যান ‘বি’, ‘সি’ও রাখছি।
 কলকাতার ফুটবলপ্রেমীরা শেখ জামালের খেলা দেখে মুগ্ধ। সেখানকার সাবেকদের অনেক মন্তব্য আমরা কাগজে দেখেছি। যাওয়ার আগে ভেবেছিলেন এতটা ভালো খেলবেন?
আপুসি: অবশ্যই। এই দলটা অনেক দিন ধরে অনুশীলন করছে। দলের সব চাহিদা পূরণ করছেন ক্লাব প্রেসিডেন্ট মিস্টার মনজুর কাদের। আমরা ট্রফি জিতলে সবচেয়ে বড় কৃতিত্ব হবে এই মানুষটার। তিনি তো কলকাতায় এসে দলকে খুবই উৎসাহ জোগাচ্ছেন। এসব কারণে আমার বিশ্বাস ছিল, শেখ জামাল ভালো খেলবে।
 এই ভালো খেলার পেছনে আক্রমণে আপনার ত্রিফলার কৃতিত্বই সম্ভবত বেশি। আপনি কী বলেন?
আপুসি: ওরা প্রতিপক্ষকে গোলকধাঁধায় ফেলছে, এটা ঠিক। তবে সব খেলোয়াড়কেই আমি কৃতিত্ব দেব। এটা এক-দুজন খেলোয়াড়ের ব্যাপার নয়। শেখ জামাল একটা দল হিসেবে খেলছে।
 তার পরও নর্দেকে নিয়ে শুনলাম কলকাতার ক্লাবগুলো খুব আগ্রহী। কোচ হিসেবে আপনিও নজর কেড়েছেন। খুব ভালো সময় যাচ্ছে আপনার...
আপুসি: (হাসি) ফাইনালটা জিততে দিন। তারপর বলতে পারব, ভালো সময়ের দেখা পেয়েছি। আর সনিকে নিয়ে এখানকার ক্লাবগুলোর ব্যাপক আগ্রহ, ওর মতো আমিও যে প্রস্তাব পাইনি তা নয়। আমার তো ভিয়েতনামে একটা প্রস্তাব আগে থেকেই আছে। তবে কালকের (আজ) ফাইনাল সামনে রেখে ওসব আলোচনায় এখন যেতেই চাই না।
 কলকাতার ফুটবল আর বাংলাদেশের ফুটবলে কী পার্থক্য দেখলেন?
আপুসি: পার্থক্য আছে। আমাদের ফাইনালে ওঠাই সেটা প্রমাণ করে। আমার মনে হয়েছে, বাংলাদেশের ফুটবল কলকাতার চেয়ে এগিয়ে। একটু পরিকল্পনা করে খেলতে পারলে ওদের হারানো কঠিন নয়। তবে হ্যাঁ, আপনাকে পেশাদার হতে হবে। এটাই সাফল্যের পূর্বশর্ত।
 মাঠের বাইরে কলকাতায় সময়টা কেমন কাটল?
আপুসি: এখন সবই ঠিকঠাক। শুরুতে একটু সমস্যা হলেও পরে ভালো হোটেল পেয়েছি। তবে আমরা এখানে বেড়াতে বা হানিমুনে আসিনি, মাঠের বাইরে উপভোগের প্রশ্নই আসে না। ট্রফিটা নিয়ে ঢাকার বিমানে উঠতে চাই।