'ট্রফিটা হয়তো ভাগ্যে নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান সরকার
রোমান সরকার

নিজে টুর্নামেন্ট-সেরা হলেও কোনো আনন্দই ছিল না তাঁর। বরং দল ফাইনালে হেরে যাওয়ায় বিষাদেই ডুবে থাকলেন রোমান সরকার। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের অধিনায়ক এই হতাশার মধ্যেও দেখতে চাইলেন আগামীর সম্ভাবনা
 শেষ ৩ সেকেন্ড আগে গোল খেয়ে স্বপ্নভঙ্গ। অন্যদের চেয়ে কষ্টটা আপনাদেরই বেশি। ভাবতে পেরেছিলেন এমন কিছু হবে?
রোমান সরকার: হকিতে শেষ সেকেন্ড পর্যন্ত গোল খাওয়ার শঙ্কা থাকে। কিন্তু এটা জেনেও শেষ তিনটা সেকেন্ড ভারতকে আটকে রাখতে পারলাম না। ট্রফিটা হয়তো আমাদের ভাগ্যে নেই।
 কিন্তু আপনারা চেষ্টা করেছেন, যে কারণে সবার প্রশংসা পাচ্ছেন। এমনিতে শেষ সময়ে কি আরেকটু সতর্ক থাকা যেত না?
রোমান: এখানেই গন্ডগোলটা হয়ে গেছে। মাহবুব চোট পেল। তখন খেলার ২৫ সেকেন্ড বাকি। খেলা শুরুর পর আমাদের কিপারের পায়ের ফাঁক দিয়ে বল গেল পোস্টে। সবার সঙ্গে আমারও খুব আফসোস হচ্ছে—ইশ্ যদি ওই সময়টুকু পার করে দিতে পারতাম। তবে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। কিন্তু হলো না, কী আর করা।
 ভারতকে গ্রুপ ম্যাচে বাংলাদেশ দল হারিয়েছিল। সেই ভারতের সঙ্গে ফাইনালের ভারতের কী পার্থক্য দেখলেন?
রোমান: ওরা অনেক শক্তিশালী দল। প্রথম ম্যাচের আগে আমাদের সম্পর্কে নাকি ওদের তেমন ধারণা ছিল না। তবে ফাইনালে ওরা হিসাব-নিকাশ করে নেমেছে। এবং ফাইনালে ভালো খেলেছে। আমরাও ভালো খেলেছি।
 কিন্তু শেষটা আনন্দময় হলো না। রুদ্ধশ্বাসে ফাইনালে আপনাদের মানসিক প্রস্তুতিটা আসলে কেমন ছিল?
রোমান: টাইব্রেকারের দিকে তাকিয়ে আমরা শেষ মুহূর্তে রক্ষণাত্মক হয়েছি। টাইব্রেকারে আমরা জিততেও পারতাম ভাগ্য পাশে থাকলে। তবে এবার হয়নি। আশা করি, ভবিষ্যতে আরও ভালো কিছু হবে।
 এখন এগিয়ে যেতে আপনারা ফেডারেশনের কাছে কেমন সহযোগিতা চান?
রোমান: বয়সভিত্তিক দলগুলোর দিকে ফেডারেশনের আরও নজর দেওয়া উচিত। মাঠে সব সময় খেলা চাই। খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে তৈরি করতে অনেক ম্যাচ খেলা দরকার। আশা করি, সেই সুযোগও ফেডারেশন দেবে। একই সঙ্গে এই টুর্নামেন্টে আমাদের ভুলগুলো নিয়েও কাজ করতে হবে।
 এমনিতে এই টুর্নামেন্ট থেকে আপনারা কী শিখলেন, যেটি সামনে কাজে লাগবে?
রোমান: অনেক শিখেছি। কীভাবে আন্তর্জাতিক ম্যাচে খেলতে হয়, কীভাবে একটা দল হয়ে উঠতে হয়—এসব আমরা জানলাম। এই দলের ছেলেরা ভবিষ্যতে জাতীয় দলে খেলবে। দেশকে সার্ভিস দেবে। তবে আমার মনে হয়, আমাদের আক্রমণভাগের আরও ভালো করা উচিত।
 আপনার নিজের কথা বলুন, কীভাবে হকিতে এলেন?
রোমান: গ্রামের বাড়ি কুমিল্লা। ছোটবেলায় নারায়ণগঞ্জে এক মামা আমাকে হকি খেলা শেখান। তারপর বিকেএসপিতে ভর্তি হই। ওখান থেকে বেরিয়েছি বছর দুয়েক আগে। এখন তো জাতীয় দলেরই অংশ আমি।
 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে একটু আগে দেখলাম মাঠে আপনাদের সঙ্গে কথা বলতে। তা কী বললেন তিনি?
রোমান: উনি আমাদের উৎসাহ দিয়েছেন। সব সময় পাশে থাকবেন বলেছেন। আর বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেবেন। সেই সুযোগ পেলে আমরা সবাই গর্বিত হব।