ব্র্যাডম্যান-পন্টিংয়ের পর ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ডটা গড়েছেন আগের দিনই। ড্র হয়ে যাওয়া ব্রিসবেন টেস্টে মাইকেল ক্লার্ক কাল সকালে করেছেন আরও একটি রেকর্ড। অ্যালিস্টার কুকের অপরাজিত ২৩৫ রান টপকে গ্যাবায় ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তিনিই (২৫৯*)। ১৯৩১ সালে করা ব্র্যাডম্যানের ২২৬ রান টপকে কুক ২৩৫ করেছিলেন ২০১০ সালের অ্যাশেজে।ক্লার্কের সামনে সুযোগ ছিল ব্র্যাডম্যান-লারা-শেবাগ-গেইলের পর ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করারও। কিন্তু ব্যক্তিগত অর্জন তাঁকে টানেনি, অস্ট্রেলীয় অধিনায়ক নাটকীয়ভাবে ইনিংস ঘোষণা করে দেন মধ্যাহ্নবিরতির আগেই। ১৭ ওভার ব্যাটিং করে আগের দিনের (৪৮৭/৪) সঙ্গে আর ৭৮ রান যোগ করে ক্লার্ক যখন ৫ উইকেটে ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করেন, অস্ট্রেলিয়ার লিড ১১৫ রানের।আগের দিনই জানিয়েছিলেন, জয়ের চেষ্টা চালাবেন। সেই প্রতিশ্রুতি রাখতেই ক্লার্ক নাটকীয় ইনিংস ঘোষণা করায় ড্রয়ের দিকে এগিয়ে চলা টেস্টেও ফিরল প্রাণ। শেষ পর্যন্ত ড্রই দেখেছে ‘এক নম্বর হওয়ার লড়াইয়ের’ প্রথম টেস্ট। তবে তার আগে পরাজয়ের শঙ্কা একটু হলেও কাঁপিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকানদের!১১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। নিজের দ্বিতীয় ওভারেই আলভিরো পিটারসেনকে ফিরিয়ে দেন জেমস প্যাটিনসন। মধ্যাহ্নবিরতির পর গ্রায়েম স্মিথও প্যাটিনসনের শিকার হলে ব্রিসবেনের মরা টেস্টে ফেরে উত্তেজনা। হাশিম আমলা-ক্যালিসের জুটিটা মাত্র ৪৭ রান স্থায়ী হলে আরেকটু নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। চা-বিরতির আগে-পরে আউট হন আমলা (৩৮) ও ক্যালিস (৪৯)। কিন্তু ডি ভিলিয়ার্স-রুডলফ জুটি আর কোনো সুযোগ দেয়নি অস্ট্রেলিয়াকে। রানের কথা ভুলে তাঁরা পড়ে থাকেন উইকেটে আঁকড়ে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ১৬৬ পর্যন্ত যাওয়ার পর দুই অধিনায়কই ড্র মেনে নেন।গ্যাবায় অস্ট্রেলিয়ার রান-উৎসব পূর্ণ হয়েছে মাইক হাসির সেঞ্চুরিতে। ৮৬ রানে দিন শুরু করে কাল আধঘণ্টার মধ্যেই হাসি পেয়ে যান তাঁর ১৭তম সেঞ্চুরি। সেঞ্চুরির পরের বলেই তাঁকে ফিরিয়ে দেন মরকেল। ১২০ ওভারের মধ্যে প্রোটিয়া বোলারদের প্রথম সাফল্য! হাসি ফিরে গেলেও ম্যাথু ওয়েডকে নিয়ে ওয়ানডে স্টাইলেই ব্যাটিং চালিয়ে যান ক্লার্ক।‘বিশ্বসেরা’ বোলিং লাইনআপ নিয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকাই সিরিজের প্রথম টেস্টটা শুরু করেছিল কিছুটা এগিয়ে থেকে। কিন্তু শেষ দুই দিনের দাপটে ম্যাচ শেষে মানসিকভাবে এগিয়ে থাকল অস্ট্রেলিয়াই। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর থেকে। ওয়েবসাইট।