ফরাসিরা ইচ্ছে করলে পুরো দায়টা লেকিপ পত্রিকাকে দিতে পারে। ফ্রান্সের এই দৈনিকটি আনেলকার গালিগালাজের খবর না ছাপলে, তাকে বহিষ্কৃত হতে হয় না। আনেলকা বহিষ্কৃত না হলে দলে বিদ্রোহ হয় না; অধিনায়কত্ব হারিয়ে দল থেকে বাদ পড়েন না প্যাট্রিস এভরা। আর এত কিছু না হলে তো বিশ্বকাপ থেকে ফ্রান্স এমন করুণভাবে বিদায়ও নিত না!এসব কথা লোকে মানতে চাইবে না। অন্তত ফরাসি সংবাদমাধ্যম তো নয়ই। মাঠে ও মাঠের বাইরে ফ্রান্সের লেজে-গোবরে পারফরম্যান্সে চরম চটেছে ফরাসি সংবাদমাধ্যম। লেকিপই গতকাল হেডিং করেছে, ‘এক বিশ্বের সমাপ্তি।’না, ফ্রান্স হারায় পৃথিবী ভেঙে পড়েছে, এমন মনে করছে না লেকিপ। তারা খোঁচা দিয়েছে ডমেনেখকে। ডমেনেখ একদিন বলেছিলেন, ‘আমি অন্য এক বিশ্ব থেকে এসেছি।’ সেই ‘অন্য বিশ্ব’ যে শেষ হয়ে গেছে, সেটাই বলে দিল পত্রিকাটি।সম্পাদকীয়তে অবশ্য এমন হালকা চালে নয়, তীব্র আক্রমণ করা হয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে (এফএফএফ)। বলা হয়েছে, ‘বিদ্রোহী খেলোয়াড়দের সাজা দেওয়াটাই যথেষ্ট না, সরকারকে আরও গভীরে যেতে হবে। এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে এই পুতুলদের হাতে এফএফএফ আর না থাকে।’ফরাসি পত্রিকা লে প্যারিসিয়েন তাদের প্রথম পাতায় ডমেনেখের বড় একটা ছবি ছাপিয়ে বিশাল হেডিং করেছে, ‘ধন্যবাদ এবং বিদায়’। পত্রিকাটি একটি বিশেষ ফিচার করেছে সমর্থকদের নিয়ে। খাবারের টাকা, হাতখরচের টাকা বাঁচিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলা দেখতে যাওয়া ছাত্রদের কথা ছেপেছে তারা। এ রকমই এক ছাত্রের প্রশ্ন, ‘আমি এত মাস ধরে টাকা বাঁচিয়ে দলের এই আচরণ দেখতে এলাম?’তবে সবার সেরা কথাটা বলে দিয়েছে লিবারেশন পত্রিকা—‘অবশেষে ট্র্যাজেডি-কমেডির হাত থেকে মুক্তি!’ এএফপি।