‘ঠগ, প্রতারক ও মিথ্যুক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ অস্ফুট স্বরে বলছেন, কেউ আড়ালে-আবডালে। কিন্তু ড্যারেল হেয়ার তা করবেন কেন? সাবেক অস্ট্রেলীয় আম্পায়ার কোনো রাখঢাক না রেখেই পাকিস্তানি ক্রিকেটারদের বলেছেন ‘ঠগ, প্রতারক ও মিথ্যুক।’ শুধু তা-ই নয়, পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে একরকম গর্বিত কণ্ঠেই বলছেন, ‘কী, দেখলে তো, আমিই ঠিক ছিলাম!’পাকিস্তানি ক্রিকেটারদের কুকীর্তি ফাঁস হতে দেখে হেয়ারের এত উচ্ছ্বাসের কারণটা অনেকেরই বুঝতে পারার কথা। হেয়ার যে আম্পায়ারিংকে বিদায় জানাতে বাধ্য হলেন, এতে বড় ভূমিকা আছে তো পাকিস্তানেরই। ২০০৬ সালের সেই বহুল আলোচিত ওভাল টেস্টের দুই আম্পায়ারের একজন হেয়ার। নখ দিয়ে বলের সেলাই নষ্ট করার অভিযোগে টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে পাকিস্তানের বিপক্ষে ৫ রান জরিমানা করেছিলেন হেয়ার। ইংলিশ ব্যাটসম্যানদের সুযোগ দিয়েছিলেন বল পাল্টানোর। প্রতিবাদে চা-বিরতির পর মাঠে নামতে অস্বীকৃতি জানায় পাকিস্তান দল। ২৫ মিনিট পর মাঠে নামতে রাজি হয় পাকিস্তান, খেলতে রাজি ছিল ইংল্যান্ড। কিন্তু আগেই ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করায় ম্যাচ চালাতে অস্বীকৃতি জানান হেয়ার।ঘটনার রেশ চলতেই থাকে। আগের বিতর্কের ইতিহাস মাথায় রেখে হেয়ারকে কাঠগড়ায় দাঁড় করায় অনেকেই। ‘৫ লাখ ডলার দিলে সরে যাব’—আইসিসির কাছে দেওয়া তাঁর এই প্রস্তাব ফাঁস হওয়ার পর আরও কোণঠাসা হয়ে পড়েন হেয়ার। তাঁকে নিষিদ্ধ করায় আইসিসিকে কাঠগড়ায়ও দাঁড় করান। ২০০৮ সালে বাধ্য হন আম্পায়ারিংকে বিদায় জানাতে।অবসরের পর থেকে খুব একটা আলোচনায় ছিলেন না। কিন্তু পাকিস্তানিদের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে আবার সরব হেয়ার। ৫৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান অবজারভারকে জানিয়েছেন, ‘ভক্ত-সমর্থকেরা, মাঠের ও টিভির দর্শকেরা একদল প্রতারক ও মিথ্যুকের খেলা দেখছে। গাঁটের পয়সা খরচ করে দর্শক আর কত পাতানো ম্যাচ ও প্রতারক ক্রিকেটারদের দেখবে? এ ধরনের ম্যাচ হয়েই যাচ্ছে, আইসিসির লজ্জা পাওয়া উচিত।’আইসিসিকে আরও একহাত নেওয়ার উপাদানও পেয়েছেন। শোয়েব আখতারের বলে কারিকুরি করার ছবি ফাঁস হয়ে যাওয়ার পর এ নিয়ে আইসিসির কোনো উচ্চবাচ্য না করাটাও মানতে পারছেন না হেয়ার, ‘বল টেম্পারিংয়ের আকাট্য প্রমাণ পাওয়ার পরও ব্যবস্থা নেওয়া হলো না। অবশ্য খেলাটা নিয়ন্ত্রণে আইসিসির যে অক্ষমতা, তাতে ব্যবস্থা না নেওয়ায় অবাক হওয়ার কিছু নেই।’ পাকিস্তানিদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানি ক্রিকেটারদের খেলাটার প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা এখন যেটা করছে সেটা স্রেফ তামাশা ও প্রতারণা ছাড়া আর কিছুই নয়।’সবশেষে বলেছেন মনোযন্ত্রণা উপশমের কথাটি, ‘হয়তো অনেকেই বুঝতে পারবে আমিই ঠিক ছিলাম, বুঝতে পারবে ২০০৬ সালে কেন অমন করেছিলাম।’ ওয়েবসাইট।