‘ঠিক পথেই আছে পাকিস্তান ক্রিকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ আফ্রিদিকে অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে নতুন করে বিতর্কে জর্জরিত হয়েছে পাকিস্তানি ক্রিকেট অঙ্গন। সাবেক ক্রিকেটারদের অনেকেই পিসিবির এই পদক্ষেপকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন। তবে মিসবাহ-উল-হক সেগুলো নিয়ে একেবারেই ভাবছেন না। পাকিস্তানি ক্রিকেট ঠিক পথেই আছে এবং দিন দিন আরও উন্নতি করছে বলে মন্তব্য করেছেন দেশটির নতুন এই অধিনায়ক।গতকাল পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে মিসবাহ বলেছেন, ‘ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য টিম ম্যানেজমেন্টের একটা ভালো ভূমিকা আছে, এটা ঠিক। কিন্তু মাঠে ক্রিকেটারদের পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নীতিনির্ধারক পর্যায়ের লোকজন একটা ভালো ফলাফলের কৌশল ঠিক করে দেন। আর খেলোয়াড়েরা মাঠে সেগুলো ভালোভাবে বাস্তবায়নের চেষ্টা করেন। আসলে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ক্রীড়াসুলভ মনোভাব থাকাটাও খুব জরুরি।’পাকিস্তান টেস্ট দলকে নেতৃত্বের ভার আগেই দেওয়া হয়েছিল মিসবাহ-উল-হককে। গত মাসে উইন্ডিজ সফর শেষে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। তাঁর অধীনে কয়েক দিন আগেই আয়ারল্যান্ডে একটা সংক্ষিপ্ত সফর শেষ করেছে পাকিস্তান। সেখানে তরুণ পাকিস্তানি ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন মিসবাহ। তবে আফ্রিদিকে নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। পিটিআই।