রিকি পন্টিং তো কোন দূরে ছিটকে পড়েছেন, শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন কে? পরিসংখ্যান একটা আস্ত গাধা জানার পরও কিন্তু ক্রিকেটে এর কদর কম নয়। পরিসংখ্যানই জানাচ্ছে, টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে পারেন অ্যালিস্টার কুক! বয়সের হিসাবে দুজনের সেঞ্চুরির সংখ্যা যে চলছে প্রায় সমানতালে। তবে গতি একটু বাড়াতে হবে কুককে, কারণ সমীকরণে এখনো পিছিয়ে আছেন তিনি। সবচেয়ে কম বয়সে ১৫ টেস্ট সেঞ্চুরির রেকর্ড টেন্ডুলকারের, ১৯৯৮ সালের ১০ মার্চ ২৪ বছর ৩২০ দিন বয়সে ১৫ টেস্ট সেঞ্চুরি হয়েছিল লিটল মাস্টারের। সদ্য সমাপ্ত অ্যাডিলেড টেস্টে ১৫তম সেঞ্চুরি ছোঁয়ার দিন কুকের বয়স ছিল ২৫ বছর ৩৪৭ দিন। ‘এ যুগের ডনের’ পেছনে পড়লেও কুক ছাড়িয়েছেন আসল ডনকে, স্যার ডন ব্র্যাডম্যানের ১৫ টেস্ট সেঞ্চুরি হয়েছিল ২৫ বছর ৩৬০ দিন বয়সে। ম্যাচের হিসাবে অবশ্য প্রায় অমর ডনের রেকর্ড, ১৫ সেঞ্চুরি করতে লেগেছিল ২৮ টেস্ট! টেন্ডুলকারের লেগেছিল ৫৯ টেস্ট, কুকের ৬২।