'ডাইভিং' প্রবণতায় ক্ষুব্ধ ব্লাটার

মাঠে ফুটবলারদের ফাউলের ভান করার ব্যাপারটি রীতিমতো অসহ্য ঠেকছে সেপ ব্লাটারের কাছে। ফিফা সভাপতির মত, এমনভাবে ফাউল আদায় করার চেষ্টা যদি রেফারি বুঝতে পারেন, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেওয়া হোক।
‘প্লে-অ্যাক্টিং’ হিসেবে পরিচিত খেলোয়াড়দের এই প্রবণতা ফুটবল খেলার সৌন্দর্য নষ্ট করছে বলেই অভিমত ফিফা সভাপতির। ব্লাটার এক লেখায় মন্তব্য করেছেন, ‘খুবই বিরক্তিকর ব্যাপারটি এক ধরনের প্রতারণা। ক্ষুব্ধ হই যখন দেখি, ফাউল ধরার সময় মাঠে ব্যথায় রীতিমতো কাতরাতে থাকা খেলোয়াড়টি শুশ্রূষার জন্য মাঠের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই চাঙা হয়ে ওঠে।’
এই প্রতারণার একমাত্র শাস্তি খেলোয়াড়টিকে মাঠ থেকে কিছুক্ষণের জন্য বের করে দেওয়া—এমনই মন্তব্য বেরিয়ে এসেছে তাঁর লেখায়। তবে এই ‘অপরাধে’ খেলার বাকি সময়ের জন্য খেলোয়াড়কে বহিষ্কৃত করা উচিত কি-না, তা নিয়ে অবশ্য কিছুটা দ্বিধা আছে ব্লাটারের মধ্যে।
সাবেক ইংলিশ রেফারি ডারমট গালঘার এ ব্যাপারে ফিফা সভাপতির সঙ্গে একমত। তবে তিনিও মনে করেন, এ কারণে একজন খেলোয়াড়কে পুরো সময়ের জন্য বহিষ্কৃত করা হয়তো সম্ভব হবে না।
ফিফা সভাপতির ভাবনা মাঠে প্রয়োগ করাটা একমাত্র খুব সাহসী রেফারির পক্ষেই সম্ভব বলে মনে করেন গালঘার, ‘ব্লাটার সাহেবের ভাবনা মাঠে প্রয়োগ করতে হলে রেফারিকে খুব সাহসী হতে হবে।’ তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড় “প্লে-অ্যাক্টিং” করছে কি না, সেটা নির্ধারণ করাটাও অত্যন্ত কঠিন কাজ।’
এ ব্যাপারে গালঘারের অবশ্য নিজস্ব একটা প্রস্তাব আছে। তাঁর মতে, ‘পুরো ব্যাপারটিই ম্যাচের পরে বসে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হতে পারে। বিষয়টি অনেকটা ডোপ পরীক্ষার মতো। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পর একটি প্যানেল বসে দেখতে পারে, খেলায় কোন কোন খেলোয়াড় প্লে-অ্যাক্টিং করেছে। সে মোতাবেক তাদের শাস্তি হতে পারে।’
প্লে-অ্যাক্টিং নিয়ে বিরক্ত চেলসি কোচ হোসে মরিনহোও। সম্প্রতি তিনি একটি খেলায় নিজ দলের অস্কারের প্রতি ক্ষুব্ধ হয়েছেন প্লে-অ্যাক্টিং করার জন্য। সূত্র: ওয়েবসাইট।