‘ডাবলের’ স্বপ্ন শেষ পিএসজির
গত সপ্তাহে বার্সেলোনা ভেঙেছে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। পরশু প্যারিস সেন্ট-জার্মেইর ‘ডাবল’ জয়ের স্বপ্ন ছিনতাই করল লিগ ওয়ানের অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা এভিয়াঁ তোনোঁ গাইয়ার। কার্লো আনচেলত্তির দল ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে এভিয়াঁর কাছে টাইব্রেকারে হেরেছে ৪-১ গোলে। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। টাইব্রেকারে প্রথম দুটি শট থেকে গোল করতে পারেননি ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভা। লিগে ছয় ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্টের অগ্রগামিতায় শীর্ষে থাকা পিএসজির এই হার মানতে পারেননি আনচেলত্তি। খেলোয়াড়দের মনোযোগের অভাব ও ‘স্বার্থপরতাকেই’ এই হারের জন্য দায়ী করেছেন পিএসজির ইতালিয়ান কোচ।সীমান্তের ওপারে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গী হয়েছে ভিএফবি স্টুটগার্ট। পরশু নিজেদের মাঠে ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়ে শুধু ফাইনালই নিশ্চিত করেনি স্টুটগার্ট, পেয়ে গেছে ইউরোপা লিগেরও টিকিট। আগামী ১ জুনের ফাইনালে বায়ার্নকে হারাতে পারলে ২০০৭ সালের পর প্রথম একটি ট্রফি ঘরে তুলবে দলটি। ২০০৭-এ বুন্দেসলিগা জয়ী স্টুটগার্ট সেই বছরই কাপের ফাইনালে হেরেছিল বায়ার্নের কাছে।অন্যদিকে এবার ইতালিয়ান কাপের ফাইনালে হবে ‘রোম ডার্বি’। লাৎসিও আগেই নিশ্চিত করেছে ফাইনাল। পরশু সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাত্তিয়া দেস্ত্রোর জোড়া গোলে চোটজর্জর ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে রোমা। তিন মাস আগে প্রথম লেগটাও ২-১ গোলে জিতেছে টট্টির দল। ২৬ মে হবে ফাইনাল। এএফপি, রয়টার্স।