‘ডাবল’ জয়ের স্বপ্নটা আরও উজ্জ্বল করল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই আছে কার্লো আনচেলত্তির দল। পরশু ওয়েম্বলি স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে ‘ব্লু’রা উঠে গেছে এফএ কাপের ফাইনালে।ইংলিশ প্রিমিয়ার লিগে কদিন আগেই অ্যাস্টন ভিলাকে ৭-১ গোলের পরাজয়ের লজ্জা দিয়েছে চেলসি। প্রতিশোধের আগুনেই জ্বলার কথা ছিল অ্যাস্টন ভিলার। ম্যাচের শুরুটাও ভালোই শুরু করেছিল তারা। কিন্তু দিদিয়ের দ্রগবা, ফ্লোরেন্ত মালুদা আর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোল তাদের সেই আগুনে জল ঢেলে দিয়েছে। প্রথম গোলটি পেতে অবশ্য ৬৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় চেলসিকে। জন টেরির সহযোগিতায় গোলটি করেছেন দিদিয়ের দ্রগবা। ৮৯ মিনিটে দ্বিতীয় গোলটি মালুদার। আর ইনজুরি সময়ে দলের শেষ গোলটি করেছেন ল্যাম্পার্ড। পরশুর গোলটি ওয়েম্বলিতে দ্রগবার পঞ্চম। আরও একবার ওয়েম্বলিতে গোল করতে পেরে খুব উচ্ছ্বসিত তিনি। নিজেকে ভাবছেন ভাগ্যবান, ‘সব সময়ই এই কথাটা বলি, আমি ভাগ্যবান। এখানে আসা এবং এই স্টেডিয়ামে খেলা আমার জন্য বড় সম্মানের।’ যে ওয়েম্বলি দ্রগবার জন্য সৌভাগ্য নিয়ে অপেক্ষা করে, সেই মাঠই আবার ভিলা কোচ মার্টিন ও’নিলের জন্য দুর্ভাগ্যের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। এ বছরই ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে লিগ কাপের ফাইনাল হেরেছে হেরেছে তাঁর দল এ মাঠেই। ওই হার আর এই হারের মধ্যে সাধারণ একটি দুর্ভাগ্যের মিল পেয়েছেন ও’নিল, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচেও রেফারি আমাদের বোতলবন্দী করেছিল, আজও (পরশু) তাই হয়েছে।’ প্রথমার্ধে জন ওবি মিকেল পেনাল্টি বক্সের মধ্যে আগবনলাহোরকে ফাউল করেছিলেন এবং রেফারি তা এড়িয়ে গেছেন বলে অভিযোগ ও’নিলের।ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের এ সপ্তাহের ম্যাচটি খেলবে আগামীকাল। তবে কাল ম্যাচ ছিল ম্যানইউ ও লিভারপুলের। দুদলই ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ম্যানইউ ব্ল্যাকবার্ন আর লিভারপুল ফুলহামের সঙ্গে। দুটি ম্যাচই হয়েছে গোলশূণ্য ড্র। পরশু লিগ ম্যাচ ছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নেওয়া ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং জার্মানির বায়ার্ন মিউনিখের। দুটি দলই মাঠ ছেড়েছে ড্র নিয়ে।বুন্দেসলিগায় শালকে জিরো ফোরের হ্যানোভারের কাছে ২-৪ গোলে হেরে যাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেনি বায়ার্ন। বায়ার লেভারকুসেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। তবে এর পরও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বায়ার্ন। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট বায়ার্নের, সমান ম্যাচে শালকের পয়েন্ট ৫৮। বায়ার্ন শীর্ষে থাকলেও নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করা ইন্টার হারাতে পারে শীর্ষস্থান। কাল রাতে আটালান্টার বিপক্ষে জিতে থাকলে ইন্টারকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে এএস রোমা। এ ম্যাচের আগে পর্যন্ত ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট ইন্টারের, রোমার ৬৫। এএফপি।