‘ডিআরএস’ নিয়ে চাপে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে ‘ডিসিশন রিভিউ সিস্টেম’ বা ডিআরএসের ব্যাপারে ভারতের মনোভাব খুব কঠোর। আম্পায়ারদের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেওয়ার বিষয়টির বরাবর বিরোধী ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রযুক্তিটি সর্বজনীন ও বাধ্যতামূলক করার ব্যাপারে আইসিসির ইচ্ছা বারবারই ভারতীয় প্রভাবের সামনে অসহায় চেহারা নিয়েছে। তবে, এবার ডিআরএসের ব্যাপারে উল্টো ভারতীয় ক্রিকেট বোর্ডই চাপ অনুভব করছে। সাম্প্রতিক স্পট ফিক্সিং কেলেঙ্কারি, আইপিএলে জুয়ার ছড়াছড়ি ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেট রয়েছে বিব্রতকর অবস্থানে। লন্ডনে আইসিসির ক্রিকেট কমিটির বৈঠকে তাই ডিআরএসের ব্যাপারে আগের মতো শক্ত অবস্থান ধরে নাও রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।আইসিসির ক্রিকেট কমিটিতে ভারতীয় প্রভাব অসামান্য। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের পরিবর্তে ক্রিকেট কমিটির সভাপতি হয়েছেন অনিল কুম্বলে। খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আছেন সাবেক লেগস্পিনার লক্ষ্মণ শিব রামকৃষ্ণ। আছেন, ভাষ্যকার রবি শাস্ত্রীও। শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডের বেতনভুক বলে আইসিসিতে তিনি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন—ব্যাপারটি বিশ্বাস করেন না কেউই। তবে কুম্বলে এবার ডিআরএস নিয়ে যে কঠিন চাপের মুখে পড়তে যাচ্ছেন, সেটা আশঙ্কা করছেন ভারতের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরাও। আইসিসির পূর্ণ সদস্য প্রায় সব দেশই ডিআরএসের পক্ষে। এক অর্থে ব্যাপারটি নিয়ে ভারত একপক্ষ হয়ে লড়ছে বাকি টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে। এবার ক্রিকেট কমিটির বৈঠকে অনিল কুম্বলে সংখ্যাগরিষ্ঠ মতামত কীভাবে উপেক্ষা করবেন, সেটাই এখন দেখার বিষয়।এদিকে, ডিআরএসের ব্যাপারে ভারতীয় ক্রিকেটারদের অভিমতও মিশ্র। বীরেন্দর শেবাগ ব্যক্তিগতভাবে ডিআরএসের পক্ষেই কথা বলেছেন। শচীন টেন্ডুলকার ডিআরএসের পাশাপাশি হট স্পট ও স্নিকোমিটারের সুবিধা প্রবর্তনের পক্ষে। তবে এর বিরোধিতা করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। ধোনির মতে, ডিআরএসের ব্যাপারটি প্রাযুক্তিক ও মনুষ্য সিদ্ধান্তকে জগাখিচুরি পাকিয়ে দিয়েছে। যুবরাজ ডিআরএসকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘কেন জানি না, ডিআরএসটা আমি ভালোভাবে বুঝতে পারি না। ডিআরএসের মাধ্যমেই কয়েকবার আমি বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি।’ পিটিআই।