‘ডেল স্টেইনের কাছে’ হারল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গ টেস্টে পাকিস্তান আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেনি, পুরো খেলার চিত্রে চোখ বোলালে মনে হবে খেলাটি হয়েছে ব্যক্তি ডেল স্টেইনের সঙ্গে গোটা পাকিস্তান দলের। সেই স্টেইন দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানকে। প্রথম ইনিংসে ৪৯ রানে অলআউট হওয়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করলেও ২১১ রানের বিশাল পরাজয় ঠেকাতে পারেনি। ডেল স্টেইন দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছেন মাত্র ৬০ রানের বিনিময়ে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান দিয়ে ১১ উইকেট শিকার। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।শুক্রবার শুরু হওয়া টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করেছিল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক গ্রায়েম স্মিথের অধিনায়কত্বের শততম টেস্টে ভালো কিছুর প্রত্যয়ে মাঠে নেমে অবশ্য প্রথম ইনিংসে তাদের কিছুটা হতাশই হতে হয়। পাকিস্তানি বোলারদের, বিশেষ করে মোহাম্মদ হাফিজের অসাধারণ বোলিংয়ে (৪/১৬) মাত্র ২৫৩ রানেই গুটিয়ে যায় তারা। জ্যাক ক্যালিসের ৫০ আর ফ্যাফ ডু প্লেসিসের ৪১ রান না হলে হয়তো বড় একটা লজ্জাতেই পড়তে হতো প্রোটিয়াদের। স্পিংবকদের অল্পতেই গুটিয়ে দিয়ে ফুরফুরে মেজাজে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পড়ে মহালজ্জায়। মাত্র ৪৯ রানে অলআউট হয়ে তারা রেকর্ডের পাতা নতুন করে পরিমার্জন করে। ৪৯ রানের স্কোরটি ছিল পাকিস্তানের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর। ডেল স্টেইন মাত্র ৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ।পাকিস্তানকে পঞ্চাশের নিচে অলআউট করলেও তাদের ফলোঅন করায়নি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরিতে এবং হাশিম আমলা (৭৪) ও গ্রায়েম স্মিথের ফিফটিতে (৫২) ২৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। উমর গুল ২টি ও সাঈদ আজমল ১টি উইকেট নেন। পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭৯ রানের।দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিংটা অন্তত প্রথম ইনিংসের মতো হয়নি—স্বস্তিটা এখানেই। আসাদ শফিক (৫৬) ও অধিনায়ক মিসবাহ-উল হক (৬৩) ১২৭ রানের একটি জুটি গড়ে কিছুটা লড়েছিলেন। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানকে গুঁড়িয়ে দেন ওই ডেল স্টেইন। ৫২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। স্টেইনের টেস্টে প্রোটিয়া উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সও কম যাননি। উইকেটের পেছনে ইংলিশ উইকেটরক্ষক জ্যাক রাসেলের বিশ্ব রেকর্ড তো ছুঁয়েছেনই, সেই সঙ্গে তিনি এই মুহূর্তে এক টেস্টে ১০টি ডিসমিসাল ও সেঞ্চুরি হাঁকানো একমাত্র উইকেটরক্ষক। রয়টার্স।