‘ডেসিমা’র পথে ডর্টমুন্ড-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ। বলুন তো, এবারের চ্যাম্পিয়নস লিগের একমাত্র অপরাজিত দলটার নাম কী? অনেকের কাছেই উত্তরটা হতে পারে চমকের: বরুসিয়া ডর্টমুন্ড!এবার গ্রুপ পর্বে চারটি মাত্র দল অপরাজিত থেকে নকআউট পর্বে গেছে। এর মধ্যে শালকে আর মালাগা দ্বিতীয় রাউন্ডে পরাজয়ের স্বাদ পেয়েছে। জুভেন্টাস কোয়ার্টার ফাইনালে। কিন্তু ডর্টমুন্ড এখনো হারেনি। কেন? কারণ ইয়ুর্গেন ক্লপ! অনেক বেশি কাঠামোবদ্ধ হয়ে পড়ায় খেলাটি থেকে ‘বিচিত্র’ চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে বলে ফুটবল-রোমান্টিকেরা আক্ষেপ করেন। ক্লপ সেই চরিত্রগুলোর একজন। মুখে সব সময় কথার খই ফোটে। ডাগআউটেও প্রায়ই আবেগের বাঁধ ভেঙে যেতে দেখা যায়। গোল উদ্যাপনে কখনো কখনো শিষ্যদেরও হার মানিয়ে দেন। কিন্তু আবার কখনো কখনো ধ্যানমগ্ন বকের মতোও ঠায় দাঁড়িয়ে থাকেন। ডর্টমুন্ড কোচের চরিত্রটা বোঝাতে কদিন আগে তাঁরই সহকারী জেলিকো বুভাচ বলেছিলেন, ক্লপের মাথায় যেন ডুয়াল-কোর প্রসেসর বসানো থাকে। মাঠে আবেগের বাড়াবাড়ি যা-ই করে ফেলুন না কেন, মাথার একটা অংশ ঠিকই ধীরে-সুস্থে ছক কষে যায়।ডর্টমুন্ড শুধু তো তার নেপথ্যে থাকা কোচের ঘাড়ে সওয়ার হয়ে এত দূর আসেনি। মাঠে এক ত্রয়ীর অসাধারণ বোঝাপড়া তাদের এই সাফল্যের দৃশ্যমান কারিগর। আক্রমণভাগে রবার্ট লেফানদোফস্কি আর মার্কো রিউস; এঁদের ঠিক পেছনে মারিও গোটশে (চারজনের সম্মিলিত গোল ১৪টি)। ডর্টমুন্ডকে শেষ চারে এনেছে আরেকজন—ভাগ্যদেবতা! ৯ এপ্রিল মালাগার বিপক্ষে ম্যাচটার কথা নিশ্চয়ই ভুলে যাননি।ওই মাঠেই আবার আজ নামবে জার্মানির দলটি। গ্রুপ পর্বে রিয়াল, নকআউট পর্বে মালাগার পর আজ স্প্যানিশ কোনো দলের বিপক্ষে তাদের নিজ মাঠে হ্যাটট্রিক জয়ের সুযোগ। প্রতিপক্ষ আবার সেই রিয়াল। মরিনহোর উপস্থিতির পরও যে জার্মানি এখনো রিয়ালের জন্য অবোধ্য এক গেরো। গত ২৪ বারের সফরে মাত্র একবারই জার্মানি থেকে জয় নিয়ে ফিরতে পেরেছে রিয়াল। গতবার এই সেমিফাইনালে জার্মান-বাধাতেই আটকে গেছে মরিনহোর রিয়াল। সেমিফাইনালের গেরোটা অবশ্য রিয়ালের গলায় ভালোমতোই জুড়েছে। ২০০২ সালে সর্বশেষ শিরোপা জেতার পর তিন-তিনবার এখানেই শেষ হয়ে গেছে তাদের চ্যাম্পিয়নস লিগ।তবে এটা নিয়েও কোনো দ্বিমত নেই যে, গেরোটা খুলতে পারলে সেটি ‘দ্য স্পেশাল ওয়ান’ই পারবেন। ক্রিস্টিয়ানো রোনালদোও চ্যাম্পিয়নস লিগে নিজের সেরা ফর্মে। সান্তিয়াগো বার্নাব্যুর সামনের ভিড় থেকে প্রতিদিন, অবশ্যই স্প্যানিশ ভাষায়, স্লোগান উঠছে—ইটস নাউ অর নেভার! আরেকটি স্লোগান কান পাতলেই শোনা যাবে—লা ডেসিমা, লা ডেসিমা; মানে কিনা ১০ নম্বর শিরোপা এবার তাদের চাই-ই চাই।স্বাভাবিকভাবেই ডর্টমুন্ড মনে করিয়ে দিতে চাইছে গত অক্টোবরের গ্রুপ পর্বের ম্যাচটি আর রিয়াল ওই পরাজয়কে পাত্তাই দিতে চাইছে না। তবে এ ক্ষেত্রে রিয়াল সমর্থক হিসেবে পাচ্ছে খোদ ডর্টমুন্ড কোচকেই! ক্লপের জন্য অবশ্য একটা ‘সুখবর’ আছে। গ্রুপ পর্বের সেই ম্যাচে মার্সেলো খেলেননি। ক্লপের মুখে কী কারণে যেন গত কিছুদিন এই ডিফেন্ডারের নাম বেশ উচ্চারিত হয়েছে। সেই মার্সেলো আবার চোটের কারণে ছিটকে গেছেন। অনিশ্চয়তা আছে লুকা মডরিচকে নিয়েও। তবে গোলরক্ষক ডিয়েগো লোপেজ আর স্ট্রাইকার করিম বেনজেমা ‘অস্বস্তি’ কাটিয়ে পুরোপুরি প্রস্তুত। ডর্টমুন্ডের জন্য আসল সুখবর অবশ্য গত সপ্তাহেও গোল করে লিগে গোলের ধারাবাহিকতাটা টানা ১২তম ম্যাচে নিয়ে যাওয়া লেফানদোফস্কির ফিট হয়ে ওঠা। তবে অনিশ্চয়তা আছে খোদ অধিনায়ক সেবাস্তিয়ান কেহেলকে নিয়েই।রিয়াল নিঃসন্দেহে ফেবারিট। কিন্তু জার্মান সাহস আর ভাগ্যকে সঙ্গী করে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ডর্টমুন্ডও। এএফপি, রয়টার্স।