প্রায় এক বছর পর আবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশ। সময়কে হার মানানোর চ্যালেঞ্জে প্রতিপক্ষের নাম ওয়েস্ট ইন্ডিজ কিংবা ক্রিস গেইল-শিবনারায়ণ চন্দরপলও হতে পারে। প্রথম টেস্ট শুরুর আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম কথা বলেছেন সেসব নিয়ে। অন্যদিকে, সর্বশেষ সফরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না বলে জানিয়ে দিলেন ড্যারেন স্যামি
‘ড্র বা জয় বড় কথা নয়’
টেস্ট খেলার প্রস্তুতি প্রসঙ্গেমুশফিকুর রহিম যেহেতু অনেক দিন পর টেস্ট খেলছি, এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সর্বশেষ ওয়ানডেও খেলেছি মার্চের এশিয়া কাপে। এবারের টেস্টের প্রস্তুতি খুব যে ভালো হয়েছে তা না, আবার খুব খারাপও বলব না। তবে আমরা একসঙ্গে অনেক দিন ধরে অনুশীলন করছি। নিজেদের ঝালাই করার সুযোগ পেয়েছি।ব্যাটিংয়ে বড় ইনিংসের প্রত্যাশামুশফিক আমাদের প্রথম সাত-আট ব্যাটসম্যানের সবারই লম্বা ইনিংস খেলার সামর্থ্য আছে। অতীতে অনেক ভালো আক্রমণের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস আছে। তামিম-সাকিব যদি রান করতে পারে এবং সঙ্গে অন্যরাও অবদান রাখতে পারে, তাহলে ব্যাটিং ভালোই হবে।জাতীয় লিগ খেলে আসা প্রসঙ্গেমুশফিক প্রথম শ্রেণীর ক্রিকেট যেটুকু খেলার সুযোগ হয়েছে, তাতে অনেকে মোটামুটি ভালো করেছে। এক-দুজন হয়তো ভালো করতে পারিনি। তার পরও যেহেতু অনেক দিন পর খেলেছি, আমাদের প্র্যাকটিসটা হয়েছে। বুঝতে পেরেছি ভুলগুলো কোথায় এবং টেস্টে সফলতা পেতে কী করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতীত সাফল্যমুশফিক ওদের বিপক্ষে শেষ সিরিজে আমরা ওয়ানডে, টি-টোয়েন্টি জিতেছি। একটা টেস্ট ড্র করেছি। এসব তো অনুপ্রেরণা বটেই। তবে ওয়েস্ট ইন্ডিজ এখন আগের চেয়ে অনেক ব্যালান্সড। আমাদেরও বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। কিন্তু টেস্টে আমরা ব্যক্তিগতভাবে ভালো করলেও দলীয়ভাবে অনেক সময় করতে পারি না। এবার একটা পরিকল্পনা করেছি। আশা করি, দলীয়ভাবেও পারফর্ম করতে পারব।টেস্ট সিরিজের মূল লক্ষ্যমুশফিক ড্র বা জয় বড় কথা নয়। আমরা টেস্ট ক্রিকেটে সেশন থেকে সেশনে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি না। এশিয়া কাপে পরিকল্পনা ছিল, যত বড় দলই হোক আমরা প্রতিটা দিন, প্রতিটা ম্যাচ ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলব। তা দিনশেষে ফলাফল আমাদের পক্ষে আসুক বা না আসুক। সেভাবে খেলেই এশিয়া কাপে দুটি ম্যাচ জিতেছিলাম। এবারও আমাদের ওই পরিকল্পনা—কাদের সঙ্গে খেলছি সেটা কথা না, প্রতিটা সেশন, প্রতিটা দিন ভালো খেলব।ওয়েস্ট ইন্ডিজের বোলিংমুশফিক ওদের পেস বা স্পিন আক্রমণ এবং ব্যাটিং—সবই শক্তিশালী। তবে এই চ্যালেঞ্জগুলো যদি নিতে পারি, ভালো রান করতে পারি, তাহলে আমাদের মান আরও ওপরে উঠবে। তবে সমস্যা হয়ে যায় প্রয়োগে। অনেক সময় দেখা যায়, এক সেশনে এটা ভালো করছি, তো আরেক সেশনে ভুলে যাচ্ছি।হোম কন্ডিশনের সুবিধামুশফিক এটা বলা কঠিন। যা বললাম, ওদের পেস, স্পিন, ব্যাটিং—সবই ভালো। আমরা চাইব, সব যেন এমনভাবে হয় যেটাতে আমাদের সুবিধা হবে, আর ওরা সমস্যায় পড়বে। তবে এটা নিয়ে যে অনেক বেশি ভাবব, তা না। উইকেট যেমন হবে, সেটি মাথায় রেখেই খেলতে হবে।সিরিজ থেকে প্রত্যাশামুশফিক ফলাফল নিয়ে একটা লক্ষ্য তো থাকেই...এটা করব নয়তো ওটা করব। ব্যক্তিগত কিছু লক্ষ্য ঠিক করেছি—সিরিজ শেষে যেন টপ ফাইভে আমাদের দুজন বোলার, দুজন ব্যাটসম্যান থাকে, পাঁচ দিনের মধ্যে অন্তত দুই-তিন দিন যেন আমাদের আধিপত্য থাকে। এভাবে খেলতে পারলে যেকোনো কিছু সম্ভব।সাকিবের ওপর চাপ কমানোমুশফিক কোনো সন্দেহ নেই, সাকিব দলের সেরা ক্রিকেটার। ওর দিকে খেয়াল রাখতেই হয়। ও খুব ভালোভাবে জানে, ওর ব্যাটিং-বোলিং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি, যেন ওর ওপর খুব বেশি চাপ না পড়ে। ওপরের দিকের ব্যাটসম্যানরা যদি রান করে, সাকিবের ওপর চাপ কমবে। ব্যাটসম্যান-বোলার সবাইকে সেই বার্তা দেওয়া হয়েছে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অধিনায়কত্ব শুরুর স্মৃতিমুশফিক ব্যাপারটা মাথায় আছে। অনেক দিন পর ওদের সঙ্গে খেলছি বলে খুবই ভালো লাগছে। ওই জয়ে (গত বছর টি-টোয়েন্টি) আমার ও দলের ভালো শুরু হয়েছিল। আর এবার ওরাও চাপে থাকবে। কিছুদিন আগেই টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছে। নিশ্চয়ই ওরা আমাদের কাছে হারতে চাইবে না।ক্রিস গেইলকে নিয়ে আলাদা পরিকল্পনামুশফিক অবশ্যই, গেইলকে নিয়ে তো আলাদা পরিকল্পনা আছেই। শুধু গেইল নয়, ওদের আরও কয়েকজন ভালো ব্যাটসম্যান ভালো ফর্মে আছে। গেইল ছাড়াও স্যামুয়েলস-চন্দরপল আছে। সবাইকে নিয়েই আমাদের আলাদা আলাদা পরিকল্পনা আছে। প্ল্যান এ-বি-সি সবই আছে। তবে মাঠে সেসব কাজে লাগাতে হবে।‘গতবারের চেয়ে ভালো করতে চাই’একাদশ চূড়ান্ত কি নাড্যারেন স্যামি আজই একাদশ ঠিক করব, তবে পরে। সত্যি বলতে, একাদশ বাছাই করতে একটু সমস্যাই হবে। সর্বশেষ সিরিজে যেভাবে একাদশ সাজিয়েছিলাম, সেটা কাজে লেগেছে। তবে তরুণ স্পিনার পেরমলের ভালো সম্ভাবনা আছে খেলার। কদিন আগেই একাডেমি দলের হয়ে এখানে খেলে গেছে ও, পারফর্মও করেছে। অভিষেকের উজ্জ্বল সম্ভাবনা আছে ওর। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ঠিক করবে, ও খেলবে কি না। তবে এমন একটা সমন্বয় আমরা বেছে নেব, যা দলকে এই টেস্ট ম্যাচ জেতাতে পারে।গেইলের ফেরা কতটুকু পার্থক্য গড়ে দিচ্ছেস্যামি ক্রিস আমাদের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন। ও যখন ব্যাট করে, সবকিছুই খুব সহজ মনে হয়। অন্য প্রান্তের ব্যাটসম্যানের রান করার চাপ থাকে না। ব্যাটিং সঙ্গী হিসেবে ওর তুলনা হয় না। তরুণদের সঙ্গে সব সময়ই ও অভিজ্ঞতা ভাগাভাগি করে, পরামর্শ দেয়। শুরুতে ওর মতো অভিজ্ঞ একজনকে পাওয়া দারুণ ব্যাপার। কদিন আগে পাওয়েলও একটা সেঞ্চুরি করেছে। ব্যাটিংয়ের শুরুটা আগে আমাদের যথেষ্ট ভুগিয়েছে। এখন ক্রিসের সঙ্গে পাওয়েল ভালো করছে। আশা করি, ওরা এভাবেই পারফর্ম করতে থাকবে।টি-টোয়েন্টি থেকে টেস্টে মানিয়ে নেওয়াস্যামি আমরা সবাই পেশাদার। আর এমন না যে, এই প্রথম টি-টোয়েন্টি থেকে টেস্টে মানিয়ে নিতে হচ্ছে। এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। প্রস্তুতি ম্যাচটা ভেস্তে গেলেও দেশে আমাদের ক্যাম্প হয়েছে, একাডেমি দলের বিপক্ষে তিনদিনের ম্যাচ খেলেছি। এখানে সুযোগ-সুবিধা যা আছে, সেসবের সর্বোচ্চ ব্যবহার করেছি। একাডেমি মাঠের সুযোগ-সুবিধা তো দারুণ। আমার ধারণা, সবাই এখন কালকের (আজ) জন্য প্রস্তুত।উইকেট কেমন হবে বলে আশাস্যামি ঢাকায় যে ধরনের উইকেট আগে দেখে এসেছি, সেটার চেয়ে ব্যতিক্রমী কিছু আমি আশা করছি না। অন্য রকম কিছু পেলে খুবই অবাক হব। আউটফিল্ডটাকে নতুন মনে হচ্ছে। উইকেট যেমনই হোক, তাতেই আমাদের খেলতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন সঠিকভাবে করতে হবে। বাংলাদেশ দলে বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। ওদের বিপক্ষে আমাদের নিখুঁত পরিকল্পনা করতে হবে এবং মাঠে নিজেদের উজাড় করে দিতে হবে। ২০০৯ সিরিজের স্মৃতিস্যামি ২০০৯ সালে নিয়মিত অনেক ক্রিকেটারই ছিল না আমাদের। কিন্তু গত বছর এখানে এসে আমরা ওদের হারিয়েছি। বাংলাদেশ এমন একটা দল, যাদের আমরা সব সময়ই সমীহ করেছি। কোনো দলকেই আমরা কখনো হালকা করে দেখি না। নিজেদের আঙিনায় বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তবে আমরা যদি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে পারি, আমাদের বিশ্বাস, আমরাই জিতব।টেস্টের ওয়েস্ট ইন্ডিজ কতটা ভারসাম্যপূর্ণস্যামি আমার ধারণা, আমাদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ। দলের সমন্বয় যেটাই হোক, আমার ধারণা, আমরা ২০ উইকেট নিতে পারব এবং ম্যাচ জিততে পারব। আমাদের সেরা বোলার (কেমার রোচ) চোট পেয়েছে, কিন্তু পরিবর্তে আমরা ফিদেলকে (এডওয়ার্ডস) পেয়েছি, যে কিনা গতবার এখানে দারুণ সফল ছিল। বাংলাদেশের বিপক্ষে আমার রেকর্ডও খারাপ নয়! আমাদের স্রেফ মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে। দিনশেষে আমরা যদি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে না পারি, সবকিছুই বৃথা।বাংলাদেশ নিয়ে ভাবনাস্যামি আগেই বলেছি, আমরা ওদের সমীহ করছি। আমি তো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি। একটি বাজে সেশনের মূল্য দিতে হতে পারে আমাদের টেস্ট হেরে। আমার ধারণা, দুদলই লড়াইয়ের জন্য প্রস্তুত।টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অধিনায়ক স্যামির অবদানস্যামি আমার পরিকল্পনা সব সময়ই থাকে খুব সাধারণ। নিজে পারফর্ম করা, দল যাতে সঠিক মানসিকতায় থাকে, সেটা নিশ্চিত করা এবং ক্যারিবিয়ান মানুষদের জন্য পারফর্ম করা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় পুরোটাই ছিল দলীয় প্রচেষ্টার ফসল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি, এখন আমরা স্রেফ সামনে এগিয়ে যেতে চাই। দেশ ও নিজ নিজ অঞ্চলের জন্য সেরাটা উজাড় করে দিতে চাই। আমাদের দলটা ধীরে ধীরে উন্নতি করছে। এখন উঁচু সারির দলগুলোর বিপক্ষে টেস্ট জয়ের পথ খুঁজে বের করতে হবে আমাদের।সব ম্যাচ জয়ের লক্ষ্য আছে কি নাস্যামি প্রতিবছরই আমরা নতুন নতুন লক্ষ্য ঠিক করি এবং অর্জনের চেষ্টা করি। সর্বশেষ যখন এখানে এসেছিলাম, একটি টেস্ট ড্র হয়েছিল, একটিতে জিতেছিলাম। এবার আমরা আরও ভালো করতে চাই। গতবার ওয়ানডে সিরিজে দুটো জিতেছিলাম, একটিতে হেরেছিলাম, টি-টোয়েন্টি হেরেছিলাম। এবার অবশ্যই গতবারের চেয়ে ভালো করতে চাই। এই লক্ষ্য অর্জনে সম্ভব সবকিছুই করতে চাই।