‘ড্রাগ পরীক্ষায় বরাদ্দ অপর্যাপ্ত’
টেনিসে ড্রাগ পরীক্ষার জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা মোটেও পর্যাপ্ত নয়—এমনটাই মনে করেন টেনিসের বিশেষজ্ঞ ব্যক্তিত্বরা।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ২০১৩ সালে টেনিসের ডোপিংবিরোধী কার্যক্রমের জন্য বরাদ্দ করা হয়েছে ২০ লাখ ডলার। এর মধ্যে চার লাখ ডলার ব্যয় হবে প্রশাসনিক খাতে। বলা হচ্ছে, এই অপর্যাপ্ত বাজেটের কারণেই প্রয়োজনীয় ড্রাগ পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।টেনিসে বলতে গেলে অর্থের ছড়াছড়ি, ব্যতিক্রম কেবল ড্রাগ পরীক্ষার বাজেট। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেই গতকাল রোববার সার্বিয়ার নোভাক জোকোভিচ পকেটে পুরেছেন ২৪ লাখ ৩০ হাজার ডলার। গ্র্যান্ড স্লাম লড়াই, এটিপি ট্যুর, ডব্লিউটিএ ট্যুর ও বিশ্ব টেনিস ফেডারেশনের বিভিন্ন প্রতিযোগিতায় শুধু প্রাইজমানি বাবদ খেলোয়াড়দের দেওয়া হয় অন্তত ৩০ কোটি ডলার। হক-আই চ্যালেঞ্জ সিস্টেম স্থাপন ও চালানো বাবদ কোর্টভেদে খরচ হয় ৫০ হাজার থেকে ৬০ হাজার ডলার।টেনিসের সাবেক তারকা আন্দ্রে আগাসি ও লেইটন হিউয়েটের কোচ ড্যারেন কাহিল মনে করেন, ড্রাগ পরীক্ষার জন্য বরাদ্দ আরও বাড়ানো উচিত। তবে কর্তৃপক্ষের পাশাপাশি খেলোয়াড়দের এই কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।কাহিল রয়টার্সকে বলেন, খেলোয়াড়েরা বিভিন্ন প্রতিযোগিতা থেকে এই মুহূর্তে যে পরিমাণ অর্থ আয় করছেন, এর থেকে কিছু অর্থ তাঁরা এ কার্যক্রমে ব্যয় করতে পারেন। এর মাধ্যমে সবাইকে জোরালো বার্তা দেওয়া হবে যে আমরা শুধু মুখে টেনিস থেকে প্রতারণা দূর করতে চাই না, এটা নিশ্চিত করতে পদক্ষেপও নিচ্ছি।’বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার প্রধান জন ফাহে মনে করেন, ড্রাগ পরীক্ষার জন্য বরাদ্দ বাড়ানো উচিত। তবে ড্যারেন কাহিলের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন তিনি। ফাহে বলেন, ‘অর্থ নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের, খেলোয়াড়দের নয়। কর্তৃপক্ষ যদি মনে করে যে খেলোয়াড়দের প্রাইজমানির পরিমাণ কমিয়ে ড্রাগ পরীক্ষার জন্য বরাদ্দ বাড়াতে হবে, এটা তারা করতে পারে।’