'ড্রাগনে'র মতো মনড্রাগন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডের দ্বারপ্রান্তে মনড্রাগন।
রেকর্ডের দ্বারপ্রান্তে মনড্রাগন।

ড্রাগনেরা অমর নয়। কিন্তু হাজার হাজার বছর বাঁচে। মানুষের পক্ষে তো আর তা সম্ভব নয়। তবে নিজের নামটিকে অন্যভাবে সার্থক করে তুলছেন ফারিড মনড্রাগন। এই বিশ্বকাপে একটা ম্যাচেও খেলার সুযোগ পেলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড—সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার কীর্তি!
আসছে জুনে মনড্রাগনের বয়স হবে ৪৩। কলম্বিয়ার এই গোলরক্ষকের সামনে হাতছানি রজার মিলার রেকর্ড ভেঙে দেওয়ার। ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে ম্যাচ খেলেছিলেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।
মিলার শেষ সেই বিশ্বকাপেই যাত্রা শুরু হয়েছিল মনড্রাগনের। সেই বিশ্বকাপে অবশ্য কোনো ম্যাচ খেলা হয়নি। ছিলেন স্কোয়াডে। প্রথম মাঠে নামার সুযোগ পান ১৯৯৮ বিশ্বকাপে। এই বিশ্বকাপে সুযোগ পেলে আরও একটি রেকর্ড হবে মনড্রাগনের। ১৬ বছর পর আবার বিশ্বকাপে জায়গা পেয়েছে কলম্বিয়া। ফলে এবার কোনো ম্যাচ খেলতে পারলে ১৬ বছর ব্যবধানে দুটো বিশ্বকাপ খেলার রেকর্ড হবে তাঁর। যে রেকর্ডটি আছে সুইজারল্যান্ডের আলফ্রেড বিকেলের। বিকেল ১২ বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ খেলেছিলেন। প্রথমটি ছিল ১৯৩৮ বিশ্বকাপে, এরপর ১৯৫০ সালে। এর মধ্যে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ হয়নি।

স্বাভাবিকভাবেই আবেগ ছুঁয়ে যাচ্ছে রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা মনড্রাগনকে, ‘এই বয়সে বিশ্বকাপ খেলতে পেরে গর্ব বোধ হচ্ছে। যখন প্রথম ডাক পেয়েছিলাম যুক্তরাষ্ট্র বিশ্বকাপে, তখনকার চেয়েও বেশি আনন্দ অনুভব হচ্ছে এখন।’

যদিও রেকর্ড যে তিনি গড়বেনই, তার কোনো নিশ্চয়তা নেই। ১৯৯৪ বিশ্বকাপে একাদশে জায়গা নিশ্চিত ছিল না। নিশ্চিত নয় এবারও। প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ফরাসি লিগে খেলা ডেভিড ওসপিনাকেই পছন্দ কলম্বিয়া কোচের। তবে কে জানে, একটা ম্যাচে হয়তো তাঁকে নামিয়েও দিতে পারেন কোচ!