‘ঢুস না খেলে হুঁশ ফেরে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই। এবার ঘরোয়া ক্রিকেটও ছেড়ে দিয়ে পুরোপুরি কোচের ভূমিকায় মোহাম্মদ রফিক। প্রথম ম্যাচে আবাহনীর হারে শুরুটা ভালো না হলেও জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনারের বিশ্বাস, এই হার জাগিয়ে তুলবে দলকে— হঠাৎই কোচের ভূমিকায়!মোহাম্মদ রফিক: হ্যাঁ, ঢাকা লিগে এই প্রথম কোচ হিসেবে কাজ করছি। আবাহনীতে অনেক বছর ধরেই খেলছি। গতবার খেলার পাশাপাশি কোচের দায়িত্বও পালন করেছি। এবার তো আর খেলছেন না?রফিক: না, এবার আমি ফুলটাইম কোচ। আর খেলব না। হজ করতে গিয়েছিলাম। হজ থেকে আসার পর আবাহনী থেকে ফোন পেলাম। তখন দলবদল চলছিল। সঙ্গে সঙ্গে যোগ দিতে না পারলেও যত দ্রুত সম্ভব দলে যোগ দিয়েছি। মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করি, সমস্যা হবে না।  কোচিং কোর্স করেছেন কোন লেভেল পর্যন্ত?রফিক: এখানে লেভেল-২ কোর্স করেছি। তবে বাংলাদেশের ক্রিকেট যে ধরনের, এখানে লেভেলটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আমি কোন লেভেলের ক্রিকেট খেলেছি। যারা লেভেল করে আসে, আমি মনে করি তারা ভুল করে কোচ হয়। আমরা প্র্যাকটিক্যাল কোচ। আমি মনে করি, এ রকম কোচই দরকার। কোচ হিসেবে কি শুধু আবাহনীর বোলিংটাই দেখছেন, নাকি আপনিই প্রধান কোচ?রফিক: আমি সবই দেখছি। যতটুকু আমি জানি, ক্রিকেট খেলে যা শিখেছি তা থেকেই ছেলেদের সাহায্য করার চেষ্টা করছি। ছেলেরাও আমাকে সাহায্য করছে। কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে?রফিক: ইনশাআল্লাহ। দলের উন্নতির চেষ্টার সঙ্গে দিনে দিনে আমারও উন্নতি করতে হবে। আপনি কোচ হলেন, আর আবাহনী লিগ শুরু করল হার দিয়ে। খারাপ লাগছে?রফিক: এটা হয়...পার্ট অব দ্য গেম। মানুষের ঢুস না খেলে হুঁশ ফেরে না। আমি মনে করি, প্রথম ম্যাচে ঢুস খাওয়ার পর পরের ম্যাচে আমরা ভালোভাবে ফিরব। লিগে দলের কাছে প্রত্যাশা কী?রফিক: আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে। এমন কোনো কথা নেই যে প্রথম ম্যাচে হারাতে আমরা আর চ্যাম্পিয়ন হতে পারব না। এই ম্যাচে অনেক ভুল হলেও সেগুলো আস্তে আস্তে শুধরে যাবে। খেলোয়াড়েরা ভুল বুঝতে পারলে সেটা দলের জন্য ভালো। এখন না হয় কোচিংয়ে ব্যস্ত, এমনিতে কী করছেন? সাবেকদের অনেককেই ক্রিকেটে দেখা যায়। আপনাকে দেখা যায় না...রফিক: সত্যি বলতে কি বোর্ড আমাকে কখনো ডাকে না। নিজ থেকেই বোর্ডকে বলেছিলাম, নির্বাচকদেরও বলেছি, আমি জাতীয় দলের অনুশীলনে আসতে চাই। ছেলেদের কিছু শেখাতে চাই। তারা বলেছে জানাবে। আজ পর্যন্ত জানায়নি। তবে একাডেমিতে আমাকে ডেকেছিল। কয়েকটা লেকচার দিয়েছি সেখানে। এমনিতে সময় কাটে কীভাবে? ব্যবসা-বাণিজ্য কিছু করছেন?রফিক: ব্যবসা তো কিছু নেই, আমার ক্রিকেটই ব্যবসা। এলাকায় ছোট ছেলেদের জন্য একাডেমির মতো একটা কিছু করার ইচ্ছা আছে। বাড়ির পাশে ছোট একটা মাঠ করেছি। আগামী মাসে একটা টুর্নামেন্ট করব ওখানে। ইনডোর করারও ইচ্ছা আছে। দূর থেকে বাংলাদেশের ক্রিকেটকে কেমন দেখছেন?রফিক: মূল ব্যাপার হলো যারা দায়িত্বে আছে তারা কী চিন্তা করে। আপনি-আমি যতই আলোচনা করি, তারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। টিভিতে টক শোতে তো কম আলোচনা হয় না। কী হচ্ছে তাতে? কোনো ফল হচ্ছে? কথা বলে কোনো লাভ নেই।