আইপিএল খেলতে এসে ভারতের একটি ইংরেজি দৈনিকের সঙ্গে জ্যাক ক্যালিস কথা বললেন তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার ও জীবন নিয়ে
‘তকমা নিয়ে আমি ভাবি না’
৪৪টি টেস্ট সেঞ্চুরি হয়ে গেছে, শচীন টেন্ডুলকারের (৫১) অনেকটাই কাছাকাছি চলে এসেছেন...জ্যাক ক্যালিস: সত্যি বলতে, আমি কখনোই অন্য কারও দিকে খেয়াল করিনি, সব সময় নিজের খেলাতেই মন দিই। আমি জয়ের জন্য খেলি, চেষ্টা করি দলে অবদান রাখতে। রেকর্ড তাহলে আপনার কাছে বিশেষ কিছু নয়?ক্যালিস: না। দলের জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার মনোযোগ সেদিকেই থাকা উচিত। ক্রিকেট দলীয় খেলা, ব্যক্তিগত খেলা নয়। দল ও দলের স্বার্থকে গুরুত্ব দিলেই নিজের প্রতি খেয়াল রাখা হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান, ৬১ সেঞ্চুরি, ৫৭০ উইকেট—খেলায় আপনার অর্জনের শেষ নেই। এখনো চালিয়ে যাওয়ার প্রেরণা পান কোথায়?ক্যালিস: আমার ভেতরে এখনো ভালো করার তাড়না আছে, সেই তাড়না নিয়েই প্রতিদিন ঘুম ভাঙে। এখনো দলের জয়ের অংশ হতে ভালো লাগে। যত দিন এমন উপভোগ করছি, তত দিন খেলে যাব। আপনার জন্য পরবর্তী ধাপ বা পর্যায় বলে কিছু আছে?ক্যালিস: দেখুন, আমি সব সময় পরিস্থিতির দাবি মিটিয়ে খেলি। দল আমাকে যে ভূমিকায় দেখতে চায়, সেটাই পূরণ করার চেষ্টা করি। আমার প্রাপ্তি ওখানেই। এ জন্যই হয়তো আমি এত ধারাবাহিক। ব্যক্তিগত লক্ষ্য অর্জন আমাকে ভাবায় না, পরবর্তী ধাপ নিয়ে ভাবি না। কিন্তু মানটা আরও উঁচুতে নিয়ে যাওয়ার সচেতন লক্ষ্য কি থাকে না?ক্যালিস: প্রতিটি ম্যাচ আমার কাছে আলাদা সত্তা, প্রতিটি বলকে আমি আলাদা হিসেবে নিই। আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন, এটা বলতে পারেন। আরেক ধাপ এগিয়ে যেতে নিজেকে চ্যালেঞ্জ করেন না?ক্যালিস: আমি সব সময় নিজেকে বলি সঠিক ও ভালো সিদ্ধান্ত নিতে, এমন সিদ্ধান্ত যা দলকে সহায়তা করবে। এই ভালো সিদ্ধান্ত কি সহজেই চলে আসে?ক্যালিস: এসব অভিজ্ঞতার সঙ্গে আসে। পেছন ফিরে তাকালে বুঝতে পারি, সিদ্ধান্ত নিতে এখন হয়তো ভাবনার চেয়ে কম সময় লাগছে। অন্যদের থেকে টেন্ডুলকার-ক্যালিসদের আলাদা করেছে কোন ব্যাপারটি?ক্যালিস: সাফল্যের ক্ষুধা, দেশের জয়ে অবদান রাখার তাড়না। স্যার গ্যারি সোবার্সের পর সেরা অলরাউন্ডার মনে করা হয় আপনাকে। এটাকে কি প্রশংসা হিসেবে নেন?ক্যালিস: অবশ্যই। স্যার গ্যারির সঙ্গে একই বন্ধনীতে থাকাটাই অনেক বড়। তবে আবারও বলছি, তকমা নিয়ে আমি ভাবি না। আমি এক নম্বর নাকি এক শ, এসবে আমার কিছুই আসে-যায় না। দলের জয় বা দলকে জেতাতে পারাতেই আমার তৃপ্তি। তরুণ ব্যাটসম্যানদের জন্য পরামর্শ...ক্যালিস: আরও বেশি অনুশীলন করা। শুধু অনুশীলনের জন্য অনুশীলন নয়, সঠিক লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে অনুশীলন করা। প্রতিটি অনুশীলন সেশন শেষে যেন অনুভব করা যায়, আমি আগের চেয়ে ভালো ক্রিকেটার। এরপর অবশ্যই নিজের সামর্থ্যে আস্থা রাখতে হবে। নিজের সামর্থ্যে যদি নিজেরই আস্থা না থাকে, অন্যদেরও থাকবে না! আরেকটা পরামর্শ, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করা। এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার অভিষেকের সময় থেকে (১৯৯৫) ক্রিকেট কতটা বদলেছে?ক্যালিস: খেলাটা অনেক সামনে এগিয়েছে। আরও ক্ষিপ্র ও ভালো হয়েছে। টেস্টে এখন আরও বেশি ফল আসছে। সব মিলিয়ে দর্শকের জন্য খেলাটা আরও রোমাঞ্চকর হয়েছে। একসময়ের সতীর্থ গ্যারি কারস্টেন এখন আপনাদের কোচ, এই অভিজ্ঞতা কেমন?ক্যালিস: আমাদের সম্পর্ক খুব একটা বদলায়নি। এখনো দারুণ সম্পর্ক আমাদের, পরস্পরের প্রতি শ্রদ্ধাও অনেক। দক্ষিণ আফ্রিকা টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে। এই তাড়নাটাই কি আপনাদের উদ্দীপ্ত করেছে?ক্যালিস: এক নম্বর হওয়াটা দারুণ, কিন্তু র্যাঙ্কিং নিয়ে আমরা ভাবিনি। আমাদের লক্ষ্য ছিল কোন ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলতে পারি ও খেলা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর কাটিয়ে দিলেন, বয়স ৩৭ পেরিয়েছে...ভবিষ্যৎ নিয়ে কী ভেবেছেন?ক্যালিস: নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করিনি। অবসর নিয়েও ভাবিনি। কিছুদিন ধরে তো এমনিতেই ওয়ানডে খুব একটা খেলছি না। গন্ডার রক্ষা প্রচারণায় সক্রিয়ভাবে জড়িত বাউচার। আপনার সমর্থন আছে এতে?ক্যালিস: অবশ্যই, সম্প্রতি দেশে আমি এটার একটি অনুষ্ঠানেও ছিলাম। সামাজিক বিভিন্ন বিষয়ে শীর্ষ ক্রীড়াবিদদের দায়িত্ব কি একটু বেশি?ক্যালিস: আমি নিজের কথা বলতে পারি। যতটা পারি, আমি করার চেষ্টা করি। ক্রিকেট আমাকে এই পর্যায়ে এনেছে। আমি অনুভব করি, সমাজকেও আমার কিছু ফিরিয়ে দেওয়ার আছে।