প্রথমে টেস্ট সিরিজের দলেই ছিলেন না। ওয়ানডে সিরিজের পারফরম্যান্স আর রায়ান সাইডবটমের ইনজুরি তাঁকে সুযোগ করেদেয় টেস্ট দলে। বল হাতে তো ভালো করেছেনই, টেস্ট ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার ব্যাট হাতে নিয়ে খেললেন ৯১ রানের ইনিংস। মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে টিম ব্রেসনান বললেন তাঁর নিজের কথা, বললেন এই টেস্টের ভবিষ্যত্ নিয়েও.... সেঞ্চুরি মিস করে নিশ্চয়ই হতাশ?ব্রেসনান: একটু তো হতাশই। মাত্রই নয়টা রানের ব্যাপার। তার পরও এটা দলীয় খেলা। দলের জন্য অবদান রাখতে পারাটাই বড়। বেলি (ইয়ান বেল) কাল (পরশু) দুর্দান্ত ফাইটব্যাক করেছে, আমি তো সহযোগীর ভূমিকায় ছিলাম। যা হোক, মন্থর উইকেটে ম্যাচের লাগামটা আমরা নিতে পেরেছি। মনে হয় জয়ের ক্ষেত্রটা অন্তত তৈরি করতে পেরেছি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি পেলে তো দারুণ হতো...ব্রেসনান: তা তো হতোই।আশা করি এটাই শেষ নয়, আরও অনেক সুযোগ আমি পাব। পুরোপুরি একজন অলরাউন্ডার হয়ে ওঠাই তাহলে লক্ষ্য?ব্রেসনান: উম...হ্যাঁ। ২৬১টি বল খেলেছেন, এই অভিজ্ঞতাটা কেমন ছিল?ব্রেসনান: দারুণ, অবশ্যই ধীরগতির ইনিংস। কিন্তু লো-বাউন্সি উইকেট আর নরম হয়ে যাওয়া বলে রান করাটা খুব কঠিন ছিল। চেষ্টা করেছি যতটা সম্ভব সোজা ব্যাটে খেলতে। পুরো সিরিজে বোলিংটাও তো দারুণ করেছেন...ব্রেসনান: সত্যি বলতে আমি একা নই, আমি, ফিনি, ব্রডি সবাই ভালো করেছে। রিভার্স সুইংটা আমরা খুব ভালো করতে পেরেছি, আর প্রতিপক্ষের চেয়ে এগিয়ে গিয়েছি এখানেই। কারণ এমন উইকেটে রিভার্স সুইংটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে তো টেস্ট দলে ছিলেন না। আরেকজনের ইনজুরিতে সুযোগ পেয়ে ব্যাটিং-বোলিং দুটোই ভালো করলেন। কেমন লাগছে এখন?ব্রেসনান: ভালো তো লাগছেই। মনে হচ্ছে সুযোগটাকে কাজে লাগাতে পেরেছি। নিজের ক্ষমতা প্রমাণ করতে পেরেছি, দল আমার ওপর যে আস্থা রেখেছিল এর প্রতিদান দিতে পেরেছি। এমন পারফরম্যান্সের পর নিশ্চয়ই টেস্টে জায়গা ধরে রাখার আশা করছেন?ব্রেসনান: আমি আসলে জানি না। আমি শুধু নিজের কাজটা করে যেতে পারি, পারফর্ম করতে পারি। তবে অবশ্যই আমি শুধু ওয়ানডে ক্রিকেটার হিসেবে পরিচিত হতে চাই না। চতুর্থ দিন শেষে ম্যাচের ভবিষ্যত্টা কীভাবে দেখছেন?ব্রেসনান: আমার মনে হয়, ১৫০-এর মতো কোনো লক্ষ্য আমাদের তাড়া করতে হবে। শেষ বিকেলে মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ উইকেট পাওয়াটা আমাদের জন্য দারুণ হয়েছে। কাল (আজ) নাইটওয়াচম্যানকে দ্রুত ফেরাতে হবে। নাঈমও উইকেটে টিকে থাকতে পারে, ওর উইকেটটাও যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে। ইংল্যান্ডের জয় অথবা ড্র—এই মুহূর্তে এই দুটি ফলাফলই কি কেবল সম্ভব?ব্রেসনান: উম...হ্যাঁ। প্রচণ্ড গরমে সফরের শেষ দিনটায় মনোযোগ ধরে রাখা নিয়ে আলোচনা হয়েছে?ব্রেসনান: সত্যি বলতে ‘না’। সন্দেহ নেই প্রচণ্ড গরম, তবে এখন ফিটনেসের ওপর এত জোর দেওয়া হয় যে শেষ দিন শেষ ওভারে গেলেও খুব একটা সমস্যা হয় না। আমি নিজে অবশ্য এত ঘামি না। অনূর্ধ্ব-১৯, ‘এ’ দলের সঙ্গে আগেও এখানে এসেছি, কাজেই কিছুটা জানা ছিল পরিবেশ। এখানে যে ধরনের উইকেটে খেলা হয়, আপনার মনে হয় না মে-জুনে ইংল্যান্ডে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক সমস্যা হবে?ব্রেসনান: অবশ্যই হবে। নিশ্চিতভাবেই বাউন্স অনেক বেশি থাকবে, বল সুইং করবে, সিম মুভমেন্টও থাকবে। আমি তো মনে করি বাংলাদেশের ভালো রকমই সমস্যা হবে। আম্পায়ারের অনেকগুলো সিদ্ধান্ত কাল (পরশু) বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, কিন্তু ওদের এতটা উত্তেজিত দেখা যায়নি মাঠে। কিন্তু আজ (গতকাল) ব্রডকে খুব উত্তেজিত দেখা গেল...ব্রেসনান: আমি তো কিছু দেখিনি, আমি মনে হয় তখন কলা খাচ্ছিলাম।