‘তামিমের কথায় মোটেই বিস্মিত হইনি’
ডেভ হাউটন-অ্যান্ডি ফ্লাওয়াররা জিম্বাবুয়ে ক্রিকেটের অনেক বড় তারকা। কিন্তু এক অর্থে তাঁর দায়িত্বটা আরও কঠিন। জিম্বাবুয়েকে ক্রিকেট মানচিত্রে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁর ওপর। কাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্রেন্ডন টেলরকে তা মনে করিয়ে দিলেন উৎপল শুভ্র এক অর্থে তো জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুদায়িত্বটা আপনার ওপর। জিম্বাবুয়ে ক্রিকেটের নতুন যুগের শুরুতে নেতৃত্ব দিতে হচ্ছে আপনাকে...ব্রেন্ডন টেলর: আমি সব সময়ই বলে এসেছি, আমার দলের খেলোয়াড়েরা আমার কাজটা অনেক সহজ করে দেয়। হ্যাঁ, নতুন শুরু তো বটেই। তবে একটি টেস্ট জিতেই আমরা অনেক কিছু করে ফেলেছি ভাবা ঠিক না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। খেলোয়াড়েরা সবাই তা জানে এবং প্রতিদিনই ওরা আরও ভালো খেলোয়াড় হতে চায়। এটা আমার কাজকে সহজ করে দিয়েছে। অধিনায়ক হিসেবে আপনার সবচেয়ে বড় গুণ মনে করেন কোনটিকে? টেলর: আমি খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে পারি। ওদের পাশে দাঁড়াই। আমি দলের বাকিদের জন্য উদাহরণ তৈরি করতে চাই। সেটি ব্যাটিংয়েই হোক বা ট্রেনিংয়ে। ট্রেনিংয়ে আমি ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করি, যাতে তরুণ খেলোয়াড়েরাও তা করতে অনুপ্রাণিত হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয়ের পর তো বড় একটা পার্টিও হয়েছে। এটাই কি এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারের স্মরণীয়তম অর্জন?টেলর: অবশ্যই। টেস্ট ম্যাচ কতটা স্পেশাল, সেটি আমরা সবাই জানি। এত দিন টেস্ট খেলতে না পারায় আরও বেশি বুঝি। গত আট মাস এত পরিশ্রমের ফল পাওয়ার আনন্দটাই আলাদা। ফিরেই বাংলাদেশের মতো কোয়ালিটি দলকে হারিয়েছি, ওদের হারানো সহজ নয়। এবার তো ওয়ানডে সিরিজ। এই সিরিজে কী নির্ধারক হবে বলে মনে করেন?টেলর: আমার তো মনে হয়, এটা সেই স্পিন ভার্সাস স্পিন। দু দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যারা ভালো করবে, সেই দলই জিতবে। টপ অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে আমাদের ও ওদের স্পিনারদের লড়াইয়ের ফলই হবে নির্ধারক। এক দিক থেকে তো এটা তামিম ইকবাল বনাম ব্রেন্ডন টেলরও। ওয়ানডেতে আপনি ওপেনিংয়ে ফিরছেন। তামিমের কাছে বাংলাদেশ যেমন চায়, জিম্বাবুয়েও আপনার কাছে ভালো একটা শুরু চাইবে...টেলর: (হাসি) হ্যাঁ, কেউ এভাবেও দেখতে পারে। তবে তামিম অনেক বিস্ফোরক ব্যাটসম্যান। যেখানে আমি চেষ্টা করি, পুরো ইনিংস ব্যাট করতে। এই সিরিজে তামিম একটা বড় ব্যাপার হবে, আমরা সবাই জানি ওর উইকেটটা কত বড়। ৫ নম্বরে সাকিবও আমাদের কাছে অনেক বড় উইকেট। দু দলের গত কয়েকটি সিরিজে বাংলাদেশের স্পিনাররাই পার্থক্য গড়ে দিয়েছে। অন্য দেশের স্পিনারদেরও তো খেলেছেন, কোথায় ওদের আলাদা মনে হয়?টেলর: রাজ্জাকই হবে আসল। তবে একটা ভালো দিক হলো, টেস্ট ম্যাচে আমরা ওকে অনেকক্ষণ খেলেছি। ওকে কীভাবে খেললে ভালো হয়, সেটিও কিছুটা বুঝতে পেরেছি। তবে ওয়ানডেতে ও সম্ভবত নতুন বলে শুরু করবে বা পাওয়ার প্লেতে আসবে। পুরোনো বলের চেয়ে নতুন বলে ওকে খেলা কঠিন। ও যে বলে স্পিন করায় বা যেটি সোজা যায়, দুটিই খুব দ্রুত আসে। ডাউন দ্য উইকেট যাওয়া কঠিন হয়ে যায়। ওর প্রথম ৫ ওভার খেলে দিতে পারলে আশা করি আর সমস্যা হবে না। বাংলাদেশের মানুষ আপনাকে মনে রেখেছে ২০০৬ সিরিজের ওই শেষ ওভারটার কারণে। ১৮ রান নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন, আপনার কাছেও নিশ্চয়ই তা স্মরণীয় হয়ে আছে...টেলর: ওই ইনিংসটা স্পেশাল, কারণ আমরা সিরিজটা ৩-২-এ জিতেছিলাম। শেষ ওভারটা ছিল মাশরাফির সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই। ও কেমন ফাইটার, এটা আমি ভালো করেই জানতাম। আশা করি, ও তাড়াতাড়ি ফিরে আসবে। বাংলাদেশ দলও নিশ্চয়ই ওর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে। ওই ওভারটার বিশেষ কী মনে পড়ে?টেলর: শেষ বলটা। ওই বলে ছক্কা মারতে না পারলে হতো না। প্রথম বলে ছক্কাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। ওটাই হয়তো মাশরাফিকে চাপে ফেলে দিয়েছিল। তবে সবকিছুর পর শেষ বলটাই, আগের মুহূর্তগুলো খুব স্নায়ুক্ষয়ী ছিল। টেস্ট জেতার পর বাংলাদেশ দল জিম্বাবুয়েকে নিয়ে সব সময়ই বাজে মন্তব্য করে বলে আপনার যে অভিযোগ, সেটি একটু অবাকই করেছে। দু দলের খেলোয়াড়দের সম্পর্ক তো খুবই ভালো দেখি। অতীতের কোনো মন্তব্যের কারণে কি এমন বলেছেন?টেলর: অতীতের কোনো মন্তব্য নয়। হতে পারে, বাংলাদেশের খেলোয়াড়েরা খুব আত্মবিশ্বাসী। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করে। তবে ওদের ওসব কথাবার্তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। এর মানে এই নয় যে মাঠের বাইরে আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। প্রত্যেকেরই ব্যক্তিগত মত প্রকাশ করার অধিকার আছে। কে কী বলবে, সেটি তাঁর ব্যাপার। তবে আমি মনে করি, কেউ কিছু বললে পারফরম্যান্সেও তার প্রমাণ দেওয়া উচিত। তার মানে দাঁড়াচ্ছে, টেস্ট ম্যাচে মাঠে বাংলাদেশের খেলোয়াড়েরা আজেবাজে কথা বলেছে?টেলর: এমন কিছুই। তবে এমন ব্যক্তিগত কিছু ছিল না। আমরা তাই এ নিয়ে ক্ষুব্ধ হয়ে নেই। তামিমের কথায় আমরা মোটেই বিস্মিত হইনি। ও অমনই। ও বদলাবে, আমরা তা আশাও করি না। বদলাবেই বা কেন? ও ক্রিকেটটা এভাবেই খেলে এসেছে এবং সাফল্যও পেয়েছে। তবে আমার দলের খেলোয়াড়েরা কেউ কিছু বললে আমি আশা করব, পারফরম্যান্সও যেন কথার মতো হয়। ওয়ানডে সিরিজ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী?টেলর: বাংলাদেশ কঠিন দল। তবে হোম অ্যাডভান্টেজের কথা মাথায় রেখে আমি বলব ৩-২। ৩-২ কি জিম্বাবুয়ের পক্ষে?টেলর: (হাসি) আরে, আমি তো আমার দলকেই ব্যাক করব।