‘তারা ভাই’য়ের চোখে ওয়ানডে সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজ নিয়ে আপনার ভবিষ্যদ্বাণী কী?‘জেতা-হারার কথা তো আর বলা যায় না। আমার একটাই চাওয়া, ম্যাচে যেন বাংলাদেশকে বড় দলের মতো লাগে। আশার কথা যদি বলেন, আমি তো বলব, ভালো রেজাল্টই হবে। আমাদের খেলোয়াড়েরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।’মুশফিকুর রহিমের এমনই বলার কথা। চিন্তাভাবনা খুব পরিষ্কার। ক্রিকেটীয় বোধটাও এত ভালো যে কথায় সব সময়ই যুক্তি থাকে। বেফাঁস কথাবার্তা বলেন না বললেই চলে।দাঁড়ান, দাঁড়ান, কথাটা মুশফিকুর রহিম বলেননি। বলেছেন মাহবুব হামিদ। সাংবাদিকদের কাছে ‘তারা ভাই’, খেলোয়াড়দের ‘তারা আংকেল’। ইনি মুশফিকুর রহিমের বাবা। ‘অধিনায়কের বাবা’ পরিচয়টা অবশ্যই বাড়তি গৌরবের। তবে শ্মশ্রুমণ্ডিত ভদ্রলোক নিজের পরিচয় দেন বাংলাদেশ দলের একনিষ্ঠ সমর্থক বলে। সেটির প্রমাণও তিনি নিয়মিতই দিয়ে যান। এই বয়সেও মাঠে বাঁশি বাজিয়ে, নেচে-টেচে দলকে এমন অবিরাম সমর্থন জুগিয়ে যান যে তাঁকে বাংলাদেশ দলের ‘সাপোর্টার নাম্বার ওয়ান’ বলে ফেলাই যায়। আজ হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়ামেও ‘তারা ভাই’ থাকছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সব ভাই মিলে চলে এসেছিলেন শ্রীলঙ্কায়। এবার মুশফিকুরের মাকেও সঙ্গে নিয়ে এসেছেন। সঙ্গে মুশফিকুরের এক চাচা ও চাচি। হাম্বানটোটার প্রথম দুটি ওয়ানডে দেখার পর যাবেন ক্যান্ডিতেও। টিম হোটেলের কাছাকাছিই আরেকটি হোটেলে উঠেছেন। কাল দুপুরে প্র্যাকটিসে যাওয়ার আগে মুশফিকুর রহিম দেখাও করে এসেছেন তাঁর ক্রিকেট-জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার সঙ্গে। সমর্থকের আবেগ তো আছেই। তবে ক্রিকেট নিয়ে যখন কথা বলেন, আবেগটাকে নির্বাসনে পাঠিয়ে যুক্তিই সেখানে বেশি থাকে। কাল দুপুরে যেমন টেলিফোনে ওয়ানডে সিরিজ নিয়ে যা বললেন, সেটি অনায়াসে কোনো সাংবাদিকের প্রিভিউ হতে পারে। এমনকি সাবেক কোনো ক্রিকেটারের কলামও!‘সাকিবটা নাই, এটা একটা বড় ব্যাপার। সাকিবকে ছাড়া বাংলাদেশ দলটাকেই কেমন যেন অচেনা লাগে’—বলার পর মাহবুব হামিদ নিজেই যোগ করেন, ‘তাতে কি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও তো সাকিব ছিল না। গল টেস্টে সাকিব-তামিম কেউই ছিল না। তার পরও বাংলাদেশ যে খেলাটা খেলেছে, ওই আত্মবিশ্বাসটা তো ওয়ানডে সিরিজেও থাকবে। আরে, অনেকে বলছে গলে পাটা উইকেট ছিল। তা পাটা উইকেটে কি বাংলাদেশ আগে কখনো খেলেনি? এমন করতে পেরেছে?’ওয়ানডেতেও বাংলাদেশ একটা কিছু করে ফেলবে বলে তাঁর বিশ্বাস, ‘শ্রীলঙ্কার এই দলে বড় প্লেয়ার কই? শুধু কুমার সাঙ্গাকারাই তো!’ বলার পরই তিলকরত্নে দিলশানের কথা মনে পড়ে গেল, ‘হ্যাঁ, দিলশান আছে। তবে ওর রান করা টেস্টের মতো অত সহজ হবে না। এখানে তো মারতে হবে। মার না, কত মারবি! যত বেশি মারবি, আউট হওয়ার চান্সও ততই বেশি।’গল টেস্টে মুশফিকুর রহিমকে ইতিহাস গড়তে দেখেছেন টেলিভিশনে। গর্ব আছে, তবে ভয়ও! কেন, ভয় কেন? ‘ক্রিকেট খেলাটা এমন যে আজ রাজা তো কাল ফকির। মুশফিক ২০০ করেছে, ২০০ থেকে ২-ও হয়ে যেতে পারে। ভয় লাগে, তখন না আশরাফুলের মতো ঘটনা হয়ে যায়! একটা আশরাফুল এক দিনে তৈরি হয় না। যদি আউট হওয়ার ধরনটা বদলাতে পারে, আশরাফুল এখনো বাংলাদেশের ক্রিকেটের জন্য রত্ন। কিন্তু আপনারা সাংবাদিকেরা ওকে নিয়ে এমনভাবে লেখেন, লোকজন এমন সব কথা বলে যেন আশরাফুল জঘন্য কোনো অপরাধ করেছে, ও দলের জন্য বোঝা।’ বলতে বলতে আশরাফুল ডাবল সেঞ্চুরি না পাওয়ায় কেমন মন খারাপ হয়েছিল, সেটিও সবিস্তারে বলেন মাহবুব হামিদ। ‘ও প্রথম বলেই যেভাবে রিভার্স সুইপ করতে গেল, আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম, “কী রে, তুই কি পাগল হয়ে গেলি না কি রে বাবা!”মুশফিকুরের আউটটি নিয়েও একটু মন খারাপ হয়েছিল। তবে সেটি তো আর মুশফিকুরের দোষ নয়, দায়ী ছিলেন আম্পায়ার। সেই মন খারাপ বেশিক্ষণ থাকেনি। কীভাবে সান্ত্বনা খুঁজেছেন, তা বলতে গিয়ে এমন একটা কথা বললেন, তিনি ক্রিকেটার নন বলেই যা ক্রিকেটের ‘অমর উক্তি’তে স্থান পাবে না। ‘পরে নিজেকে বোঝালাম, আম্পায়ারের ওই ভুলটা যদি ২০০ করার আগে হতো, তাহলে তো মুশফিক ইতিহাস দূরের কথা, ভূগোলে পড়ে থাকত।’ বলার পর হা হা করে হাসলেন মাহবুব হামিদ।ওয়ানডে সিরিজ বাংলাদেশ না-ই জিতুক, অন্তত কোনো একটা ম্যাচের পর কি এভাবে হাসতে পারবেন বলে মনে হয়? ‘তারা ভাই’ এবার সিরিয়াস, ‘আশা করব না কেন, বলেন? জয়ের আশা নিয়েই তো বাংলাদেশের প্রতিটি ম্যাচ দেখি। খেলতে নামার আগেই পরাজয় স্বীকার করে নেওয়াটা কাজের কথা নয়।’ কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের মুখেও যখন ‘প্রতিটা ম্যাচই আমরা জেতার জন্যই খেলব’ বলে ঘোষণা, বাবা আর ছেলে মিলে গেলেন এক বিন্দুতে। মুশফিকুর রহিম তাঁর যোগ্য ছেলে তো বটেই, মাহবুব হামিদও অধিনায়কের যোগ্য বাবা!