‘তাহলে ১১ জনই বিদেশি হোক!’
মোহামেডান এবার বিদেশি ফুটবলারের নিবন্ধন চেয়েছে সাতজন। পাঁচজনকে খেলতে দেওয়ার দাবি তুলেছে সাদা-কালোরা। এই খবর শুনে কাল ব্রাদার্সের ম্যানেজার আমের খান বললেন, ‘তাহলে তো ১১টাই হতে পারে। সাত আর এগারোর মধ্যে পার্থক্য কী?’ তাঁর কথা, ‘ফেডারেশন একেকবার একেক রকম সিদ্ধান্ত নেয়। এটা ঠিক নয়। বিদেশি বাড়ালে ক্লাবের লাভ। তবে ফুটবলের বৃহত্তর স্বার্থে এবার তিনজনের বেশি বিদেশি হওয়া উচিত নয়।’আবাহনীর ম্যানেজার সত্যজিত দাসের কথা, ‘আমরা পেপারের মাধ্যমে জেনেছি, লিগ কমিটি এবার তিনজন বিদেশির অনুমতি দেবে। এখন ফেডারেশন যা দেবে, তাতেই আমরা খুশি থাকব।’প্রভাবশালী ক্লাবগুলোর চাপে এ দেশে বিদেশি কোটা বাড়ে। এটাই অলিখিত রীতি যেন। গতবারও তা-ই হয়েছিল, বিদেশি খেলোয়াড়ের কোটা এক লাফে তিন থেকে গোলরক্ষকসহ পাঁচজন হয়ে যায়। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলছেন, ‘আমাদের মৌলিক প্রস্তাব আছে। কিছু কিছু নিয়ম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। আইন হতে হবে ফুটবলের প্রয়োজনে। কোনো বিশেষ ক্লাবের প্রয়োজনে করলে হবে না। আগামীবার যেটাই হবে, সেটা যেন এখনই ঘোষণা করে দেওয়া হয়।’নুরুল আলম চৌধুরীর কথা, ‘গতবারের পাঁচটাই এবার হতে পারে। তবে গোলরক্ষক বাদ দিয়ে এটা করতে হবে। এবং চারজন খেলতে পারে, এমন নিয়ম করা যেতে পারে।’এভাবে একেক ক্লাবের একেক অভিমত। চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে লিগ কমিটি। আজ লিগ কমিটির সভা আছে। কাল লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, মোহামেডান ছাড়া আর কোনো দল বিদেশি বাড়ানোর জন্য লিখিত আবেদন করেনি আমাদের কাছে। যা-ই করা হোক, আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’বাফুফের সদস্য, সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামের দাবি, ‘বিদেশি খেলোয়াড় দুই থেকে সর্বোচ্চ তিনজন হতে পারে। এর বেশি হলে দেশের ফুটবল আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই এই ব্যাপারটা নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে কমিটি। কারও স্বার্থ দেখা হবে না।’