'তিন জমিদারের' প্রস্তাবের বিপক্ষেই শ্রীলঙ্কা
আইসিসিকে বদলে ফেলার ‘তিন জমিদারের’ বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত বিরোধিতা করে যাওয়ারই সিদ্ধান্ত তাদের। সম্প্রতি গভর্নিং বোর্ডের সভা শেষে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের রাজস্ব ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর প্রস্তাবের বিপক্ষে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে পিসিবি। একই পথে হাঁটল শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)।
এক বিবৃতির মাধ্যমে এসএলসি জানিয়েছে, সব অংশীদার, সাবেক অধিনায়ক, বর্তমান সভাপতি, সচিব, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষ সভায় বোর্ডের নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, তিন জমিদারের প্রস্তাবের বিপক্ষে নিজেদের অবস্থানে অনড় থাকবে শ্রীলঙ্কা।
এসএলসির এক সদস্য বলেন, ‘যখন প্রস্তাবের বিস্তারিত এল আমাদের কাছে, তখন এসএলসির ওপর তিন বড় বোর্ডের সে যে কী চাপ! ভীষণ অবাকই হয়েছিলাম। আমরা ভাবিনি “বিগ থ্রি” এভাবে এগোতে চাচ্ছে। এ কারণে প্রত্যেকেই এ প্রস্তাবের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে।’ সূত্র: শ্রীলঙ্কা ক্রিকেট ও ক্রিকইনফো।