'তিন জমিদারে'র বিরুদ্ধেই দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে দুবাইয়ে শুরু হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা ক্রিকেট বিশ্বে এনে দিচ্ছে বড় ধরনের এক বিভক্তি। আইসিসি সংস্কারে ক্রিকেটের তিন পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবের জোরালো বিরোধিতা করছে চারটি দেশ। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বিতর্কিত ‘পজিশন পেপারে’র বিরোধিতাকারী বাংলাদেশও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের বরাত দিয়ে দুবাইয়ের দ্য ন্যাশনাল পত্রিকা এই চারটি দেশের বিরোধিতার কথা জানিয়েছে।

গতকাল সারা দিন একাধিক বৈঠক ও বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়েই মূলত এই চারটি দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের যৌথ প্রস্তাবনার বিরোধিতায় একমত হয়েছে। জাকা আশরাফ জানিয়েছেন, আইসিসির সংস্কারে তিন ক্রিকেট শক্তি প্রণীত প্রস্তাবের বিপক্ষেই এই চারটি দেশের অবস্থান। এ ব্যাপারে বিরোধিতায় মূল বিষয় এই চারটি দেশের স্বার্থ।

এদিকে, গতকাল সোমবার রাতেই তিন শক্তি তাদের খসড়া প্রস্তাবে কিছুটা পরিবর্তন আনে। তাদের প্রস্তাব থেকে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের ব্যাপারটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির বৈঠকে যেকোনো নীতিনির্ধারণী বিষয় পাস করতে হলে কমপক্ষে সাতটি টেস্ট খেলুড়ে দেশের সমর্থন দরকার হয়। তিন অক্ষশক্তির এই প্রস্তাবটির বিপক্ষে চারটি দেশ অবস্থান নেওয়ায় বৈঠকে ব্যাপারটি পাস করা নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

তিন শক্তির প্রস্তাবে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে দলে ভেড়াতে সোমবার জোর প্রচেষ্টা হয় বলে জানা গেছে। তবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সমর্থন এই মুহূর্তে তিন শক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ।

এই চার দেশের জোট যদি অটল থাকে, তাহলেও তিন বোর্ডের প্রস্তাব পাস হবে না। আশরাফ বলেছেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা—আমরা সবাই অভিন্ন অবস্থান নিয়েছি। আমাদের চারজনেরই একই অবস্থান। তবে ভেতরে গিয়ে কে কাকে ভোট দেয়, সেটাই এখন দেখার। তবে আমরা আমাদের অবস্থানে অটল থাকব।’