'তিন জমিদার'কে আথারটনেরও ধিক্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক আথারটন
মাইক আথারটন

গোপন প্রস্তাব ফাঁস হওয়ার পর থেকেই প্রতিবাদে সরব হয়েছে তিন জমিদারের বাইরে থাকা বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড। প্রতিবাদের সেই কোরাসে শামিল হয়েছেন এই তিন দেশের অনেক ক্রিকেটব্যক্তিত্বও। একসময় আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বড় দায়িত্ব পালন করা দুই অস্ট্রেলীয় ম্যালকম স্পিড ও মালকম গ্রে গতকাল সরব সমালোচনা করেছেন। এবার প্রতিবাদটিকে আরও জোরাল করে তুললেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনও।

প্রস্তাবিত এই তথাকথিত সংস্কার নীতি ঝাঁঝাল ভাষায় সমালোচনা করেছেন আথারটন। আইসিসির মেরুদণ্ড দুর্বল বলেই অভিভাবক সংস্থাটিকে টেক্কা দিয়ে তাঁর নিজের দেশ ইংল্যান্ডসহ ভারত-অস্ট্রেলিয়া এমন একটা অযৌক্তিক প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন তিনি। আথারটন তাঁর কলামে লিখেছেন, স্বচ্ছ ও নিয়ম-নীতি বজায় থাকবে এমন প্রশাসনই এখন দরকার ক্রিকেট বিশ্বের। 

‘টাইমস’-এ আথারটনের কলামের শিরোনাম: ‘আইসিসির ক্ষমতা খর্বের পরিকল্পনা ক্রিকেটবিশ্বকে “বিভাজন ঝুঁকিতে” ফেলবে’। আথারটন লিখেছেন, ‘প্রস্তাবের ধরন খুবই উদ্ধত। এমন কঠোর কর্তৃত্ব বা একচেটিয়া দাপট সে শুরুর কথাই স্মরণ করিয়ে দেয়, যখন সংস্থাটির যাত্রা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে শুরু হয়েছিল।’

‘ইম্পেরিয়াল’ নামটির মধ্যেই কেমন জানি একটা সাম্রাজ্যবাদী গন্ধ আছে। আইসিসি আবার সেই ‘ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সে’র যুগে উল্টোযাত্রা শুরু করেছে বলে মনে করেন আথারটন। তাঁর কলমে সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছে আসলে আইসিসি। এ ধরনের পরিস্থিতিতে যে সংস্থাটির সবচেয়ে কঠোর অবস্থান নেওয়া উচিত ছিল, ‘সন্দেহ নেই, এখনো পর্যন্ত আইসিসির নীরব থাকা একেবারেই অগ্রহণযোগ্য: দুটি পূর্ণ সদস্যকে দুর্নীতিগ্রস্ত মনে করা হয়, চারটি আদতে কপর্দকহীন, অধিকাংশই ভারতের দানের ওপর নির্ভরশীল। উত্স অনুপাতে রাজস্বের ভাগ না পাওয়ায় ভীষণ অসন্তুষ্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।’

একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুললেও গত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা করেছিলেন সাবেক এ ইংলিশ অধিনায়ক। সে সময় ‘টাইমস’-এ নিজের কলামে লিখেছিলেন উদ্বোধনী অনুষ্ঠান আর প্রথম ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনার কথা। আথারটন লিখেছিলেন, ‘দেশটি হয়তো দরিদ্র, কিন্তু চেতনায় নয়। শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় সেরা দল হতে পারে, কিন্তু দেশটির লাখ লাখ মানুষ ক্রিকেটকে হূদয়ে লালন করে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়সংকল্প।’

ক্রিকেট, ক্রিকেটের প্রতি ভালোবাসা দিয়েই আথারটনের সপ্রশংস-দৃষ্টি কেড়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশসহ ক্রিকেটের দুর্বল-শক্তির দলগুলোর বিরুদ্ধে সংস্কারের নামে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালুর প্রস্তাবে আথারটন তাই সোচ্চার হলেন। ওয়েবসাইট।