'তিন জমিদার'কে উইজডেনের চাবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের ঐতিহ্য আর শুদ্ধতার প্রতীক উইজডেন। ক্রিকেটের ‘বাইবেল’ কখনো কখনো ক্রিকেটের বিবেকও। এই যেমন এখন। এমনিতে এবারের উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের মূল আলোচ্য হতে পারত অস্ট্রেলিয়া গিয়ে ইংল্যান্ডের ধবলধোলাই। যেটিকে বলা হচ্ছে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে ফল। অনেকটা জুড়ে থাকতে পারত বিতর্কিতভাবে কেভিন পিটারসেনকে বাতিলের খাতায় ফেলে দেওয়া। কিন্তু সব ছাপিয়ে গেছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোর্ডের ক্রিকেটবিশ্ব শাসন করার নির্লজ্জ ফন্দি। আলোচিত তিন জমিদারের পদক্ষেপকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন উইজডেন সম্পাদক লরেন্স বুথ।
সম্পাদকীয় বার্তায় বুথ লিখেছেন, ‘ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড মিলে গোপনে একটি নথি বানিয়ে সেটিকে বলছে খেলাটির ভবিষ্যৎ রক্ষাকবচ, আদতে যা তাদের নিজেদেরই সুরক্ষার জন্য। মোদ্দাকথা হলো, আইসিসির আরও বড় অংশ হাতিয়ে নিতে চেয়েছে বিসিসিআই। আর নিজেদের অংশটাও বাড়বে জেনে তা খুশিমনে মেনে নিয়েছে ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া। বাকিদের নিশ্চয়তা দেওয়া হয়েছে তাদেরও আগের চেয়ে ভালো হবে। সবার আয়ই বাড়বে, এমন একটা প্রস্তাবের বিরোধিতা করবে কে!’
উইজডেন সম্পাদক এটিকে তুলনা করেছেন ঔপনিবেশিক শাসনের সঙ্গে, ‘এখানেই চলে আসছে ঔপনিবেশিক ধরনের বিভাজন ও কর্তৃত্ব। এটাই ছিল আধুনিক ক্রিকেটের চাণক্যনীতি। তাদের প্রস্তাবকে এটা ছাড়া অন্য কিছু ভাবা মুশকিল: ধনীরা আরও অনেক বেশি ধনী হবে!’
ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্ককে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে উইজডেনে। দুই পৃষ্ঠার একটি লেখায় নিজেদের পক্ষে সাফাই গেয়ে সেই পুরোনো চর্বিতচর্বন আওড়ে গেছেন ক্লার্ক। তাতে মুখরক্ষার মতো তেমন কিছু করতেও পারেননি। বরং উইজডেনের এই সংখ্যা পড়লে আত্মোপলব্ধি কিছু হতে পারে ক্লার্কদের। সম্পাদকের বার্তায় একটি জায়গায় ‘ভারতের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান পোষা কুকুর’ দেখে লজ্জাও হতে পারে। অবশ্য চক্ষুলজ্জা থাকলে তো আর এমন কুপ্রস্তাব নিয়ে এগোত না তিন জমিদার! এএফপি, ওয়েবসাইট।