'তিনটি সংস্করণই দরকার'
সর্বকালের সেরা বোলারদের একজন। আশির দশকের বিখ্যাত চার অলরাউন্ডারের অন্যতম। রিচার্ড হ্যাডলি আপাতত ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেটের শুভেচ্ছাদূত। সম্প্রতি বিশ্বকাপ প্রচারণায় দিল্লিতে এসে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন এই জীবন্ত কিংবদন্তি

: একসঙ্গে তিন সংস্করণ, একটি থেকে আরেকটিতে দ্রুত মানিয়ে নেওয়ার কাজটা কতটা কঠিন?
রিচার্ড হ্যাডলি: আধুনিক ক্রিকেটের ধরনটাই এমন। ট্যাকটিক্যালিও এখন অধিনায়কদের ভিন্নভাবে ভাবতে হয়। দেখুন, টি-টোয়েন্টি হলো ক্রিকেটের স্রেফ একটি ধরন—ব্যক্তিগতভাবে আমি এটিকে সত্যিকারের ধরন মনে করি না—এখানে যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে। ফর্ম-টর্ম কোনো ব্যাপার না।
: দীর্ঘ সংস্করণের ব্যাপারটি তাহলে কেমন?
হ্যাডলি: দীর্ঘ সংস্করণে ক্রিকেটারদের একগুচ্ছ স্কিল, ট্যাকটিকস ও পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে হয় এবং ধারণ করতে হয়। টি-টোয়েন্টি হলো সবচেয়ে ঝুঁকির খেলা, ওয়ানডে মাঝারি ঝুঁকির, এরপর টেস্ট—ঝুঁকি কম কিন্তু টেকনিকের চূড়ান্ত পরীক্ষা এখানেই। টি-টোয়েন্টি ও ওয়ানডে বেশি বেশি খেললে অনেককেই টেকনিক নিয়ে ভুগতে হয়। সংক্ষিপ্ত সংস্করণে অনেক ঝুঁকি নিতে হয় বলে অনেকেই ফর্ম হারিয়ে ফেলে। টেস্ট খেলতে এলে তারা তখন টেকনিক্যালি অনাবৃত হয়ে যায়।
: তিন সংস্করণ কি দীর্ঘদিন একসঙ্গে টিকে থাকতে পারবে?
হ্যাডলি: একসঙ্গে টিকে থাকতেই হবে। ক্রিকেটে তিনটি সংস্করণই দরকার, সেটি টেস্ট ক্রিকেট নিয়ে খুব বেশি আপস করা ছাড়াই। এখনো অনেকেই টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখানে প্রতিপক্ষের স্কিল ও মনস্তত্ত্বকে নিজের পক্ষে কাজে লাগাতে হয়। সেটা করতে সময় লাগে। এটা অনেকটা মাঠে দাবা খেলার মতো। তবে স্পনসরশিপ ও রাজস্বও জরুরি। ক্রিকেটারদের বেতন, ভ্রমণখরচ, থাকা-খাওয়ার ব্যাপার দেখাশোনা করতে হয়। শুধু টেস্ট ক্রিকেট থেকে এত আয় সম্ভব নয়। আর জনপ্রিয়তার ওপর টিভিরও বড় এক প্রভাব আছে।
: ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে...
হ্যাডলি: বিশেষজ্ঞ ক্রিকেটার অনেক বেশি তৈরি হবে। বিশেষজ্ঞ বোলার, বিশেষজ্ঞ টেস্ট ব্যাটসম্যান, বিশেষজ্ঞ ওয়ানডে ক্রিকেটার, ভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্ন দল। খেলোয়াড় ব্যবস্থাপনা হয়ে উঠবে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার।
: এত সাপোর্ট স্টাফ ও অত্যাধুনিক সুযোগ-সুবিধার পরও হ্যাডলি বা কপিলের মতো লম্বা ক্যারিয়ারের বোলার এখন আর দেখা যাচ্ছে না...
হ্যাডলি: হয়তো আমরাই ছিলাম ব্যতিক্রম! (হাসি) সত্যি করে বলতে, আমাদের ট্রেনিংয়ের টেকনিক ছিল দারুণ। খুব বেশি জিম করিনি আমরা। সহ্যক্ষমতা বাড়ানোর জন্য সাধারণ দৌড়, স্ট্যামিনা বাড়ানোর জন্য স্প্রিন্ট আর বোলিং ক্ষুরধার করার জন্য শুধু বোলিং, বোলিং ও আরও বেশি বোলিং করে যাওয়া। ট্রেনিং ও বোলিং, দুটির জন্যই এটি খুব কার্যকর, নির্ভরযোগ্য এবং ধারাবাহিক টেকনিক। টানা অনেকক্ষণ ধরে একই জায়গায় বল ফেলার অনুশীলন করে যেতে হবে।
: আধুনিক টেনিংয়ের ধরন তাহলে সব সময় কাজে দেয় না!
হ্যাডলি: ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া মনস্তত্ত্ব, ডাক্তার, ট্রেনার, ফিজিওদের ওপর আমার শ্রদ্ধা আছে। তবে এসব হলো স্রেফ কিছু হাতিয়ার যা ক্রিকেটাররা কাজে লাগাতে পারে। আমি শুধু বোলিং করে গেছি, বোলিং করেই আমার শারীরিক গড়ন দাঁড়িয়ে গেছে। এখন কেউ হয়তো ভারোত্তোলন করে নিজের শারীরিক গঠন অনেকটাই বদলে ফেলল, কিন্তু বোলার হিসেবে এটা কীভাবে বদলে দেবে? জিমে হয়তো পেশিকে ঠিকঠাক ও শক্তিশালী করা যায়, কিন্তু একজন বোলারের জন্য মূল হলো পেশির স্থিতিস্থাপকতা।
: ২০১৫ বিশ্বকাপ কী অপেক্ষায় রেখেছে?
হ্যাডলি: শুরু হিসেবে শুধু এটুকু জানিয়ে রাখতে পারি, একই ভিসায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে। নিউজিল্যান্ডে আমরা হাজার পঞ্চাশেক পর্যটক আশা করছি।
: এই সময়ে আপনার প্রিয় বোলার?
হ্যাডলি: ডেল স্টেইন। সে বিস্ময়কর, অসাধারণ। খুব চতুর, দারুণ গতিময়, স্কিল অসাধারণ। সব সংস্করণেই ওর স্ট্রাইক রেট অতিমানবীয়। ওর চোখের দিকে তাকালেই এই সবকিছু পড়ে ফেলা যায়। ব্যাটসম্যানের মনে ভয় ধরিয়ে দেওয়ার সামর্থ্য আছে ওর।
: প্রিয় ব্যাটসম্যান?
হ্যাডলি: বিরাট কোহলি। দারুণ নিয়ন্ত্রিত, কোনো তাড়াহুড়ো নেই, উইকেটে সব সময়ই ভালো মনে হয়, চারপাশে শট খেলে। গায়ের জোরে শট খেলার সামর্থ্যও আছে। সে চাপটা বোলারদের ওপর চাপিয়ে দেয়, বোলারদের মনে ভয়ের অনুভূতি জাগিয়ে দেয়। ওর কবজিও দারুণ!
: প্রিয় অলরাউন্ডার?
হ্যাডলি: অলরাউন্ডার কোথায়! হয়তো অবসর নেওয়ার আগ পর্যন্ত জ্যাক ক্যালিসই ছিল। পরিসংখ্যানগতভাবে হয়তো সর্বকালের সেরা। তবে সোবার্সের মতো সহজাত ও সপ্রতিভ নন। জ্যাক ছিল প্রাতিষ্ঠানিক, হিসাবি, পেশাদারি ও চমৎকার!
: নিজ দেশের প্রিয় ক্রিকেটার?
হ্যাডলি: কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া সেরা ব্যাটসম্যানদের একজন। এখনো অনেক তরুণ, সময়ের সঙ্গে সর্বকালের সেরাদের একজন হবে।