ক্রীড়া প্রতিবেদক l সাকিব আল হাসান তাঁর কাছে ‘তুমি’। এনামুল হকও ‘তুমি’, আবার মাহমুদউল্লাহও। ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর কাছে সব প্রজন্মের সবাই ‘তুমি।’ তা বর্তমান সময়ের সব ক্রিকেটারকে ‘তুমি’ সম্বোধন করার মতো অধিকার তাঁর থাকতেই পারে। কিন্তু ব্যক্তিগত আলাপচারিতা কিংবা ঘরোয়া আড্ডা আর ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো এক নয়! অথচ পুরস্কার বিতরণীতে সব ক্রিকেটারকেই ‘তুমি, তোমরা’ করেন শামীম আশরাফ। শুধু এই বিজয় দিবস ক্রিকেটে নয়, গত নিউজিল্যান্ড সিরিজেও এই দৃষ্টিকটু ও শ্রবণকটু কাজটি করে গেছেন শামীম আশরাফ। এক জাতীয় ক্রিকেটার তো কাল বলেই ফেললেন, ‘আনুষ্ঠানিক একটা বিষয়কে উনি ঘরোয়া আড্ডা বানিয়ে ফেলেছেন!’
ভুল করে?
দলে ফিরে করেছেন জোড়া গোল। কিন্তু সেটা উদ্যাপন করতে গিয়েই ভুলটা করে ফেলেছেন ওয়েস্টব্রম স্ট্রাইকার নিকোলাস আনেলকা। পরশু ওয়েস্টহামের বিপক্ষে গোল করেই ডান বাহু নিচে নামিয়ে একটা ভঙ্গি করেছেন। এখন এটা নিয়েই চলছে তোলপাড়। এই বিশেষ ভঙ্গিটা নাকি ‘নাৎসি স্যালুটের’ একটা ধরন। এর মধ্যেই টুইটারে আনেলকাকে ‘বর্ণবাদী’ বলেও অনেকে কষে গালাগালি করছেন। তবে ফ্রেঞ্চ স্ট্রাইকারের দাবি, বন্ধু ও কৌতুকাভিনেতা দিউদোনেকে অনুকরণ করেই এটা করেছেন। যে জন্যই করুন, সম্ভবত পার পাবেন না। এফএ যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করবে। এএফপি।
উদ্যাপন
চুল কেটে গোল উদ্যাপন! পরশু ফুলহামের বিপক্ষে ম্যাচে অভিনব এই কাণ্ডই করেছেন হাল সিটির মিডফিল্ডার টম হাডলস্টোন। দলের চতুর্থ গোলটি করেই হাডলস্টোন দৌড়ে যান সাইডলাইনে। কাঁচি হাতে আগে থেকেই প্রস্তুত থাকা দলের এক কর্মকর্তা ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দেন হাডলস্টোনের আড়াই বছরেরও বেশি বয়সী চুল। এর মাধ্যমে হাডলস্টোন একটা প্রতিজ্ঞাই রক্ষা করলেন। টটেনহামে থাকতে এই মিডফিল্ডার সর্বশেষ গোল করেছিলেন ২০১১ সালের এপ্রিলে, আর্সেনালের বিপক্ষে। এরপরই বাজি ধরেন, আবার গোল না করা পর্যন্ত চুল কাটাবেন না। দীর্ঘ দিনে জটা ধরা চুলগুলো হাডলস্টোন দান করেছেন দাতব্যকাজে অর্থ সংগ্রহে। এএফপি।