লিওনেল মেসির সঙ্গে তুলনাটাকে আপনি কীভাবে দেখেন? উত্তরে ক্রিস্টিয়ানো রোনালদো দিলেন চমক জাগানো এক উদাহরণ। একটি জার্মান সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘তুলনাটা ফেরারির সঙ্গে পোরশের!’ তবে কে ফেরারি গাড়ি আর কে পোরশে, সেটা অবশ্য স্পষ্ট করেননি রোনালদো। সেটা কি কোনো বিষয়? উত্থান-পতনে ভরা ফুটবল-বিশ্বে গত পাঁচ বছর বা তার বেশি সময় ধরে তাঁদের গলাগলি প্রতিদ্বন্দ্বিতাটাই কেবল স্থির। বিশ্ব ফুটবলের সবচেয়ে মহার্ঘ এই প্রতিদ্বন্দ্বিতাটা ২০১১ সালে ছিল আরও জমাট। ব্যক্তিগত দ্বৈরথটা তাঁরা নিয়ে গেছেন আলাদা উচ্চতায়। পাল্লা দিয়ে গোল করেছেন, প্রায় এক হাতে লিখেছেন দলের ভাগ্য, একটা রেকর্ড গড়েছেন তো পরে তৈরি হয়েছেন আরেকটার জন্য।বছর শেষে মেসির চেয়ে রোনালদো এক গোলে এগিয়ে। রিয়ালে পর্তুগিজ তারকা করেছেন ৬০ ম্যাচে ৬০ গোল! মেসি ৭০ ম্যাচে ৫৯টি। দুটি সংখ্যাই বিস্ময়কর। কতটা, অনুধাবন করা যায় তৃতীয় সর্বোচ্চ গোলদাতার দিকে তাকালেই। তিন নম্বরে আর্সেনালের অধিনায়ক রবিন ফন পার্সি, তাঁর গোল ৩৪টি!তাঁদের অধিকাংশ গোলই আবার দলের অনুপ্রেরণার উৎস হয়েছে। ক্ষ্যাপা ষাঁড়ের মতো দাঁড়িয়ে রোনালদোকে ফ্রি-কিক নিতে দেখাটা বিশেষ কিছু। মানবদেয়ালের ওপর দিয়ে শট, বল বাঁক খেয়ে এমনভাবে জালে ঢুকে যায়, বিশ্বের কোনো গোলরক্ষকের পক্ষেই তা সেভ করার সুযোগ থাকে না। কিংবা মুখে শিশুসুলভ হাসি নিয়ে ছোট ছোট পায়ে বল নিয়ে মেসির দৌড়ে এগিয়ে যাওয়া, গোলরক্ষক ভুল পায়ে এগিয়ে আসতেই দেখেশুনে বল লক্ষ্যে পৌঁছে দেওয়া—এককথায় জাদু!কেউ ভাবতে পারেন গোল করাটাই ফুটবলে সবকিছু। এটাও ভুল প্রমাণ করে দিয়েছেন এই দুজন। গোল করতে যেমন দক্ষ, সতীর্থদের দিয়ে গোল করাতেও তেমন। বার্সেলোনার বড় ভরসা দল হয়ে খেলা। সতীর্থদের দিয়ে ২৮টি গোল করিয়ে মেসি সেই ভরসার মর্যাদা রেখেছেন ভালোমতোই। রিয়ালে একমেবাদ্বিতীয়ম রোনালদো সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল। রোনালদোর অবশ্য একটা বদনাম আছে, দলের অতিপ্রয়োজনীয় সময়ে জ্বলে উঠতে পারেন না, যেমন গত এল ক্লাসিকোতে। মেসি আবার বড় ম্যাচের খেলোয়াড় হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ—বার্সেলোনাকে অতিকাঙ্ক্ষিত দুটি শিরোপা জেতাতেই মেসি করেছেন গোল। তবে হ্যাঁ, বর্তমানের সেরা দুই মিডফিল্ডার জাভি ও ইনিয়েস্তা বলের জোগান দিয়ে যান তাঁকে।এই ব্যাখ্যাটাই খাটে, যখন মেসি আর্জেন্টিনার জার্সি পরে নিজেকে একইভাবে মেলে ধরতে ব্যর্থ হন। বছরে আর্জেন্টিনার হয়ে করেছেন ১১ ম্যাচে মাত্র ৪ গোল। উল্টো পিঠে জাতীয় দলের জার্সিতেও রোনালদোর ব্যক্তিগত ঔজ্জ্বল্য প্রমাণ করে গোল করায় তিন অন্যদের ওপর অপেক্ষাকৃত কম নির্ভরশীল। পর্তুগালের হয়ে বছরে ৯ ম্যাচে ৭ গোল তাঁর।জোর প্রতিদ্বন্দ্বিতা হবে ফিফা বর্ষসেরা পুরস্কারেও। যেখানে মেসিই এগিয়ে আছেন বলে ধরে নিয়েছেন সবাই। ওয়েবসাইট।