'তুলনাটা হবে কমলার সঙ্গে আপেলের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারি রিচার্ডস
ব্যারি রিচার্ডস

বর্ণবাদের কারণে বিশ্ব ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র চারটি টেস্ট খেলেছেন ব্যারি রিচার্ডস। ওই চার টেস্টেই দেখিয়েছেন কী মাপের ব্যাটসম্যান ছিলেন তিনি। প্রোটিয়া কিংবদন্তি রিচার্ডস ভারতীয় এক পত্রিকার সঙ্গে কথা বলেছেন টেন্ডুলকার-পরবর্তী যুগের ভারতীয় ব্যাটিং নিয়ে। উঠে এসেছে জ্যাক ক্যালিসের অবসর-প্রসঙ্গও—

l ভারতের এই যে আনন্দদায়ী পারফরম্যান্স—এতে কি আপনি বিস্মিত?
ব্যারি রিচার্ডস: অবশ্যই। ওয়ানডে সিরিজে সংগ্রাম করার পর তারা যেভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে তাতে আমি খুশিও। ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে শেখাটা ভালো দলের বৈশিষ্ট্য। আর এসব গুণ যে তাদের মধ্যে আছে তা তারা দেখিয়েছে।
l একজন ব্যাটিং কিংবদন্তি হিসেবে চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
রিচার্ডস: নিঃসন্দেহে তারা ভালো খেলোয়াড়। তাদের মতো মানসম্পন্ন খেলোয়াড় পাওয়াটা ভারতের জন্য ভালো। খেলোয়াড় হিসেবে তারা আলাদা হলেও তাদের মধ্যে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারের রানের ক্ষুধাটা দেখতে পাচ্ছি
l তাহলে দ্রাবিড় ও টেন্ডুলকারের মতোই ভালো হবেন তাঁরা?
রিচার্ডস: কিংবদন্তিদের জুতা পায়ে গলানোটা সব সময়ই কঠিন। তবে অবশ্যই তারা সঠিক পথেই রয়েছে। যখন তাদের মতো কিংবদন্তিরা চলে যায়, একটা সময়ের জন্য অবশ্যই তাদের অভাব অনুভূত হয়। ক্যালিসের চলে যাওয়ার পর যেটা উপলব্ধি করবে দক্ষিণ আফ্রিকা।

l অবসরে যাওয়ার সিদ্ধান্তটা কি সঠিক সময়ে নিলেন ক্যালিস?

রিচার্ডস: সিদ্ধান্তটা তার, আমাদের মেনে নিতে হবে তা...তবে সে হয়তো অনুভব করেছে যে টেস্ট খেলা চালিয়ে যাওয়ার আগ্রহটা ফুরিয়ে গেছে। সিদ্ধান্তটা সে কারণেই।

l সমালোচকেরা বলছেন ফাস্ট বোলারদের বিপক্ষে ক্রিজে তাঁর পা নড়ে না বলেই অবসরে যাচ্ছেন ক্যালিস। পরের সিরিজে মিচেল জনসনের মুখোমুখি হতে না চাওয়াও একটা কারণ...

রিচার্ডস: সমালোচকেরা যা বলতে চায়, তাদের বলতে দিন...ক্যালিসকে নিয়ে এমনটা তারা আগেও বলেছে। সেঞ্চুরি করেই রানখরা কাটিয়েছে ক্যালিস। তার পা যদি না-ই নড়ত, সব সময় সে ওটা নিয়েই কাজ করত। তা ছাড়া জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে সে।

l ২০১৫ বিশ্বকাপ খেলার দরজা খোলা রাখাটা কি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত?

রিচার্ডস: এই মুহূর্তে বলা কঠিন। ক্যালিসকে আমি জানি, বিশ্বকাপ দলে থাকার জন্য কঠোর পরিশ্রম করবে...বিশ্বকাপের অধরা স্বপ্নটার কথা যদি সে ভেবে থাকে, তবে ক্রিকেট ছাড়ার আগে তা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই সে করবে।

l স্যার গ্যারি সোবার্সের বিপক্ষে খেলেছেন...গ্যারি এবং ক্যালিসের তুলনা করবেন কীভাবে?

রিচার্ডস: এক যুগের সঙ্গে আরেক যুগের তুলনা কখনো আমি করি না। সবকিছুই আলাদা। তুলনা করতে গেলে সেটা হবে কমলার সঙ্গে আপেলের তুলনার মতো। স্যার গ্যারি ছিলেন অসাধারণ অলরাউন্ডার, তার সময়ের সেরা, ক্যালিসও তাই। নিজেদের কীর্তিতেই গ্রেট হিসেবে তাঁরা স্মরণীয় হয়ে থাকবেন।