‘তেভেজের আচরণ ক্ষমার অযোগ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে কার্লোস তেভেজের আচরণ ‘ক্ষমার অযোগ্য’ বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিস লি।মানচিনির নির্দেশনার পরও গত মঙ্গলবার মাঠে নামতে অস্বীকৃতি জানানোর অভিযোগে আপাতত দুই সপ্তাহের জন্য বহিষ্কার করা হয়েছে তেভেজকে। একই সঙ্গে এই ঘটনার তদন্তও চলবে। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে অবশ্য অনেকে পরামর্শ দিচ্ছেন ম্যানেজার মানচিনির কাছে ক্ষমা চেয়ে নিতে। তবে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তেভেজ।বিবিসি রেডিও ৫-কে দেওয়া সাক্ষাত্কারে ফ্রান্সিস লি বলেছেন, তেভেজের আচরণ ক্ষমার অযোগ্য। আমি জানি না, ওর মনে আসলে কী আছে।’ম্যানচেস্টার সিটির হয়ে ২৫০টি ম্যাচে অংশ নিয়েছেন লি। গোল করেছেন ১১২টি। ইংল্যান্ডের সাবেক এই স্ট্রাইকার চান, দৃষ্টান্তমূলক শাস্তি হোক তেভেজের।লি বলেছেন, ‘আপনি যখনই মাঠে নামতে অস্বীকৃতি জানাবেন, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তেভেজের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমার মনে হয়, সবাই তা মেনে নেবে। এই ধরনের ফুটবলারদের বোঝানো উচিত, চুক্তিতে যা-ই লেখা থাক না কেন, ভবিষ্যতে কেউ এমন আচরণ করলে তাঁকে ছুড়ে ফেলা হবে।’ বিবিসি।