'তোমরা সবাই অলরাউন্ডার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রুম টু রিড’ প্রকল্পের আওতায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন ও খেলার সুযোগ পায় ১৫ খুদে ছাত্র। খেলা শেষে তাদেরই একজনের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন তিলকরত্নে দিলশান। কাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে । প্রথম আলো
‘রুম টু রিড’ প্রকল্পের আওতায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন ও খেলার সুযোগ পায় ১৫ খুদে ছাত্র। খেলা শেষে তাদেরই একজনের ব্যাটে অটোগ্রাফ দিচ্ছেন তিলকরত্নে দিলশান। কাল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে । প্রথম আলো

লাইনে দাঁড়ানো শিশুদের সামনে যখন ক্রিকেটাররা আসছিলেন একে একে, তখন ভয়ে ভয়ে বাচ্চারা আগ বাড়িয়ে বলে উঠছিল ‘মালিঙ্গা, সাঙ্গাকারা, মাহেলা...।’ শিশুদের কাছে নিজেদের জনপ্রিয়তা দেখে মজাই পাচ্ছিলেন বিখ্যাত এই মানুষগুলো। আর স্বপ্নের ক্রিকেটারদের ছুঁয়ে দেখতে হাত বাড়িয়ে দিচ্ছিল শিশুরা।
এমন একটি সুযোগ পেয়ে অভিভূত-আপ্লুত ১৫ শিশুর এই দলটি। ‘আমি তো ভাবতেই পারিনি সাঙ্গাকারাকে সামনে থেকে দেখব। তাঁর সঙ্গে খেলব। দারুণ একটি সময় কাটিয়েছি আমরা’—বলল পঞ্চম শ্রেণীর ছাত্র রনি।
রনিসহ সৌভাগ্যবান এই ১৫ শিশু শিক্ষার্থী প্রিয় ক্রিকেটারদের দেখতে চট্টগ্রাম ছুটে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তারা। প্রায় সবাই পঞ্চম শ্রেণীর। ‘রুম টু রিড’ নামের একটি প্রকল্পের আওতায় তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলটির সঙ্গে অনুশীলন ও খেলার সুযোগ পায়।
শ্রীলঙ্কা দল সকালে এমএ আজিজ স্টেডিয়ামে অনেকক্ষণ অনুশীলন করে। এর পর সাঙ্গাকারারা শিশুদের সঙ্গে দুটি দলে ভাগ হয়ে ক্রিকেট খেলায় মেতে ওঠেন। দুই দলের অধিনায়কই ছিল শিক্ষার্থী। এক দলে পবন ও অন্য দলে রনি। টেনিস বলে খেলল সিক্স-এ-সাইড ক্রিকেট। এখন পর্যন্ত বিশ্বকাপে সুযোগ না পেলেও কাল রঙ্গনা হেরাথ এই ম্যাচটিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, আম্পায়ার।
আম্পায়ার হেরাথের পাশ ঘেঁষে তখন বোলিং করছিল মাহমুদ হাসান। সে কনুই বাঁকা করে বল করছিল। এটি দেখে হেরাথ তাকে হাত সোজা করে কীভাবে বল করতে হয় তা শিখিয়ে দিচ্ছিল।
মাহমুদ হাসান এমন টোটকা পেয়ে দারুণ খুশি, ‘আমি হাত বাঁকিয়ে বল করছিলাম তো সে জন্য...।’
শিশুদের সঙ্গে ক্রিকেটারদের এই ম্যাচের জন্য মাঠের এক কোণে ছোট বাউন্ডারি তৈরি করা হয়। খেলা শুরুর আগে চান্ডিমাল, সাঙ্গাকারারা একে একে প্রত্যেকের কাছে জানতে চান কে ব্যাটসম্যান কে বোলার। ব্যাটিং-বোলিং দুটিতেই পারদর্শিতার কথা জেনে সাঙ্গাকারা হেসে ওঠেন, ‘ইউ অল আর অলরাউন্ডারস!’
রনির দলের উইকেটকিপারের দায়িত্বে ছিলেন তিলকরত্নে দিলশান। তাঁকে খুব একটি বল ধরতে হয়নি। কারণ বেশির ভাগ বলই ব্যাটে খেলেছে শিশুরা। শেষ পর্যন্ত রনির দল হেরে যায় পবনের দলের কাছে।
পরে তারা প্রিয় ক্রিকেটারদের সঙ্গে তুলল গ্রুপ ছবি। শুধু কি গ্রুপ, একক ছবিও তুলল অনেকে। আর খাতা, বল ও ব্যাটে অটোগ্রাফ তো থাকল বাড়তি পাওয়া। ছাত্রদের সঙ্গে আসা শিক্ষক ও কর্মকর্তারাও এই দৌড় থেকে বাদ যাননি।
প্রকল্পটির কর্মকর্তা সাইফুর রহমান জানালেন, ‘বিশ্বের ১২টি দেশে রুম টু রিডের কার্যক্রম রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ১৫০টি স্কুলে এই কার্যক্রম আছে। সেখান থেকে এই স্কুলটিকে বেছে নেওয়া হয়। আইসিসির সঙ্গে প্রকল্পের একটি চুক্তির অংশ হিসেবে সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।’
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে যখন এটি তাদের জানানো হয়, সবাই ফেটে পড়ে উল্লাসে। তার পর থেকেই ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার জন্য ক্ষণগণনার শুরু। গতকাল শনিবার এল সেই দুর্লভ সুযোগ। তার আগে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়, ওয়ার সিমেট্রি ও জাদুঘর দেখার সুযোগও মিলেছে তাদের।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে ক্রিকেট নায়কদের সঙ্গ। ‘আমরা আনন্দিত। তাঁরা আমাদের সঙ্গে খুবই আন্তরিক ছিলেন। খেলার পর জানতে চাইলেন খেলা নিয়ে জানার আছে কি না’—বলল পবন।
এই আনন্দানুভূতি নিয়ে কাল বিকেলেই ব্রাহ্মণবাড়িয়ার বাস ধরেছে শিশুরা। যেতে যেতে মুঠোফোনে বাবা-মায়েদের সঙ্গে ক্রিকেটারদের নিয়ে গল্পও বলেছে অনেকে।