‘দক্ষিণ আফ্রিকার কোচ হওয়া দারুণ ব্যাপার’
ভারতের কোচ হিসেবে পুরোপুরি সফল একটা সময় কাটানোর পর এবার নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন গ্যারি কারস্টেন। আজ সোমবারই হয়তো কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর নাম। নিজ দেশের কোচের দায়িত্বটাকে অনেক বড় এক সম্মান হিসেবেই দেখছেন সাবেক এই উদ্বোধনী ব্যাটসম্যান।প্রায় এক দশক ধরে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং অর্ডারে অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন কারস্টেন। এবার কোচ হিসেবেও সফল হতে পারবেন বলে আশা করছেন তিনি। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আশা করছি, আমি দক্ষিণ আফ্রিকার কোচের ভূমিকাটা উপভোগ করতে পারব। এটা আমার নিজের দেশ। সবাই আমার নিজের মানুষ। এটিই সবচেয়ে বড় ব্যাপার। আমার কাছে এটা অনেক বড় সম্মান।’বিশ্বকাপের পরপরই প্রোটিয়া কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল কুরি ফন জিলকে। নতুন কোচ হিসেবে কারস্টেনই ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ। একই সঙ্গে পাকিস্তানের সাবেক কোচ রিচার্ড পাইবাসের নামও শোনা যাচ্ছিল বেশ জোরের সঙ্গেই। কিন্তু শেষ পর্যন্ত কারস্টেন দায়িত্ব নিতে রাজি হওয়ায় বিকল্প কোনো চিন্তা করতে হয়নি প্রোটিয়াদের। ইএসপিএন।