৩৮ বছরের কোচিং ক্যারিয়ারে ইন্টার মিলান, লিভারপুলের মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন। তবে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ কোচ হওয়াটাই রয় হজসনের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ কোচ বললেন ব্রাজিল বিশ্বকাপ নিয়ে

বিশ্বকাপে ফেবারিট কারা?
রয় হজসন: সবাইকেই মেনে নিতে হবে, দক্ষিণ আমেরিকার কোনো দেশই ফেবারিট। কারণ, তারা খেলবে নিজেদের মহাদেশে। দক্ষিণ আমেরিকায় আগের সব বিশ্বকাপেই তারা জিতেছে। সরাসরি বলা যায় ব্রাজিল-আর্জেন্টিনার কথা। হয়তো উরুগুয়েও, ওদেরও বিশ্বকাপ রেকর্ডটা ভালো। ইউরোপীয়দের মধ্যে পরিষ্কার জার্মানি ও স্পেন, গত কয়েক বছরে ওরা দারুণ সফল।
এই বিশ্বকাপের কালো ঘোড়া কারা?
হজসন: দক্ষিণ আমেরিকান যোগসূত্রের জন্য কলম্বিয়া ও চিলির নাম বলব। এ দুই দল ইউরোপিয়ানদের চমকে দিতে পারে। চিলির সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি, নভেম্বরে ওয়েম্বলির সেই ম্যাচে ওরা দারুণ করেছিল। ইতালি কনফেডারেশনস কাপে ভালো করেছে। অভিজ্ঞতা তাদের এগিয়ে রাখবে, আমি ওদেরও কালো ঘোড়া বলতে চাই। আফ্রিকা বা মধ্য আমেরিকার দেশগুলো নিয়ে খুব বেশি জানি না।
ইতালি, উরুগুয়ে, কোস্টারিকাকে নিয়ে ইংল্যান্ডের গ্রুপটা কেমন?
হজসন: ইতালি ও উরুগুয়ে প্রতিপক্ষ হিসেবে থাকায় গ্রুপটা কঠিন। দুটির জায়গায় এক গ্রুপে তিনটি বাছাই দল, এটা আসলেই দুর্ভাগ্যজনক। একদিক দিয়ে ড্রটা ভালোই হয়েছে। রিওকে ঘাঁটি করার কারণে আমাদের ম্যাচগুলো সাও পাওলো ও বেলো হরিজেন্তেতে খেলতে সুবিধা হবে। শুধু মানাউসের ভ্রমণটাই আমাদের জন্য লম্বা।
আগের আসরগুলোতে তথাকথিত সহজ গ্রুপের চেয়ে ইংল্যান্ড কঠিন গ্রুপেই ভালো খেলেছে। এটা কি ইতালি ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে রাখবে?
হজসন: এটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। কোনটা সহজ বা কোনটা সহজ নয়? এবারের ভাবনা হলো, আমাদের গ্রুপটা সহজ হয়নি। এতে ভালোই হয়েছে মনে করি। বিশ্বকাপের ৩২টি দলই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে, নিজেদের সেরাটাই ঢেলে দেবে। এর মানে কোনো ম্যাচই আপনার জন্য সহজ হবে না। আপনি শুধু আশা করতে পারেন প্রতিপক্ষের চেয়ে আপনার মানটা ভালো এবং তা ধরে রাখা যাবে।
ইংল্যান্ডের ইউরো ২০১২ অভিযান থেকে কী শিক্ষা নিয়েছেন?
হজসন: একটা শিক্ষা হচ্ছে আমাদের ভালো একটা স্কোয়াড ও ভালো কোচ দরকার। আপনার এমন অনেক খেলোয়াড় দরকার, যাদের প্রথম একাদশে খেলার যোগ্যতা আছে। কারণ, বিশ্বকাপে খুব কম সময়ের ব্যবধানে আপনাকে ম্যাচগুলো খেলতে হবে। সেটা শারীরিকভাবেও ক্লান্তিকর। আমার মনে হয় ইতালির সঙ্গে আমরা বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম, যদিও টাইব্রেকারে গিয়েছিলাম। শুরুর দিকে আমরা সজীব ছিলাম। এবারও আমাদের এটা মাথায় রাখতে হবে, গ্রুপ পর্ব পার হলে এ ধরনের পরিস্থিতি সামলানোর মতো খেলোয়াড় আমাদের থাকবে। আমাদের পর্যাপ্ত খেলোয়াড় থাকতে হবে, যাতে সবাইকে বিশ্রাম দেওয়া যায়।
বিশ্বকাপে ইংল্যান্ডের কোচ হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কী?
হজসন: খেলোয়াড়দের সেরা সমন্বয়টা বেছে নেওয়া। দলের মধ্যে বিভেদ কীভাবে সবকিছু শেষ করে দিতে পারে, সেই ইতিহাস আমরা জানি। ২০০২ সালে ফ্রান্স ও পরে ডাচ দলে কয়েকবার এমন সমস্যা হয়েছে। বিশ্বকাপ কখনোই সহজ নয়, কারণ একজন খেলোয়াড়কে দৈনন্দিন ছকের বাইরে পাঁচ থেকে ছয় সপ্তাহ কাটাতে হয়। দেশের সবার প্রত্যাশার চাপ মাথায় নিয়েই মনোযোগী হতে হবে।
বাজিকরদের দৃষ্টিতে ইংল্যান্ড ১১ নম্বর ফেবারিট। দলের শক্তিমত্তার এটা কি যথার্থ বহিঃপ্রকাশ?
হজসন: আমি এসবকে অতটা গুরুত্ব দিচ্ছি না। আপনি ব্যাপারটা ক্যাথেড্রাল ফেস্টিভ্যাল বা গ্র্যান্ড ন্যাশনালের ঘোড়দৌড়ের সঙ্গে তুলনা করতে পারেন। একজন বিশেষজ্ঞ হয়তো সেরা ঘোড়াটি বাছাই করতে পারবে, কিন্তু কোনটি জিতবে সেটা কে বলতে পারে? আমরা ফেবারিটদের তালিকায় শুরুতে না শেষে, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই।
অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন, ১৯৮৬ সালের পর থেকে সেই মানের বিশ্বকাপ হয়নি। চ্যাম্পিয়নস লিগের উত্থানও এতে প্রভাব ফেলেছে। এটা কি ঠিক?
হজসন: আমি ১৯৯৪ সালে সুইজারল্যান্ডের কোচ ছিলাম। আমার তো মনে হয় সেই বিশ্বকাপ ছিল অসাধারণ। আসলে বিশ্বকাপ ভালো হয় কীভাবে? রোমাঞ্চকর ম্যাচ? অনেক গোল? এটা সরলীকরণ। চ্যাম্পিয়নস লিগে কয়টা দুর্দান্ত ম্যাচ হয়? সে রকম ফাইনালই বা কয়টা হয়েছে? আসলে খেলা যত বেশি গুরুত্বপূর্ণ, সেটা তত কম আকর্ষণীয় হওয়ার ঝুঁকি থাকে।
অন্য দলের একজনকে বেছে নেওয়ার সুযোগ পেলে কাকে নেবেন?
হজসন: লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ওর একটা লড়াই হবে। দুজনেই আসলে খেলার মোড়টা ঘুরিয়ে দিতে পারে। যেকোনো একজনকেই আসলে নেওয়া যায়। তবে একজনকে নিলে সেটা মেসিই হবে।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরের আবহ কেমন?
হজসন: খুবই ভালো। গত মার্চে ডেনমার্কের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য ৩০ জন খেলোয়াড়কে এক করেছিলাম। আমার ভয় ছিল, এতে না আবার সমস্যা হয়। কিন্তু তারা দারুণ জোটবদ্ধ ছিল।