‘দর্শকদের ধন্যবাদ’
পরশু খেলা শেষে বাংলাদেশ দলের কয়েক ক্রিকেটার মাঠ প্রদক্ষিণ করে জবাব দিয়েছেন দর্শক-অভিনন্দনের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানও বলেছেন, দর্শকদের এমন সমর্থন অভূতপূর্ব। ক্রিকেটাররা আবারও জানলেন, দর্শকই তাঁদের বড় শক্তি।পরশু ম্যাচ শেষেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে ছিল হাজার হাজার সমর্থকের ভিড়। জাতীয় দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল এই উন্মাদনাকে বলেছেন অবিশ্বাস্য, ‘আমরা এমনিতেই আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলার চেষ্টা করছি।্রদর্শকদের কারণে তার চেয়ে অন্তত ৫ শতাংশ বেশি দিচ্ছে সবাই। তারা আমাদের এতটা সমর্থন দেবে, এটা আশাই করিনি।’দর্শকদের ধন্যবাদ দিয়ে তামিম বলেছেন, ‘মানুষ আমাদের এতটা ভালোবাসে, আগে বুঝিনি। শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই আমাদের ভালো খেলতে হবে।’ তামিমের আশা, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও দর্শক তাঁদের পাশে থাকবে, ভাসিয়ে দেবে সমর্থনের জোয়ারে।পরশু বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ২৪ হাজার ৭৪১ জন দর্শক। পুরো ম্যাচেই ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছে তারা। বাংলাদেশের বোলারদের সঙ্গে দর্শকদের এই গর্জনও খেলা কঠিন করে দিয়েছিল আইরিশদের জন্য। গ্যালারিতে পতপত করে উড়েছে লাল-সবুজ পতাকা। দর্শকদের সাজসজ্জায়ও ছিল লাল-সবুজ। বিশ্বকাপকে ঘিরে মানুষের এমন উন্মাদনা এ দেশের ক্রিকেট আগে দেখেনি।দর্শকদের বাংলাদেশের ক্রিকেটের বড় শক্তি বলেছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। বাংলাদেশ কোচ জেমি সিডন্সও মনে করেন, খেলোয়াড়দের সঙ্গে ‘দ্বাদশ ব্যক্তি’ হিসেবে খেলছে দর্শকেরা। আর বিদেশি প্রচারমাধ্যমে তো এ দেশের দর্শক-বন্দনা প্রতিদিনই থাকছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে পরশুর ম্যাচ—স্টেডিয়ামমুখী জনস্রোত দেখে বিস্মিত হচ্ছেন বিদেশি সাংবাদিকেরাও।