নিজের দেশ কলম্বিয়াকে বিশ্বকাপে তুলতে পারেননি গতবার। তার আগে ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হয়েছেন কোস্টারিকাকে নিয়েও। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কোস্টারিকাকে নিয়ে বিশ্বকাপ যাচ্ছেন
হোর্হে লুইস পিন্টো। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ান কোচ জানালেন তাঁর লক্ষ্যটা

ব্রাজিল বিশ্বকাপে কোস্টারিকাকে নিয়ে আপনার প্রত্যাশা কী?
হোর্হে লুইস পিন্টো: ইংল্যান্ড, ইতালি আর উরুগুয়ের মতো তিনটি কঠিন দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। তিনটি দলই বিশ্বকাপ জিতেছে। এ ব্যাপারটাই আমাদের উদ্বুদ্ধ করবে, টুর্নামেন্টের সত্যিকারের আমেজটা দেবে। আমরা এখান থেকেই ভালো খেলার প্রেরণা পাব।
এমন একটা গ্রুপে জায়গা পাওয়া কি তাহলে সুবিধাজনক?
পিন্টো: সুবিধাজনক, আবার না-ও। ইতালি খুবই কঠিন দল। বিশ্বকাপে ওরা কী করেছে সেটা আমরা সবাই জানি। ইংল্যান্ডের ক্ষেত্রেও একই কথা। উরুগুয়ের এই প্রজন্মের দলটির হয়তো কিছু তরুণ খেলোয়াড় দরকার। তবে ওরাও খুব কঠিন দল। কেন ওরা এসব খেলোয়াড়কে দলে রাখছে সেটা আপনি নিজেকে প্রশ্ন করলেই জেনে যাবেন। ওরা আপনাকে ফল এনে দেয়, বয়সের সীমায় পৌঁছেও ওরা সেরাটা দিতে পারে। আর সুয়ারেজ ও কাভানির মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে তাদের দলে। দলে গোল করার মতো খেলোয়াড় থাকলে খেলাটাও অনেক সহজ মনে হয়।
তাহলে তাদের আটকাতে কী কৌশল নিচ্ছেন?
পিন্টো: যেভাবেই হোক আটকাতে হবে। আমার রক্ষণভাগ ভারসাম্যপূর্ণ, কঠিন এবং খুবই কার্যকর। আমাকে যদি দলের যেকোনো একটা ভালো দিক বেছে নিতে বলা হয়, আমি আমাদের রক্ষণের কথা বলব। আর এটা শুধু চার-পাঁচজন ডিফেন্ডারকে নিয়ে গড়া নয়।
ইতালিকে নিয়ে কী ভাবছেন?
পিন্টো: ১৯৮২ বিশ্বকাপটা ইতালি যত বাজেভাবে শুরু করেছিল আমি আর কোনো দলকে এত বাজেভাবে বিশ্বকাপ শুরু করতে দেখিনি। অথচ সেই ইতালিই ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো। আমি ইতালির ব্যাপারে মুগ্ধ। ওরা নিখাদ একটা দল। প্রতিভার কমতি নেই, রক্ষণ থেকে খেলা শুরু করে। প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয় না ফলে ভালো ফলও পায়।
আর ইংল্যান্ড?
পিন্টো: তিনটি দলের মধ্যে ওরাই সবচেয়ে দ্রুত, বিধ্বংসী। খুব বেশি বল ধরে রাখে না, ফলে আপনি আক্রমণ করার সুযোগ পাবেন।
ওয়েইন রুনি, লুইস সুয়ারেজ আর মারিও বালোতেল্লি, এঁদের মধ্যে কার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন?
পিন্টো: তিনজনেরই। ওদের নজরে রাখার একটা পথ বের করতে হবে। ওইসব খেলোয়াড়কে কার্যকরভাবে মার্কিং করাই হবে কোস্টারিকার একটা কৌশল। আমার মনে হয় এটা করতে পারলেই সব ম্যাচ থেকে ভালো ফল পাওয়া সম্ভব।
কোস্টারিকা তো কখনোই ইংল্যান্ড, ইতালি বা উরুগুয়েকে হারাতে পারেনি?
পিন্টো: আশা করছি এবার পারবে।
আপনার নিজের দলের খেলোয়াড়েরা কেমন?
পিন্টো: আমি কখনো পার্থক্য করি না। মাঝেমধ্যে সংবাদমাধ্যম শুধু তাদের কথাই লেখে যারা বড় তারকা। কিন্তু যাদের খুব একটা চোখে পড়ে না তারাও ভালো খেলোয়াড়। আমার দলে এমন কয়েকজন মিডফিল্ডার এবং সেন্ট্রাল ডিফেন্ডার আছে যারা অনেক প্রতিভাবান এবং অভিজ্ঞ। ওদেরও স্বীকৃতি দিতে হবে। আমি তো জিয়ানকার্লো গঞ্জালেজের মতো একজন ডিফেন্ডারকে বাদ দিতে পারি না। ও তারকা নয়, কিন্তু খুবই পরিশ্রমী। কিংবা মাইকেল উমানার কথা বলা যায়। ও হয়তো অসাধারণ কোনো ফুটবলার নয়, কিন্তু খেলাটাকে সে দারুণ পড়তে পারে, নিয়ন্ত্রণ করতে পারে।
আপনার কৌশল নিয়ে কিছু বলুন৷
পিন্টো: আমি বহুমুখী খেলোয়াড়দের পছন্দ করি যারা একই সঙ্গে অনেক ভূমিকা পালন করতে পারে, বিভিন্ন পজিশনে খেলতে পারে। সবচেয়ে বড় কথা, আমার সেসব খেলোয়াড়কে পছন্দ যারা ধারাবাহিক। যারা শুধু ক্ষণিকের চমক দেখিয়ে হারিয়ে যায় না, নিয়মিত ভালো খেলে। এই দর্শনেই আমি আমার দলের কৌশলেও কিছু পরিবর্তন এনেছি। খেলোয়াড়েরাও এটার সঙ্গে মানিয়ে নিয়েছে। সবাই নয়, বেশির ভাগই।
বিশ্বকাপই কোনো কোচের চূড়ান্ত মঞ্চ কি না?
পিন্টো: হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে ইউরোপিয়ানদের জন্য হয়তো চ্যাম্পিয়নস লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোসে মরিনহো তো সেটাই বলেছেন। হয়তো তার কথা কিছু কিছু ক্ষেত্রে ঠিক।
একজন কলম্বিয়ান হয়ে একটা বিদেশি দলের কোচ হওয়ার অনুভূতিটা কেমন?
পিন্টো: এটা এক ধরনের বাড়তি দায়িত্ব ও দায়বদ্ধতা৷ কারণ সমর্থক, সংবাদমাধ্যম সবার চাপ সরাসরি আপনাকে নিতে হয়। কোস্টারিকা খারাপ খেললে আমাকেই সব দায় নিতে হবে, খেলোয়াড়দের নয়।