'দল নিয়ে আমি গর্বিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসে পেকারম্যান
হোসে পেকারম্যান

আর্জেন্টিনাকে তিনবার যুব বিশ্বকাপ জিতিয়েছেন। তবে পাদপ্রদীপের আলোয় আসেন ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হয়ে। সেই হোসে
পেকারম্যান এবারের বিশ্বকাপে কলম্বিয়ার কোচ। ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন
এই আর্জেন্টাইন।

কলম্বিয়ার কোচ হওয়ার প্রস্তাব কীভাবে পেলেন?
হোসে পেকারম্যান: আমি যখন দায়িত্ব নিই (২০১২ সালে), কলম্বিয়া একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমি অনেক দেশ
থেকে প্রস্তাব পেয়েছিলাম। কোন চ্যালেঞ্জটা নেব তা নিয়ে নিশ্চিত ছিলাম না। কলম্বিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়ে অন্য কোচরা ফিরিয়ে
দিয়েছিল। কিন্তু আমি দেখলাম কলম্বিয়ার খেলোয়াড়েরা অনেকে ভালো। তা দেখেই আমি আশ্বস্ত হয়েছিলাম, আমরা অনেক কিছুই অর্জন
করতে পারব।
১৬ বছরের মধ্যে এটাই কলম্বিয়ার প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া ...
পেকারম্যান: আমরা সব সময়ই বাছাইপর্ব পেরুতে চেয়েছি, সেটিকেই আমরা পাখির চোখ করেছিলাম। সব সময়ই উত্থান-পতনের মধ্য
দিয়ে যেতে হয়েছে আমাদের। এ জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেটির পুরস্কারও আমরা পেয়েছি দক্ষিণ আমেরিকা থেকে বাছাইপর্বের
বাধা পেরিয়ে। আমাদের দারুণ একটা দল আছে। এই দল নিয়ে আমি গর্বিত।
বিশ্বকাপের ড্রটা কীভাবে দেখছেন?
পেকারম্যান: এটা দুর্দান্তই হয়েছে। আমি জানি না, দক্ষিণ আমেরিকান কয়টি দেশ এখন পর্যন্ত শীর্ষ বাছাই। তবে আমাদের জন্য এটা
ঐতিহাসিক অর্জন। আমাদের গ্রুপটা সত্যিই সমতায়, মানে সবাই সমানই। জাপানের মতো ভালো এশিয়ান দল আছে, গত তিনবার
বিশ্বকাপে খেলা আইভরি কোস্টের মতো দল আছে। গ্রিসকে হয়তো সবাই ওভাবে চেনে না, কিন্তু তারা শক্তিশালী ও সমীহ করার
মতো। দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের চারটি দলের ভিন্ন ভিন্ন ঘরানার খেলা দেখাটা হবে জাগানিয়াই।
কলম্বিয়ার সম্ভাবনা কেমন?
পেকারম্যান: আমরা বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হতে পেরেছি, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক পরিশ্রমী
খেলোয়াড় আছে। এই খেলোয়াড়েরা আন্তর্জাতিক ফুটবল খুব ভালো বোঝে। আমরা ব্রাজিলে ভালো করার যোগ্যতা রাখি। কিন্তু একই সময়ে
ফিফা র‌্যাঙ্কিংয়ে আমাদের নিচের দেশগুলোকেও সম্মান করতে হবে। তার পরও গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদারই
আমরা।
রাদামেল ফ্যালকাও ফিট না হলে দলকে কীভাবে খেলাবেন? প্ল্যান ‘বি’ কি আছে আপনার?
পেকারম্যান: ফ্যালকাও খেলবে কি না, বা প্ল্যান ‘এ’, ‘বি’ নিয়ে জল্পনা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হাতে সময় থাকায়
ফ্যালকাও খেলবে কি না, এ নিয়ে কথা বলা উচিতও নয়। সে একটা চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কোনো সময় বেঁধে দিতে
পারি না, কারণ সেটি হবে খুবই অপেশাদার কাজ। ওর চোটের ব্যাপারে অনেক সুনির্দিষ্ট তথ্য আছে আমাদের কাছে। কিন্তু এখনই
বিকল্প নিয়ে কথা বলা অনুচিত।
আপনি কি কলম্বিয়াকে আক্রমণাত্মক ফুটবল খেলতে উদ্বুদ্ধ করছেন?
পেকারম্যান: আমরা সব সময় গোল করতে চাই। কিন্তু কখনো কখনো আক্রমণাত্মক খেলার মূল্য দিতে হয়। এ জন্যই আমাদের দুটির
মধ্যে একটা ভারসাম্য আনতে হয়। সব সময় সামনে তিন বা চারজন খেলোয়াড় ঠেলে দেওয়ার মানে বল পেছনে এলে সেটি দখল করার
চ্যালেঞ্জও হাজির, এটা আমাদের বুঝতে হবে। যখন এটা আমরা করতে পারি, সবকিছুই নিখুঁত মনে হয়। কিন্তু না পারলে ভুগতে
হয়। কেউ কেউ বলে ডিফেন্ডাররা ওই মানের না হওয়ায় আমরা বেশি গোল হজম করি। এই কথার সঙ্গে আমি একমত নই। আমি
বিশ্বাস করি, দলের রক্ষণের কাজটা পুরো দলের দায়িত্ব। এখানে আমাদের উন্নতি করতে হবে।
চোট প্রস্তুতিতে কীভাবে বাগড়া দিয়েছে?
পেকারম্যান: বাছাইপর্ব শেষে বিশ্বকাপে ফিরতে পেরে আমি আসলেই স্বস্তি পেয়েছিলাম। কিন্তু আমরা কল্পনা করতে পারিনি, সামনে
কতটা সমস্যা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা সামলানো আসলেই কঠিন। উদ্বিগ্ন হওয়ার মতোও। কিন্তু চোটগ্রস্ত খেলোয়াড়দের জন্য
আমাদের অপেক্ষা করতে হবে। আশা করতে হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। এটা অবশ্যই আমাদের পরিকল্পনায় বাগড়া
দিয়েছে।
কলম্বিয়ার ভবিষ্যৎ কেমন দেখছেন?
পেকারম্যান: আমাদের ভবিষ্যতের জন্য একটা পথরেখা চিন্তা করতে হবে। তরুণদের প্রথম একাদশে নিয়ে আসা চাই। এটাই আসলে
পদ্ধতি, এভাবেই আপনি নিজেদের মানটা বাড়াতে পারবেন। শুধু হাতে যা আছে তা নিয়ে কাজ করলে হবে না।