‘দাদাগিরি’র অপেক্ষায় মোহালি!
এবারের আইপিএলে নিজের শহর কলকাতার দলটির কাছে ব্রাত্য সৌরভ গাঙ্গুলী। ব্যাপারটি মেনে নেওয়া তাঁর জন্য ছিল যথেষ্ট কষ্টকরই। কিন্তু, ‘কিছু করার নেই’, ‘এটাই জীবন’ জাতীয় আপ্ত বাক্যের আশ্রয়ে দুঃখটাকে প্রশমিত করেছিলেন ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনাকারী কান্ডারি ও অন্যতম সফল এ অধিনায়ক।আইপিএলের মাঝপথে এসে অবশ্য সৌরভ গাঙ্গুলীকে দূরে সরিয়ে রাখতে পারেনি পুনে ওয়ারিয়র্স। প্রতিযোগিতায় নতুন নিবন্ধিত এই দলটি ‘দাদা’র ওপর আস্থা রেখেই তাঁকে দলভুক্ত করেছে। সময় এখন সৌরভের পুনেকে কিছু ফিরিয়ে দেওয়ার। টানা সাত ম্যাচ হেরে দলটির যে বড় বাজে অবস্থা!সবার দৃষ্টি এখন মোহালিতে। কারণ, কাল রোববার এই মাঠেই কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে পুনে ওয়ারিয়র্স। আর সৌরভ গাঙ্গুলী খুব সম্ভবত কালই আইপিএলের চতুর্থ আসরে প্রথমবারের মতো মাঠ আলোকিত করবেন।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় দুই বছর হতে চলল। ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। কেবল আইপিএল খেলেই ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা রাখতে চান সৌরভ। কিন্তু, কলকাতা এবার তাঁকে দলে না নেওয়ায় সেই পথটাও বন্ধ হতে চলেছিল। তবে পুনের হয়ে সৌরভ কেমন খেলেন, তা নিয়ে আলাদা একটা আগ্রহ কিন্তু রয়েছে সবার মধ্যেই। সৌরভ এখনো তারকা, আগ্রহের কেন্দ্রে। মোহালিতে কাল দর্শকদের দৃষ্টি সৌরভকেই খুঁজে ফিরবে সবচেয়ে বেশি।সৌরভ কি কাল মেলে ধরতে পারবেন নিজেকে!