‘দাদু’ অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বয়সে সবাই অবসর জীবন কাটান। নাতিনাতনিদের রূপকথার গল্প শোনান। কিংবা সামর্থ্যবান কেউ স্ত্রীকে নিয়ে বিশ্বভ্রমণেও বেরিয়ে পড়েন। কিন্তু ৬৫ ছুঁই-ছুঁই আকবর সাইয়াদ ক্রিকেট খেলছেন। যে-সে খেলা নয়, রীতিমতো নেতৃত্ব দিচ্ছেন দেশকে!ক্রিকেটের কুলীন জগতের অনেকে হয়তো জানেনও না, ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ডিভিশন ট্যুর খেলা চলছে বেলজিয়ামে। ১১ দলের টুর্নামেন্টে পর্তুগালকে নেতৃত্ব দিচ্ছেন সাইয়াদ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই কাজটা করে আসছেন তিনি দেড় যুগ ধরেই। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত পর্তুগালের টানা অধিনায়ক! মজার ব্যাপার হলো, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্ম আরও এক বছর পরে, ১৯৯৪ সালে। ইউসেবিও-ফিগো-রোনালদোদের দেশ আইসিসির সদস্যপদ লাভ করে ১৯৯৬ সালে, এখনো তারা অনুমোদিত সদস্য।দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বছর খানেক পর, ১৯৪৬ সালে মোজাম্বিকে জন্ম সাইয়াদের। তবে জন্মসূত্রেই তিনি পর্তুগিজ, কারণ মোজাম্বিক তখনো পর্তুগালের উপনিবেশ! পর্তুগালের ক্রিকেটকে বলতে গেলে হাতে ধরেই এগিয়ে নিয়েছেন তিনি। ১৯৯৭ সালে দেশের প্রথম ‘অফিশিয়াল’ ম্যাচে খেলেছেন গ্রিসের বিপক্ষে, ২০০১ সালে দেশকে নেতৃত্ব দিয়েছেন ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ জয়ে। ‘যৌবনে’ ছিলেন দলের ওপেনার ও উইকেটরক্ষক। বয়সের কারণে এখন কিপিং ছেড়ে দিয়েছেন, ব্যাট করেন পাঁচ-ছয়ে।ক্রিকেটের মায়া ছাড়তে পারছেন না বলে খেলে যাচ্ছেন দু-তিন প্রজন্ম পরের ক্রিকেটারদের সঙ্গে ও বিপক্ষে। চলতি টুর্নামেন্টেই যেমন আইল অফ ম্যানের হয়ে খেলছেন সেবাস্টিয়ান আইকক, বয়স ১৫। অর্থাৎ সাইয়াদের চেয়ে ‘মাত্র’ ৪৯ বছরের ছোট! গতকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা পর্তুগাল ও আইল অফ ম্যানের। দাদু-নাতির দেখা হয়তো হয়েই গেছে!