'দামি কোচ এনেছি, শেষ দেখে ছাড়ব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

নিজেই বলেন, ‘আমি স্বপ্নচারী মানুষ।’ এ কারণেই উচ্চ বেতনের দুজন ডাচ কোচ আনার সাহস দেখিয়েছেন। তা এখন লোডভিক ডি ক্রুইফ এবং রেনে কোস্টারকে কেমন দেখছেন? কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন ম্যাচের পর সেসব নিয়েই কথা বললেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

l জাতীয় দলের অনুশীলন ম্যাচ দেখলেন। কেমন লাগল?

কাজী সালাউদ্দিন: আমার ভালোই লেগেছে। খেলোয়াড়দের মধ্যে ভালো করার একটা তাড়না দেখছি। নিজে খেলোয়াড়-কোচ ছিলাম, সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আগের চেয়ে দলে চেজিং বেড়েছে। পাসিংও ভালো হচ্ছে।

l নতুন কোচ ক্রুইফের কোন দিকটা আপনার চোখে বেশি পড়ছে?

সালাউদ্দিন: এই কদিনে যেটা বুঝলাম, ওর একটা পরিকল্পনা আছে। এটাই সবচেয়ে বেশি দরকার। কারণ, পরিকল্পনা না থাকলে এগোনো অসম্ভব। আমার মনে হয়, সে ধাপে ধাপে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে।

l খেলার মধ্যে এমন কিছু কি দেখছেন, যেটা আপনার ভালো লাগছে?

সালাউদ্দিন: কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপেই আমি ওকে দেখেছি। সে ডাচ স্টাইলে খেলাতে চেয়েছে বাংলাদেশকে। এটা ধীরে ধীরে হবে। এই স্টাইলটা আমারও পছন্দ। তবে এখনই চূড়ান্ত কথা বলতে পারব না। আরও দেখতে হবে।

l কিন্তু এত বেতন দিয়ে যে কোচ আনলেন, শেষ পর্যন্ত সামলাতে পারবেন তো?

সালাউদ্দিন: আপাতত সমস্যার কিছু নেই। আগামী ৩-৪ মাস কোচের টাকা নিয়ে আশা করি দুশ্চিন্তায় থাকতে হবে না। আমরা বাফুফের পক্ষ থেকে এলিট স্পনসর নিচ্ছি, ১০ লাখ টাকা করে। ভালো সাড়াও পাচ্ছি। ম্যানেজমেন্ট কমিটিসহ ফেডারেশনের অনেকেই সহায়তা করছে। চিন্তা করবেন না। শুধু দেশবাসীকে সঙ্গে চাই।

l এই কোচদের তো চাহিদা অনেক। এসব পূরণে করতে গিয়ে কতটা হিমশিম খাচ্ছেন?

সালাউদ্দিন: ওদের চাহিদার আসলে শেষ নেই। গুলশান ক্লাবে নিলাম, ওটা পছন্দ হয় না। ডাচ ক্লাবও না। এটা হতেই পারে। কারণ, ওরা ভিন্ন সংস্কৃতি থেকে এসেছে। আমাদের দায়িত্ব এখন ওদের চাহিদা পূরণ করা। দুজনের বেতন ৩০ লাখ টাকার ওপরে। বাড়িভাড়া দিতে হবে ৪ লাখ টাকার মতো। দুটি গাড়ি দিতে হবে। ট্রেনার চেয়েছে, মাসে ৬-৭ লাখ টাকা বেতনে সেটাও এনে দিয়েছি।

l দামি কোচ নিয়ে চলতে গেলে বাফুফের তো অনেক টাকা প্রয়োজন। একই সঙ্গে আপনার ভিশন ২০২২ আছে। এত কিছু সামলাচ্ছেন কীভাবে?

 সালাউদ্দিন: সামলাতে হবে। কারণ, এটাই আমাদের দায়িত্ব। বাফুফের হাতে পর্যাপ্ত  টাকা থাকলে আরও অনেক কিছু করতে পারতাম। যা-ই হোক, উচ্চ বেতনে কোচ এনেছি, শেষ দেখে ছাড়ব। শুনতে হয়তো মনে হয়, বিরাট কিছু করে ফেলেছি, কিন্তু ফুটবল-দুনিয়ায় মাসে কোচের পেছনে ৩০-৪০ লাখ টাকা খরচ কোনো টাকাই না।

l সামনে আর কী চাইছেন কোচ?

সালাউদ্দিন: সেপ্টেম্বরে সাফের আগে সে চারটি ট্যুর করতে চায়। একটা পূর্ণাঙ্গ জিমও চেয়েছে। কদিন আগে আমার কাছে এসব চাহিদা পেশ করেছে। এখন থাইল্যান্ড যেতে চায়। ফেডারেশনের পক্ষ থেকে পাস করে দিয়েছি। কোচ এনে তাকে তো সব সহায়তা দিতে হবে। আগের মতো কোচ আনলাম কিন্তু সাপোর্ট দিলাম না, ওতে কোনো কোজ হবে না।

l ক্রুইফের কাছে আপনার নিজের চাওয়া কী?

সালাউদ্দিন: আমার চাওয়া পরিষ্কার। সাফে চ্যাম্পিয়ন হতে চাই। অথবা অন্তত ফাইনালে খেলা। এ জন্য যা যা করার দরকার, সবই করব। আমার বা ফেডারেশনের দিক থেকে কোনো গাফিলতি থাকবে না।

l বাংলাদেশের ফুটবলে একটা বড় সমস্যা হলো কোচরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। বাফুফের কাছ থেকে তারা কতটা স্বাধীনতা পাবে?

সালাউদ্দিন: এক শ ভাগের চেয়েও বেশি। ফেডারেশন-সংশ্লিষ্ট কেউ বা আমিও খোঁজ নিই না কোচ কাকে দলে ডাকছেন, কাকে বাদ দিচ্ছেন। কারণ, এটা তাঁর ব্যাপার। আমরা শুধু সময়মতো রেজাল্টটা দেখব। রেজাল্ট পছন্দ না হলে বিদায়, এটা নিয়ে কোনো দ্বিধা থাকবে না।