‘দাম্ভিক ইমেজ’ স্বীকার করলেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিভা বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু তাঁর আচরণ? এ নিয়ে অবশ্য প্রশ্ন ওঠে প্রায়ই।মাঠ বা মাঠের বাইরে পর্তুগিজ উইঙ্গারের আচরণ সম্পর্কে নেতিবাচক ধারণা সবার মধ্যে গেঁথে গেছে। রোনালদো আক্রমণাত্মক, দাম্ভিক—এমন সব ধারণা। ‘সিএনএন’কে দেওয়া একান্ত সাক্ষাত্কারে নিজের নেতিবাচক ইমেজের কথা স্বীকার করে নিয়েছেন রোনালদো। একই সঙ্গে এটাও স্বীকার করেছেন, এমন ইমেজ সৃষ্টি হওয়ায় ক্ষতিই হচ্ছে তাঁর।‘আমি স্বীকার করছি, মাঠের ভেতর আমার খারাপ ইমেজ রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে এটা হয়। এ নিয়ে দুঃখ নেই আমার। মাঠে খুব বেশি সিরিয়াস থাকি বলেই এমনটা হয়’—বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।একটা বিষয় নিয়ে অবশ্য দুঃখ রয়েছে রোনালদোর। বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আচরণের সঙ্গে তাঁর তুলনা নিয়ে। গণমাধ্যমে মেসিকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়। অন্যদিকে তাঁকে তুলে ধরা হয় আক্রমণাত্মক আচরণের খেলোয়াড় হিসেবে।রোনালদোর দাবি, গণমাধ্যমে তাঁকে যেভাবে তুলে ধরা হয়, তিনি আসলে ঠিক তেমনটা নন। পর্তুগিজ উইঙ্গার মনে করেন, গণমাধ্যম এখনো সত্যিকারের রোনালদো চিনতে পারেনি। রিয়াল মাদ্রিদের এই প্রাণভোমরা বলেন, ‘আপনি যদি সত্যি আমাকে জানেন, আমার বন্ধু হন, আমার বাড়িতে আসেন, আমার সঙ্গে একটা দিন কাটান, তখন জানতে পারবেন, আমি হারকে ঘৃণা করি। আমি ভুল থেকে শিখি। এটাই আমার জীবন। কিন্তু অনেক সময় আমি গণমাধ্যমের দ্বারা ক্ষতিগ্রস্ত হই। কারণ, ওরা সত্যিকারের রোনালদোকে চেনে না।’লড়াকু মানসিকতাকে আক্রমণাত্মক আচরণ হিসেবে দেখানোকে ভুল বলে মনে করেন রোনালদো। নিজের লড়াকু মানসিকতার উদাহরণ টেনে তিনি বলেন, ‘সুইমিং পুলে আমার প্রেমিকাকে নিয়ে সাঁতার কাটার সময়ও আমি ওর সঙ্গে অনেক সময় লড়ি। খুশি করার জন্য হলেও ওকে জেতার সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমি তা করি না, সব সময় নিজে জিতি। কারণ আমি হারতে পছন্দ করি না।’