
এক জঙ্গলে দুই বাঘ থাকতে পারে না। মুরগির খামারে মোরগ থাকে একটিই। নেইমার বার্সেলোনায় নাম লেখানোর পর মেসি-নেইমারের সহাবস্থান নিয়ে এমন অনেক কথাবার্তাই হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, যাঁদের নিয়ে এত আলোচনা-সমালোচনা, তাঁদের কারও কিন্তু আপত্তি নেই এই সহাবস্থানে।লিওনেল মেসির প্রতি মুগ্ধতা অনেকবারই প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গতকাল এক সংবাদ সম্মেলনে মেসিও নেইমার সম্পর্কে ভালো-ভালো কথাই বললেন। নেইমার বার্সেলোনায় খুব সহজেই মানিয়ে নেবেন বলে বিশ্বাস তাঁর।৫৭ মিলিয়ন ইউরো চুক্তিতে নেইমার সান্তোস ছেড়ে ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকেই মেসি-নেইমার জুটি ফুটবল-বিশ্বে তুমুল আলোচনা। দুজনকে একসঙ্গে মাঠে দেখার অপেক্ষায় উন্মুখ সবাই। মেসিরকথা শুনে মনে হচ্ছে অপেক্ষায় তিনিও, ‘ও দারুণ এক খেলোয়াড় এবং (বার্সেলোনায়) মানিয়ে নিতে ওর কোনো সমস্যা হবে না। মাঠের বাইরেও কোনো সমস্যা হবে না। ও ভালো ছেলে।’ সতীর্থ হিসেবে এমন একজনকে পেয়েছেন, যাঁকে ভাবা হচ্ছে ফুটবলের আগামী দিনের মহাতারকা। কিন্তু এরই মাঝে হারিয়েছেন পছন্দের দুই সতীর্থকেও। বার্সেলোনা ছেড়ে থিয়াগো আলকানতারা যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে, ডেভিড ভিয়া অ্যাটলেটিকো মাদ্রিদে। বিদায়ী দুই সতীর্থকে নিয়েও কথা বলেছেন মেসি, ‘থিয়াগোর ক্লাব ছাড়ার সিদ্ধান্তটা ছিল ব্যক্তিগত। ও ভেবেছে বায়ার্নে গেলে হয়তো বেশি ম্যাচ খেলতে পারবে। ভিয়া তো অ্যাটলেটিকোর জন্য খুবই ভালো হলো। ও সত্যিকারের এক গোলস্কোরার।’
লিগ শিরোপা জিতলেও গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগেই বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল বার্সা। সেই বায়ার্নের দায়িত্বে এখন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা। কাছ থেকে দেখেছেন বলেই একসময়ের কোচের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই মেসির মনে, ‘বায়ার্ন এমনিতেই ভালো দল। গার্দিওলাকে পেয়ে ওরা আরও শক্তিশালী হবে।’ বায়ার্নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে আবার দেখা হতে পারে কিংবা না-ও পারে। তবে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হচ্ছেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতিও মেসির কণ্ঠে যথেষ্ট সমীহ, ‘লা লিগায় রিয়াল মাদ্রিদ তো সব সময়ই কঠিন প্রতিপক্ষ।’কর ফাঁকি দেওয়ার সাম্প্রতিক বিতর্ক নিয়েও কথা বলতে হয়েছে মেসিকে। মেসি অবশ্য এড়িয়েই গেলেন প্রসঙ্গটা, ‘আমি শান্ত আছি। দেখা যাক কী হয়! আমাদের উপদেষ্টারা ব্যাপারটা দেখছেন, আমাদের আস্থা আছে ওদের ওপর।’ এএফপি।