বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ান, অংশ নিয়েছিলেন ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে। বাংলাদেশের সাফ সোনাজয়ী প্রথম শ্যুটার তিনি। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কীভাবে দেখছেন কাজী শাহানা পারভীন, সেটাই জানালেন প্রথম আলোকে একজন সাবেক সফল নারী ক্রীড়াবিদ হিসেবে এবারের নারী দিবসে আপনার প্রত্যাশা কী? কাজী শাহানা পারভীন: ব্যক্তিগতভাবে এখন আর কিছু চাওয়ার নেই আমার। তবে নারী দিবসে একটা প্রত্যাশা আমি করব—মেয়েদের খেলাধুলার ব্যাপারে সব দিক দিয়ে আরও সাহায্য যেন পাওয়া যায়। সত্যি বলতে কি, আমাদের দেশে মেয়েদের খেলাধুলার জন্য এখনো যথেষ্ট সুযোগসুবিধা নেই। এ দেশে এখনো অনেকে মেয়েদের খেলাধুলা করাকে বাঁকা চোখে দেখে। এসব যেন না হয়, সেটা নিশ্চিত করতে হবে। আপনি অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম নারী ক্রীড়াবিদ। ১৮ বছর আগে বার্সেলোনা অলিম্পিকের সেই সময় আর এই সময় সম্পর্কে কিছু বলুন।শাহানা: আমার নিজের কথা যদি বলতে বলেন তাহলে বলব দারুণ এক সময়ই এসেছিল তখন। একটা ইতিহাস গড়ে ফেললাম আমি। ওটার আনন্দ যে কী রকম ছিল তা বলে বোঝানো যাবে না। তখন তো মেয়েদের খেলাধুলায় আসাটা এখনকার মতো সহজ ছিল না। পরিবারগুলোও এত প্রগতিশীল ছিল না। বলতে পারেন, অনেক কিছুর সঙ্গে লড়াই করেই খেলাধুলায় আসতে হতো আমাদের। মেয়েদের খেলাধুলার সেকাল-একালের তুলনা করতে বললে কী বলবেন? কোন সময়টাকে এগিয়ে রাখবেন?শাহানা: আমি হতাশ। আসলে সেকাল-একালের তুলনা করলে বলতে হবে উন্নতি বিশেষ কিছু হয়নি। আমি যখন খেলতে এসেছি তখন মেয়েদের খেলাধুলার এত বিস্তার ছিল না। এখন তো গ্রামেগঞ্জেও মেয়েরা খেলাধুলা করে। তাহলে বর্তমানের মেয়েদের কি আরও এগোনো উচিত ছিল না?শাহানা: হ্যাঁ, সেটা তো ছিলই। তবে একটা ব্যাপার কি, এখন মেয়েরা আসলে খেলাধুলার চেয়ে মিডিয়ার দিকে বেশি ঝুঁকছে। সেখানে পয়সা বেশি, গ্ল্যামার বেশি। আমার মনে হয় খেলাধুলায় টাকা-পয়সাটা আরেকটু বাড়ানো গেলে মেয়েরা বেশি আসবে। কারণ, পরিবারগুলো তো এখন অনেক বেশি প্রগতিশীল। একসময় মেয়েদের শ্যুটিংয়ের অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন নতুন কিছু মেয়ে যেমন শারমিন আক্তার (রত্না), সাদিয়া সুলতানা, তৃপ্তি দত্তরা ভালোই করছেন।শাহানা: হ্যাঁ, শ্যুটিংয়ে মেয়েরা এখন ভালো করছে। আসলে মাঝে মাঝে কেউ কেউ যে আসেনি, তা নয়। তবে নিজেদের ধরে রাখতে পারেনি। এই যেমন শারমিন আক্তারের কথা বলব আমি। তবে রত্নাকে দেখে মনে হচ্ছে ও অনেক দূর যাবে। আমার এমন মনে হওয়ার কারণ, ওর বিয়ে হয়ে গেছে। আসলে বিয়ে মেয়েদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অবিবাহিত মেয়েরা খেলাধুলায় বেশি দিন থাকে না। কেউ কেউ আবার নানা সমস্যার কারণে মনোযোগ দিতে পারে না। আর বিয়ের পর স্বামীর সাহায্য পেলে তো কথাই নেই। রত্না ওটা পাচ্ছে। মহিলা ক্রীড়াবিদদের কাছে নারী দিবসের তাত্পর্য কী? মানে এ নিয়ে আপনাদের মাঝে কোনো কথা হয়?শাহানা: আসলে দিবস তো একটা প্রতীক মাত্র। এই একটা দিনকে নিয়ে মাতামাতি করে কিছু হবে না। ভালো কিছু করতে হলে আমাদের বছরজুড়েই কাজ করে যেতে হবে। এগোতে হবে পরিকল্পনামতো। তাহলেই উন্নতি সম্ভব। সম্ভব হবে ভালো কিছু করা।