‘দিশাহীন ও আশাহীন প্রজন্ম’
তাঁদের বলা হচ্ছিল পাকিস্তান ক্রিকেটের ‘দুই রত্ন’। পুরো ইংল্যান্ড সফরে পাকিস্তানের একমাত্র উজ্জ্বল অধ্যায় ছিলেন মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। সেই ‘দুই রত্ন’ই কিনা এত বড় এক কেলেঙ্কারির অগ্রভাগে! শুধু এই দুজনই নন, ক্রিকেট-পাগল পাকিস্তানিদের কাছে সালমান বাট, কামরান আকমলরা ছিলেন নায়ক। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত জাতিকে আরেকটা বড় ধাক্কা দিলেন এই নায়কেরাই। পাকিস্তান আর বিশ্ব ক্রিকেটের সাবেকেরা তাই সোচ্চার হয়েছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।নিশ্চিত না হয়ে এখনই মন্তব্য করতে চান না ইমরান খান। তবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘পুরো ব্যাপারটা খোলাসা না হওয়া পর্যন্ত মন্তব্য করা মুশকিল, তবে অভিযোগগুলো সত্যিই হতাশাজনক। এসব প্রমাণিত হলে এমন শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা বুঝতে পারে অন্যায় করে পার পাওয়া যায় না।’ পুরো ব্যাপারটা নিয়ে আরেকটা শঙ্কাও কাজ করছে ইমরানের মনে, ‘অভিযোগগুলো সত্যি প্রমাণিত হলে এর ফল হবে সুদূরপ্রসারী। দলের সেরা ক্রিকেটাররা জড়িত, এটাই তো সব নয়। সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বললে ওরা তো খেলার সূক্ষ্ম ব্যাপার-স্যাপারগুলো বুঝবে না, প্রতিবারই পাকিস্তান হারলে মনে করবে ম্যাচ পাতানো হয়েছে।’আরেক সাবেক অধিনায়ক রমিজ রাজা রীতিমতো মর্মাহত, ‘প্রিয় ক্রিকেটারদের এমন আচরণে একটা পুরো প্রজন্ম দিশাহীন ও আশাহীন হয়ে পড়েছে। আমাদের ক্রিকেট ও দেশের জন্য এটা বড় একটা বিপর্যয়, দীর্ঘদিন লেগে যাবে এই ক্ষত সারতে। ক্রিকেটাররা দেশকে ডুবিয়েছে, তাদের এখন এটার মূল্য দিতে হবে ব্যাপকভাবে।’ পিসিবির সাবেক নির্বাহী ও বর্তমানে ধারাভাষ্যকার আমিরের জন্য আফসোসও করেছেন, ‘মোহাম্মদ আমির...প্রতিভার কী নিদারুণ অপচয়...। সারা জীবন তাঁকে অনুশোচনা করতে হবে, ক্রিকেটও হারাবে দারুণ একটা সম্পদ।’বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে পাকিস্তান ইচ্ছে করে হেরেছিল—নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর প্রতিবেদকের ধারণ করা ভিডিওতে এই দাবিও করেছেন বাজিকর মাজহার মাজিদ। যা শুনে চরম হতাশ রিকি পন্টিং। স্মরণীয় সেই জয় নিয়ে এখন তাঁর নিজেরই সন্দেহ হচ্ছে, ‘তখন এমন কিছু আমার মনেই হয়নি। যেভাবে জিতেছিলাম, সেটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্তগুলোর একটি। কিন্তু এখন এত কিছু যখন আলোয় আসছে, ওই ম্যাচের সবকিছু নিয়েই এখন সংশয় জাগছে।’ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো বিশ্বাস করতে চায়, মাঠের পারফরম্যান্সেই সিডনিতে জিতেছে অস্ট্রেলিয়া। বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, আইসিসি ও ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্তের ফলাফল দেখার পরই পরবর্তী মন্তব্য করবেন তাঁরা। ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান জাস্টিন ভনের দাবি, ন্যায়বিচার ও দ্রুত সমাধান। ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে, এখানে তাদের কিছু করার নেই। ভারতীয় একটি বাজিকর গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আছে, মাজিদের এই দাবি সম্পর্কে বোর্ডের মুখপাত্র রাজীব শুক্লা বলেছেন, বিসিসিআই এ ব্যাপারে কিছুই জানে না। প্রয়োজনে ব্যাপারটা দেখবে পুলিশ।আইসিসির সাবেক নির্বাহী ম্যালকম স্পিডের দাবি পাকিস্তানকে আপাতত নিষিদ্ধ করার পক্ষে, ‘মনে হচ্ছে, ব্যাপারটা পাকিস্তানের ক্রিকেটারদের একটা রোগের মতো হয়ে গেছে, অনেক দিন ধরেই তারা এসব করে আসছে। মনে হচ্ছে তাদের একটু ‘‘বিশ্রাম’’ দরকার। পাকিস্তান ক্রিকেটকেই নিষিদ্ধ করে দেওয়া উচিত।’ তবে এই ব্যাপারে স্পিডের সঙ্গে একমত নন ইমরান, ‘কয়েকজন ক্রিকেটারের অপরাধে পুরো পাকিস্তানের ক্রিকেট কেন ভুগবে? পাকিস্তানের সমর্থকেরা কেন ভুগবে? বরং যারা জড়িত, তাদের দল থেকে বের করে দেওয়া উচিত।’ ওয়েবসাইট।