‘দীর্ঘতম’ পেস আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ছয় ফুট লম্বা একজনকে আর যা-ই হোক, ‘খর্বকায়’ অন্তত বলা যায় না। কিন্তু এই উচ্চতা নিয়েও লর্ডসে আজ ইংল্যান্ডের পেস আক্রমণের সবচেয়ে খাটো স্টুয়ার্ট ব্রড! কার্ডিফে চোট পাওয়া জেমস অ্যান্ডারসনের জায়গায় আজ একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত স্টিভেন ফিনের। আর ট্রেমলেটের জায়গা তো নিশ্চিতই! ফিন খেললে আজ সম্ভবত ইতিহাসের ‘দীর্ঘতম’ পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। নিশ্চিত রেকর্ড পাওয়া কঠিন। তবে সবচেয়ে ‘লম্বু’ পেস আক্রমণ মনে করা হয় ১৯৯৫ সালের ইংল্যান্ড সফরে কার্টলি অ্যামব্রোস (৬ ফুট ৭), কোর্টনি ওয়ালশ (৬ ফুট ৬) ও ইয়ান বিশপের (৬ ফুট ৫) সমন্বয়ে গড়া উইন্ডিজ পেস আক্রমণকে। এমনকি আজ যদি ফিন না খেলে জেড ডার্নবাখও (৬ ফুট ২ ইঞ্চি) খেলেন, গড় উচ্চতায় তবু ক্যারিবিয়ান লম্বুদের প্রায় ছুঁয়ে ফেলবেন ইংলিশ লম্বুরা।ব্যক্তিগত রেকর্ডটা কিন্তু আগে থেকেই ট্রেমলেটের। যদিও একা নন, ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন আরও দুজন—‘বিগ বার্ড’ জোয়েল গার্নার ও অস্ট্রেলিয়ার ব্রুস রিড। তিনজনের ওয়ানডের রেকর্ডটি এখনো আছে কি না, এটা নিয়ে বিভ্রান্তি আছে। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা পাকিস্তানের মোহাম্মদ ইরফানের সঠিক উচ্চতা নিশ্চিত হওয়া যায়নি এখনো। কখনো বলা হয় ৭ ফুট ১ ইঞ্চি, কখনো ৬ ফুট ১০ ইঞ্চি, কখনো বা ৬ ফুট ৮। তবে ইরফান এখনো টেস্ট খেলেননি, রেকর্ডটা নিশ্চিতভাবেই ট্রেমলেট-গার্নার-রিডের!