মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তান অলিম্পিকে হাইজাম্পে সোনা জিতেছিলেন ১৯৫৫ সালে। ছিলেন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নও। অনেক পথ পেরিয়ে আসা জিনাত আহমেদ কাল আবার উঠে এলেন স্মরণের আয়নায়। নারী উদ্যোগ কেন্দ্র আজীবন সম্মাননা দিল চিরকুমারী এই অ্যাথলেটকে। আর এই সম্মাননা পেয়ে তিনি ফিরে গেলেন অতীতে সেই ১৯৫৫ পাকিস্তান গেমসে হাইজাম্পে সোনা জিতেছেন। ওই দিনটার কথা মনে পড়ে?জিনাত আহমেদ: ভীষণই মনে পড়ে। আমিই প্রথম ওই গোল্ড মেডেলটা পেয়েছি। তখন হাটখোলায় কামরুননেসা গার্লস হাইস্কুলে পড়ি। ওই দিন আমাদের শিক্ষক রাবেয়া আপা (বাংলাদেশের মহিলা ক্রীড়াঙ্গনের অগ্রদূত প্রয়াত রাবেয়া তালুকদার) হঠাত্ আমাকে পরীক্ষার হল থেকে উঠিয়ে নিয়ে বললেন, তোমাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। তুমি হাইজাম্প করবে। গিয়েই সোনা জিতলেন!জিনাত: আসলে কোনো হাইজাম্পার পাওয়া যাচ্ছিল না, সে জন্যই রাবেয়া আপা বাধ্য হয়ে আমাকে বেছে নিলেন। একটা বিষয়ে আমি পরীক্ষাই দিতে পারলাম না। ইন্সপেক্টর অব স্কুলস উইলস সাহেব দেখিয়ে দিলেন সবকিছু। খেলাটা হয়েছিল ঢাকা স্টেডিয়ামে, ১৯৫৫ সালে। কী দেখিয়ে দিলেন?জিনাত: তিনি হাতে একটা রুমাল নিয়ে বলতেন, এখান...থেকে এই পর্যন্ত তুমি জাম্প করবে। আপনার ছোটবেলা তো বোধহয় কলকাতায় কেটেছে? জিনাত: হ্যাঁ, কলকাতায় বড় হয়েছি। সপরিবারে ঢাকায় এসেছি ১৯৫০ সালে। ঢাকায় এসে কী দেখলেন?জিনাত: বকশীবাজারে এলাম আমরা। তত্কালীন হাবিবুল্লাহ বাহার ছিলেন মন্ত্রী, তাঁর বাবার বাসায় উঠলাম। তখন ভাবতাম, এ কোথায় এলাম রে বাবা, যেখানে মেয়েরা খেলাধুলা করে না। তারপর?জিনাত: মিন্টু রোডে ইকবাল বাহার চৌধুরী থাকতেন, তিনি আমাকে সাইকেল চড়া শেখাতেন। সাইকেল চালাতে গিয়ে হঠাত্ একদিন দেখি রেসকোর্সের ওখানে কিছু মেয়ে প্যারেড করছে। ওটা ছিল পাকিস্তান ন্যাশনাল উইমেন গার্ড। ১৮ বছর না হলে ওই বাহিনীতে যাওয়া যায় না। আমরা দুই বোন এত সুন্দর হাত-পা নেড়েচেড়ে দেখালাম, আনঅফিসিয়ালি ক্যাপ্টেন আমাদের নিয়ে নিল। আমরা তো অবাক! পরিবারের সমর্থন পেয়েছেন নিশ্চয়ই?জিনাত: আমাদের পরিবারের সবারই খেলার দিকে ঝোঁক ছিল। চাচা বেলালউদ্দিন আহমেদ বেঙ্গল চ্যাম্পিয়ন ছিলেন। বড় ভাই তখন ইসলামিয়া কলেজে স্কুল চ্যাম্পিয়ন। আমি সব সময় স্কুল চ্যাম্পিয়ন ছিলাম। শুধু দৌড় ছাড়া আর সব খেলা খেলেছি। তখনকার মেয়েদের খেলাধুলা কেমন ছিল?জিনাত: সব ইভেন্টই ছিল, কিন্তু সংখ্যায় কম। তখন দু-তিনটি পরিবারের মেয়েরাই খেলত। সুফিয়া, হাসনা জাহান ডলি, ডলি ক্রুজ... কামরুন্নাহার থেকে আমরা আসতাম। আলিম ভাইয়ের বোনরাও খেলত, রক্ষণশীল বলে আলিম ভাই এসে ওদের নিয়ে যেতেন খেলার পর। মেয়েদের খেলাধুলার সুযোগসুবিধা এখন বেড়েছে, তবে এটাও অপ্রতুল। স্মরণীয় কোনো ঘটনা মনে আসছে?জিনাত: ব্যাডমিন্টনে চ্যাাম্পিয়ন হয়ে কোর্ট থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক কামরুজ্জামান সাহেব হেসে হেসে বললেন, ‘মোটা মেয়েটা চ্যাম্পিয়ন হয়ে গেল।’ আমি একটু মোটা হওয়ায় কথাটা বলেছিলেন তিনি। আমি চোখ নামিয়ে হেঁটে এসে গ্যালারিতে বসলাম। কথাটা ভুলিনি। পরে অনেকবারই জিজ্ঞেস করেছি জামান ভাইকে, ‘ওই কথাটা আপনার মনে আছে জামান ভাই?’ তখন আপনি কয় ফুট লাফাতেন হাইজাম্পে?জিনাত: চার ফুটের নিচে। মজার ঘটনা বলি, ১৯৪৯ সালে কলকাতায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে পড়তাম। ওখানে তখন হাইজাম্পে সেরা নীলিমা দি। একদিন আমাদের টিচার বললেন, তুই যদি নীলিমার সঙ্গে কথা বলতে পারিস, তোকে গরম গরম রসগোল্লা খাওয়াব। পরে সুযোগ হয়েছে কথা বলার। উনি চার ফুট লাফাতেন। খেলাধুলা করতে কোনো সমস্যায় পড়েননি?জিনাত: গেন্ডারিয়া, ওয়ারী তখন অভিজাত এলাকা। আমার খেলতে আসার পথে ছেলেরা টিজ করত। কেউ ঝিল্লি...গিল্লি কী কী সব বলত। কেয়ার করতাম না। পরের দিকে আমার বোনের পিয়নকে নিয়ে যেতাম। ওই পিয়ন ওদের বলত, ওকে কিছু বলবি না। ও তোদের জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে, হা...হা...হা।