‘দুঃখটা বেশি যেভাবে হেরেছি সে কারণে’
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খারাপ করার পর আপনার ইন্টারভিউ করেছিলাম। এখন ভালো করার পর ইন্টারভিউ না করলে তো অন্যায় হয়ে যায়! বলুন, কেমন লাগছে?সাকিব আল হাসান: ব্যক্তিগতভাবে তো ভালোই। তবে দুঃখ একটাই, কোয়ালিফাই করি বা না করি, ১৭৫ করার পর ম্যাচটা এমন হওয়া উচিত ছিল যে শেষ ৪-৫ ওভারে তা যেকোনো দিকে যেতে পারে। অথচ আমরা যেন কখনোই ম্যাচে ছিলাম না! এটা খুব খারাপ লেগেছে। হতাশার স্কেলে এই খারাপ লাগাটা দশের মধ্যে কত? বুঝিয়ে বলি, যদি এশিয়া কাপ ফাইনালে হারটা দশে দশ হয়, এটা কত?সাকিব: ছয়...সেটা হারার জন্য না, ওই যে বললাম, যেভাবে হেরেছি সেই কারণে। ৫৪ বলে ৮৪ আপনার তো সর্বোচ্চই, টি-টোয়েন্টিতে বাংলাদেশেরও সর্বোচ্চ। তবে এটাই কি টি-টোয়েন্টিতে আপনার সেরা ইনিংস?সাকিব: অবশ্যই। কোনো প্রশ্নই নেই। যখন ব্যাট করতে নামলেন, প্ল্যানটা কী ছিল?সাকিব: টি-টোয়েন্টিতে আমি সাধারণত খুব প্ল্যান করে ব্যাটিং করি না। তবে প্রথম ম্যাচটার পর থেকেই ভাবছিলাম, আমি আমার স্বাভাবিক ব্যাটিং করলেও স্ট্রাইক রেট ১১০-২০ থাকবে। জোর করে কিছু করার দরকার নাই। পরে যখন আত্মবিশ্বাসটা বেড়েছে, তখন আমার সব শটগুলো খেলেছি। এই ম্যাচের আগের দিন প্র্যাকটিসে গেলেন না, সেটা কী ভেবে?সাকিব: খুব যে কোনো কারণ ছিল, এমন না। সকালবেলা সবার সঙ্গে পুল-টুল খেললাম, তার পর বসে আছি, হঠাৎ দেখি ঝিমঝিম লাগছে। একটু টায়ার্ড-টায়ার্ড, মনে হলো ধুর, এক দিন প্র্যাকটিস করে তো আর ডন ব্র্যাডম্যান হয়ে যাব না (হাসি)...এর চেয়ে রেস্ট নিলে মাঠে এনার্জিটা কাজে লাগবে। ওই ঝিমঝিম ভাবটা কেন, সেটি কি খুব চাপ অনুভব করছিলেন বলে...নাকি নিজের মতো করে একটু ভাবার জন্য রুমে একলা থেকে যাওয়া?সাকিব: না, না, অমন কিছুই নয়। মনে হলো, রেস্ট নিলে ভালো লাগবে তা-ই। ইচ্ছা হলো প্র্যাকটিসে গেলাম না, এই স্বাধীনতাটা কি দলে শুধু আপনিই পান?সাকিব: না। আসলে এমন খুব কমই হয়েছে যে আমি ম্যাচের আগের দিন প্র্যাকটিস করিনি। ম্যাচের আগের দিন আমি কমপক্ষে ১০ মিনিট নেটে ব্যাটিং করি। ওই জন্য হলেও প্র্যাকটিসে যাই। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে কি তাহলে এই প্রথম গেলেন না?সাকিব: এর আগেও দু-একবার যাইনি। তবে এমন বিনা কারণে না। হয় শরীর খারাপ ছিল বা ব্যাক টু ব্যাক ম্যাচ ছিল, আগের ম্যাচে হয়তো অনেকক্ষণ ব্যাটিং বা বোলিং করেছি। কোনো কারণ ছাড়াই এই প্রথম গেলাম না। একটায় বাস ছাড়বে, সাড়ে ১২টায় ডিসাইড করেছি, আমি যাব না। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আপনাকে দেখে খুব দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছিল। এ ম্যাচটাকে কি ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন?সাকিব: প্রথম ম্যাচটা খারাপ হওয়ার পর খুব খারাপ লেগেছিল। টিম খারাপ করেছে, নিজেও খারাপ করেছি। আমার মনে হয়, আমাদের দলে কিছু প্লেয়ার আছে যাদের পারফরম্যান্স পুরো দলকে খুব এফেক্ট করে। ওই দিক থেকে, তার ওপর নিজের একটা প্রত্যাশা আছে...সবকিছু মিলিয়ে খুব খারাপ লেগেছিল। প্রশ্নটা যদি এভাবে করি, এ ম্যাচটায় ভালো করার জন্য বাড়তি কোনো প্রতিজ্ঞা ছিল কি না?সাকিব: ঠিক তেমন কিছু নয়। তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে জিনিসটা আলাদা ছিল। সেটা আমি ফিল করছিলাম। আমি ব্যাটিং করে ফেরার পর রাজ ভাই-ও (রাজ্জাক) বললেন, আশরাফুল ভাই আউট হয়ে যাওয়ার পর আমি যখন নামছি, উনি ফরহাদ রেজা না সানিকে নাকি বলেছেন, দেখিস, আজ ও রান করবে। কিছু কিছু জিনিস থাকে, যেগুলো থাকলে আমি বেশির ভাগ সময় ভালো খেলি। ওই জিনিসগুলো না থাকলে বেশির ভাগ সময় ভালো খেলি না। ওই ‘জিনিসগুলো’ কী? ওগুলো কি দেখা যায়, নাকি মনের কোনো ফিলিংস?সাকিব: মনের। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি তো বিরাট ব্যাপার। সেঞ্চুরির কথা কি কখনো মনে হয়েছিল?সাকিব: লাস্ট ওভারে। ওভার শুরুর আগে আমি নাসিরকে বলেছি, প্রথম বা দ্বিতীয় বলে যদি আমি বাউন্ডারি মারতে পারি তো কেউ আমার সেঞ্চুরি ঠেকাতে পারবে না। যে বলটায় আউট হয়েছি, ওটা কাভারের ওপর দিয়ে মারতে চেয়েছিলাম, সোজা গেছে। বলটা এমন জায়গায় ছিল যে আমি ছয় মারতে চাইলে ছয়ই হতো। আমি তো মারি নাই, শুধু তুলে দিয়েছি। ওইটা চার হলে হান্ড্রেড হয়ে যেত, কেউ ঠেকাতে পারত না। বোলিংয়ের সময় মিস ফিল্ডিংয়ে ভীষণ রেগে গেলেন...ওভার শেষে ক্যাপ ছুড়ে মারলেন...এটা কি এই ভেবে যে এত ভালো একটা ইনিংস খেললাম, তার পরও এভাবে হেরে যাচ্ছি...সাকিব: বললাম তো, যেভাবে হেরেছি এটা আমার পছন্দ হয় নাই। আমরা ১৭৫ করেছি, আমাদের তো টগবগ করার কথা। আমরা কমপক্ষে ১৫টা রান ফিল্ডিংয়ে সেভ করতে পারতাম। সাধারণ কিছু জিনিস থাকে। যেদিকে মাঠটা বড়, সেখানে ১০ গজ ভেতরে দাঁড়াতে হবে...এটা তো প্রতি বলে আমি বা ক্যাপ্টেন বলে দিতে পারব না। এটা তো কমন সেন্স। এই জিনিসগুলো খুব বিরক্ত করে। তার পর ধরেন, দেখছি একটা বল চার হয়ে যাচ্ছে, অথচ ফিল্ডার ডাইভ দিচ্ছে না। হয়তো ডাইভ দিয়েও বল পেত না, কিন্তু একজন ডাইভ দিলে আরেকজন ভাবে, ও পুরোটা দিচ্ছে, উৎসাহটা বাড়ে। যখন একজন দেখবে অন্য কেউ পুরোটা দিচ্ছে না, তাঁর পাশ দিয়ে বল যাওয়ার সময়ও সে পাশে পাশে দৌড়াবে, ডাইভ দেবে না। সবার কাছ থেকে এই জিনিসগুলো আমি চাই। যখন ক্যাপ্টেন ছিলাম, তখনো চেয়েছি। এখন ক্যাপ্টেন নাই, এখনো চাই। আমার মনে হয়, যত দিন খেলব, তত দিনই চাইব। আমরা সবকিছু ঠিক করে যদি হারতাম, আমার কষ্ট কম হতো। তখন ভাবতাম, কাগজে-কলমে ওরা আমাদের চেয়ে বেটার টিম, বেটার খেলেছে, আমরা হেরেছি। তাতে হয়তো খারাপ লাগাটা দশে দুই হতো, এখন ছয় হয়ে যাচ্ছে। যদি সুযোগ থাকত, বাংলাদেশের এই টি-টোয়েন্টি দলে কী যোগ করতে চাইতেন? সেটি নির্দিষ্ট ধরনের কোনো খেলোয়াড় হোক বা কোনো মানসিকতার পরিবর্তন...সাকিব: অনেক কিছু আছে। একটা ডেল স্টেইন-মরনে মরকেল টাইপের একটা ফাস্ট বোলার...ধরেন ডেল স্টেইনই। কয়েকটা ব্রিলিয়াল্ট ফিল্ডার...আমাদের ভালো ফিল্ডার আছে, আমি বলছি ব্রিলিয়ান্ট ফিল্ডারের কথা...যেমন ধরেন জন্টি রোডস, এবি ডি ভিলিয়ার্স, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক...একাই যেন চার-পাঁচটার সমান। আমরা ভালো স্পিনার, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস একটা স্পিনার চাই। সেই ওয়ার্ল্ড ক্লাস স্পিনারটা আপনি হতে পারেন না? সাকিব: না, আমি ভালো স্পিনার, ওয়ার্ল্ড ক্লাস না। হওয়া কি সম্ভব নয়? নাকি তা হতে জন্মগত কিছু লাগে?সাকিব: প্রতিভার একটা ব্যাপার তো থাকেই। যেমন ধরেন, আমি তো চাইলেই আজমল হতে পারব না। চাইলেও মেন্ডিসের মতো বল করতে পারব না। আমি বিশ্বাস করি, খুব চেষ্টা করলে সোয়ানের মতো বোলার হতে পারব। কিন্তু তখন আমার ব্যাটিংয়ে স্যাক্রিফাইস করতে হবে। এমন বড় আসরে এসে তো দেশের ক্রিকেটের সামগ্রিক অনেক কিছু আলোচনায় চলে আসে। বিশেষ কিছু কি কখনো মনে হচ্ছে আপনার?সাকিব: আমার শুধু মনে হয়, আমাদের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার খুব অভাব। এই যে টিভিতে ইরানি ট্রফি দেখছি, রেস্ট অব ইন্ডিয়ার সব ব্যাটসম্যানই বলতে গেলে সেঞ্চুরি করছে। দলে যারা আছে, তাদের ওপর চাপ তৈরি করছে। আমাদের দেশে ওটা কই? আমাদের বাঁহাতি স্পিনাররা বেশি খাটে, কারণ ওরা জানে দেশে অনেক বাঁহাতি স্পিনার আছে। আমাদের দেশেই যদি আমার মতো আরেকটা প্লেয়ার থাকত যে আমার মতোই পারফর্ম করছে, তখন আমাদের দুজনের পারফরম্যান্সই আরও ভালো হতো। মনোজ তিওয়ারির ঘটনা দেখেন না, সেঞ্চুরি করার পর ১০ ম্যাচ বাইরে বসে থাকল। আমাদের দেশে কেউ সেঞ্চুরি করলে তো নিশ্চিন্তে ম্যাচের পর ম্যাচ খেলে যেত। আপনি যত কিছুই বলেন, ধরে পেটান, এই কম্পিটিশনটা না থাকলে ভেতর থেকে ওই তাগিদটা আসবে না। সাঈদ আজমল সেদিন বলছিল, দুসরা শেখার জন্য টানা চার মাস ও বল করে গেছে, ওর বউ বল ফেরত দিয়ে গেছে। আমাদের দেশে কে এমন করে? সেদিন ও সাকলায়েনের সঙ্গে কথা বলল, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলায় আমলাকে কীভাবে বল করবে জানতে চেয়ে। আমিও বসে বসে শুনলাম। হরভজন আর অশ্বিনের ঘটনা দেখেন না, অশ্বিন প্রতি ম্যাচেই ভালো করতে চেয়েছে, কারণ ও জানে হরভজন বাইরে বসে আছে। এখন হরভজন ফিরেছে, ওরা দুজনই আরও ভালো খেলবে। আমাদের দেশে এই প্রতিদ্বন্দ্বিতাটার খুব অভাব। এটার কারণ কী?সাকিব: এটা বলতে গেলে অনেক কিছু আসবে। আজ এটুকুই থাক।