‘দুঃখিত, শ্রীলঙ্কা! বিশ্বকাপটা আমাদেরই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেই শিরোপাজয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে উইন্ডিজের সামনে। গতকাল অস্ট্রেলিয়াকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্যারিবীয়রা। আগামীকাল রোববার তারা মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। ফাইনাল পর্যন্ত এসে শিরোপাটা হাতছাড়া করতে কোনোভাবেই রাজি নন ক্রিস গেইল। এবারের বিশ্বকাপটা যে ওয়েস্ট ইন্ডিজের ঘরেই যাবে, সেটা খুব জোরের সঙ্গেই বলেছেন মারমুখী এই উদ্বোধনী ব্যাটসম্যান। আর, স্বাগতিক শ্রীলঙ্কার জন্য আগাম দুঃখ প্রকাশও করেছেন গেইল।গতকাল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের মূল নায়ক ছিলেন ক্রিস গেইল। তাঁর ৪১ বলে ৭৫ রানের ইনিংসটির সুবাদেই এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর শিরোপাজয়ের শেষ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ যে শ্রীলঙ্কাকেও হারের স্বাদ দেবে, সেটা বেশ জোরের সঙ্গে জানিয়েছেন গেইল। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এবারের শিরোপাটা নিশ্চিতভাবে আমাদের হাতেই উঠবে। আমরা শ্রীলঙ্কাকে খুবই ভালোবাসি। কিন্তু তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এবারের শিরোপাটা আমাদেরই হবে। ফাইনাল ম্যাচটা খুবই ভালো হবে। কিন্তু শীর্ষে আমরাই থাকব।’আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিততে হলে ক্রিস গেইলকেই নিষ্ক্রিয় করে রাখতে হবে স্বাগতিক শ্রীলঙ্কাকে। এবারের টুর্নামেন্টে যে দুর্দান্ত ফর্মে আছেন এই বাঁহাতি ওপেনার। পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২১৯ রান, যার মধ্যে আছে তিনটি অর্ধশতকের ইনিংস। আর নিজের দিনে গেইল যে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা গতকালের সেমিফাইনালে অস্ট্রেলিয়া বেশ ভালোই টের পেয়েছে। এখন নিজেদের মাটিতে শিরোপাজয়ের স্বপ্ন সফল করতে হলে গেইলের কথা আলাদাভাবেই ভাবতে হবে লঙ্কানদের।—ইএসপিএন।