‘দুঃখী’ রোনালদোকে খোঁচা
প্রথমে টিটো ভিলানোভাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকেরা। ভিলানোভা প্রশ্নটি উড়িয়ে দিয়েছেন এই বলে, ‘নিজের সমস্যা নিয়েই বাঁচি না, অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামাব কখন।’ কার্লেস রেক্সাসের এই সমস্যা নেই। অন্যের সমস্যা নিয়ে মাথা ঘামানোর যথেষ্ট সময় আছে বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় ও কোচের হাতে। রেক্সাস মনে করেন, কোনো কিছু নিয়ে অভিযোগ জানানোর কিছু নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। একজন ফুটবলার যে ধরনের জীবনের স্বপ্ন দেখেন, রোনালদোর কাছে তার প্রায় সবকিছুই আছে। রোনালদোর দুঃখ স্রেফ দুঃখবিলাস, পরোক্ষে এমন খোঁচা দিয়ে রেক্সাস বলেছেন, নিজের ‘দুঃখ’ নিয়ে এভাবে মন্তব্য করা ঠিক হয়নি তাঁর।রিয়ালের সবচেয়ে বড় সম্পদ তাঁর এই ‘দুঃখে’র দিনে অন্তত রেক্সাসের সহানুভূতি পাচ্ছেন না। টিটকারির সুরে রেক্সাস বলেছেন, ‘যদি ক্রিস্টিয়ানো দুঃখী হয়, মানুষের তো তাহলে উচিত হবে রাস্তায় নেমে কান্নাকাটি করা।’ রোনালদোকে কিছু কথা মনে করিয়েও দিয়েছেন তিনি, ‘জীবন থেকে আর বেশি কিছু চাইতে পারে না রোনালদো। ও সেরা খেলোয়াড়, ওর সবকিছুই আছে। শারীরিকভাবে ও ফিট, টাকা আছে, সাফল্য আছে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। জানি না, ও আর কী চায়। তার মতো একজনের দুঃখী হওয়া তো ধর্মদ্রোহের মতো একটা ব্যাপার।’ রিয়াল মাদ্রিদকে টালমাটাল করে তোলার অভিযোগও উঠছে রোনালদোর বিরুদ্ধে। তবে সতীর্থদের অনেকেই তাঁর প্রতি প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়েছেন। এঁদেরই একজন আলভারো আরবেলোয়া যেমন মনে করেন, রোনালদোর মুখ ফসকে বের হওয়া ছোট্ট একটা কথাই ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে সংবাদমাধ্যম। টাকার জন্য রোনালদো এমনটা করছেন বলেও মনে হয় না তাঁর, ‘আমি ওকে কখনোই টাকা-পয়সা কিংবা লম্বা চুক্তি কিংবা ও চলে যেতে চায় এমন কিছু নিয়ে কথা বলতে শুনিনি। আমার মনে হয়, ও এখানে আরও অনেক বছর থেকে যাবে।’কাকাও পাশে দাঁড়িয়েছেন রোনালদোর, ‘ও মাদ্রিদের প্রধান খেলোয়াড়। ও জানে, দলের পুরো সমর্থন ওর সঙ্গে আছে।’ অবশ্য জাবি আলোনসো ও গঞ্জালো হিগুয়েইন একটু অন্যরকম মন্তব্য করেছেন। ‘দার্শনিক’ জাবি বলেছেন, কে সুখী আর কে দুঃখী, এটা ওই ব্যক্তি ছাড়া কেউই জানে না! রয়টার্স, ওয়েবসাইট।